শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বেরিয়ে এলেন ‘রয়্যালস হেরিটেজ’ লেখা সাদা টি-শার্ট পরে। প্রিয় খেলোয়াড় লিওনেল মেসিকেও এই ব্র্যান্ডেরই টি-শার্টে দেখা গিয়েছিল একাধিকবার। মাথায় ‘হুগো বস’ ব্র্যান্ডের ক্যাপ। সাকিব আল হাসান বসই তো!
পরিবারের একাধিক সদস্য হাসপাতালে ভর্তি। উদ্বেগ-উৎকণ্ঠা মনের এক কোণে রেখে তবু থেকে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। দলের জন্য তাঁর আত্মত্যাগ হয়েছে সার্থক। সেঞ্চুরিয়নে গতকাল রাতে ইতিহাস গড়ার মুহূর্তটা এসেছে সাকিবেরই ব্যাটে। চার মেরে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দেওয়ার পর সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। এরপরই রওনা হয়েছেন দেশের উদ্দেশে।
জোহানেসবার্গ থেকে কাতারের রাজধানী দোহা হয়ে আজ রাত ১০টায় ঢাকায় এসে পৌঁছাতেই সাকিবকে মৌমাছির মতো ঘিরে ফেললেন সাংবাদিকেরা।
নিজের ৩৫ তম জন্মদিনের রাতে প্রিয়জনদের কাছে ফেরার আগেই সাকিব সংবাদমাধ্যমকে জানালেন তাঁর প্রতিক্রিয়া, ‘খুবই ভালো লাগছে। প্রথমবার যেকোনো কিছু হলেই ভালো। দেশের বাইরে এমন কন্ডিশন পেয়েছি, যা আমাদের প্রতিকূলে ছিল না। সেখানে সিরিজ জিততে পারা দারুণ ব্যাপার।’
এখন আরও বড় স্বপ্ন দেখছেন সাকিব, ‘এভাবে জিততে থাকলে মনে হয় ২০২৩ বিশ্বকাপও জেতা সম্ভব। তবে হারতে থাকলে উল্টো চিন্তা মাথা আসবে।’
সিরিজ জয়ের রহস্য ও দলের পরিকল্পনা কাউকে জানাতে চান না সাকিব, ‘খেলোয়াড় থেকে কোচিং স্টাফ—সবারই অবদান ছিল। ম্যাচ নিয়ে পরিকল্পনা দলের ভেতরকার বিষয়। এগুলো বাইরে আনতে চাই না। সবাই ভালো করেছে। এটা স্বস্তির ব্যাপার।’
বাংলাদেশের সাবেক দুই প্রোটিয়া ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ও অ্যাশওয়েল প্রিন্সকেও কৃতিত্ব দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার, ‘দলের বেশির ভাগই দক্ষিণ আফ্রিকান কোচ। নিজেদের দেশ সম্পর্কে তাঁদের ভালো জানাশোনা ও সুস্পষ্ট ধারণা আছে। ওরা যে পরিকল্পনাগুলো আমাদের শেয়ার করেছে, স্বাভাবিকভাবেই সেসব কাজে লেগেছে। ম্যাকেঞ্জি-প্রিন্সও আমাদের সঙ্গে আগে কাজ করেছেন। ওদের ড্রেসিং রুমের চিন্তা-ভাবনাগুলো আমরা তাঁদের মাধ্যমে জানতে পেরেছি।’
পেস-সতীর্থদের পারফরম্যান্স নিয়ে বেশ তৃপ্ত সাকিব, ‘আমাদের পেস বোলাররা বেশ কিছু দিন হলো ভালো বোলিং করছে। যে কারণে আমরা নিউজিল্যান্ডেও টেস্ট জিততে পেরেছিলাম। ওদের ওপর টিম ম্যানেজমেন্টের আস্থা বেড়েছে। ওরাও প্রতিদান দিচ্ছে। তাসকিনের কথা আলাদা করে বলতে হয়। ও অনেক উন্নতি করেছে।’
দক্ষিণ আফ্রিকার শীর্ষ ক্রিকেটাররা টেস্ট সিরিজের বদলে আইপিএলের কাঁড়ি কাঁড়ি টাকার সাগরে ডুব দিতে চলেছেন। লাল বলের ক্রিকেটে তাই খর্ব শক্তির দল নিয়ে মাঠে নামতে হচ্ছে প্রোটিয়াদের। ব্যাপারটা আশাবাদী করে তুলছে সাকিবকে, ‘টেস্ট সিরিজ ভীষণ চ্যালেঞ্জিং হবে। টেস্টে স্বাগতিকেরা কন্ডিশনের সুবিধা বেশি পায়। তবে ওদের মূল দলের কয়েকজন খেলোয়াড় থাকছে না। আমরা আশাবাদী হতেই পারি।’
জরুরি ভিত্তিতে ফিরে এলেও পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা বুঝে আবার দক্ষিণ আফ্রিকায় যেতে পারেন সাকিব। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেন তিনি। তবে ৩১ মার্চ শুরু হতে যাওয়া টেস্টে সিরিজের প্রথম ম্যাচে না তাঁর খেলার সম্ভাবনা নেই।
গত কয়েক দিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা শিরিন আক্তার। একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। তারাও হাসপাতালে ভর্তি।

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
৩ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
৩ ঘণ্টা আগে