Ajker Patrika

মাঠেই ক্রিকেটারদের শারদীয় উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও রাজশাহী
মাঠেই ক্রিকেটারদের শারদীয় উৎসব
শুভাগত হোম ও সৌম্য সরকার। ছবি: সংগৃহীত

চলছে শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে সরকারি টানা পাঁচ দিনের ছুটি চলছে। তবে ছুটি নেই জাতীয় ক্রিকেট লিগ খেলা শুভাগত-প্রীতমদের। উৎসবের এই সময়ে পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ছেড়ে তাঁদের ব্যস্ততা ক্রিকেট মাঠে।

গতকাল দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন ময়মনসিংহ বিভাগের অভিজ্ঞ অলরাউন্ডার শুভাগত হোম। কক্সবাজারে ঢাকার বিপক্ষে ৭১ রান করার পথে ৭ হাজার রান পূর্ণ করেছেন শুভাগত। তাতে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ হয়ে গেছে ৩৯ বছর বয়সী অলরাউন্ডারের। যেটি তাঁর কাছে একপ্রকার ‘শারদীয় উপহার’ হয়ে এসেছে।

অনেক সময় ক্রিকেটে ধর্মীয় উৎসবের দিনেও ম্যাচ পড়ে যায়। বাংলাদেশ দলের কত ম্যাচ হয়েছে ঈদের দিনে। কিন্তু অধিকাংশই দেশের বাইরে। দেশে ঈদের সময়ে আন্তর্জাতিক কেন, ঘরোয়া ক্রিকেটের ম্যাচও সাধারণত আয়োজন করা হয় না। পূজার সময়ে অবশ্য এটা দেখা যায় না সেভাবে। শুভাগতদের তাই উৎসব বিসর্জন দিয়ে ব্যস্ত থাকতে হয় ক্রিকেট নিয়ে। শুভাগত কাল আজকের পত্রিকাকে বলছিলেন, ‘টেরই পাই না কখন পূজা আসে, কখন চলে যায়। একটু তো খারাপ লাগেই। বাড়িতে যেহেতু পূজা হয়...পরিবার তো আশা করে তাদের সঙ্গে থাকব। হয় না আর কি! মনে হয় আমার ক্রিকেট ক্যারিয়ারে দুই বা তিন বছর পূজার সময়ে পরিবারের সঙ্গে কাটাতে পেরেছি। স্যাক্রিফাইস তো করতেই হয়। মানসিকভাবে শক্ত থাকতে হয়।’

রাজশাহী দলের অধিনায়ক প্রীতম কুমারেরও একই কথা। পেশাদার ক্রিকেটে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। উৎসবের সময়ে তাঁর ম্যাচ পড়েছে রাজশাহীতেই। বরিশাল বিভাগের বিপক্ষে খেলছে রাজশাহী। গতকাল সোমবার খেলা শেষে প্রীতম বললেন, ‘আমার উৎসব মোটামুটি মাঠেই। এটা আসলে নতুন কিছু না। এর আগেও এমন হয়েছে।’

পূজার সময় খেলার সূচি নিয়ে শুভাগত-প্রীতমদের অভিযোগ নেই; বরং বাংলাদেশের আবহাওয়ার বাস্তবতায় এ সময়কে ক্রিকেটের জন্য উপযুক্ত বলে মনে করেন তাঁরা। শুভাগত বলেন, ‘বৃষ্টির পরই আমাদের সিজন শুরু হয়। দেরি করলে পরে গরম থাকে।’ আর প্রীতম বললেন, ‘এই সময়টা ক্রিকেট খেলার জন্য সবচেয়ে ভালো। সূচি এদিক-সেদিক হলে লিগ আয়োজন কঠিন হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত