Ajker Patrika

দল নির্বাচন নিয়ে খেপলেন ইমরুল, ‘যথেষ্ট হয়েছে, আর না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৯: ১২
দল নির্বাচন নিয়ে খেপলেন ইমরুল, ‘যথেষ্ট হয়েছে, আর না’
দল নির্বাচন নিয়ে খেপলেন ইমরুল কায়েস। ছবি: কোলাজ

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছে দল। এমন পরিস্থিতিতে জাতীয় দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ব্যাটার ইমরুল কায়েস। তাঁর মতে, একাদশ বাছাইয়ে আবেগ কিংবা স্বজনপ্রীতির বদলে প্রাধান্য পাওয়া উচিত খেলোয়াড়দের যোগ্যতা ও পারফরম্যান্স।

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে চলমান ত্রিদেশীয় সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে পারফরম্যান্সে সেই প্রস্তুতির ছাপ মিলছে না। চোটের কারণে লিটন দাস ছিটকে যাওয়ায় তাওহীদ হৃদয়ের নেতৃত্বে খেলছে দল। আফগানিস্তানের বিপক্ষে আজ একাদশে তিনটি পরিবর্তন এনেও ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন দলে ফিরেছেন। অভিষেক হয়েছে স্পিনার আলিস আল ইসলামের। তাঁদের জায়গা করে দিতে একাদশের বাইরে থাকতে হয়েছে রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহানকে। দলের এই নাজুক পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন ১৩১ আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমরুল।

জাতীয় দল নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর জোর দিয়ে ইমরুল লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ক্রিকেট বোর্ডের উচিত সম্পূর্ণভাবে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে সেরা সম্ভাব্য একাদশ নির্বাচন করা।’

জাতীয় দলের গুরুত্ব বোঝাতে গিয়ে ইমরুল মনে করিয়ে দিয়েছেন, এই দল শুধু কয়েকজন ক্রিকেটারের নয়, পুরো দেশের প্রতিনিধিত্ব করে। ইমরুল বলেন, ‘ক্রিকেট একটি পুরো জাতির প্রতিনিধিত্ব করে এবং জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত বা স্বজনপ্রীতির কোনো স্থান থাকা উচিত নয়।’

পোস্টের শেষ দিকে নিজের অসন্তোষ আরও স্পষ্ট করেছেন সাবেক এই ব্যাটার। তাঁর বক্তব্য, ‘যথেষ্ট হয়েছে, আর না। এবার সময় এসেছে মেধা, ন্যায়পরায়ণতা এবং দেশের স্বার্থকে অন্য সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত