ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েই অসুস্থ নাঈম

তিন দিন ধরে ক্রিজে ছিলেন নাঈম আহম্মেদ। ব্যাট করেছেন ৪৬২ মিনিট, খেলেছেন ২৬৭ বল। তাতে এসেছে অপরাজিত ২০২ রানের দুর্দান্ত এক ইনিংস। প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার পর ফিল্ডিংয়ে নেমে অবশ্য বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি রাজশাহী বিভাগের এই ব্যাটার। অসুস্থ বোধ করায় তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পরে স্টেডিয়ামেই চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বেগজনক কিছু নেই।
মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় পর্বের তৃতীয় দিনের খেলা চলাকালে এ ঘটনা ঘটে। বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে নাঈমের অপরাজিত ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে রাজশাহী।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় লিগে এটিই কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটার ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পরই ইনিংস ঘোষণা করেন রাজশাহীর অধিনায়ক প্রিতম কুমার। এরপর ফিল্ডিংয়ে নামলেও দুই-এক ওভারের বেশি মাঠে থাকতে পারেননি নাঈম। অসুস্থ বোধ করায় তাঁকে ড্রেসিংরুমে ফিরিয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে বিশ্রামের পরামর্শ দেন।
সন্ধ্যায় রাজশাহী বিভাগের টিম ম্যানেজার তৌহিদ তারেক বলেন, ‘নাঈম তিন দিন ধরে ব্যাটিং করেছে। ফিল্ডিংয়ে নামলে দুই-এক ওভার পরই অসুস্থ বোধ করছিল। এ জন্য তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। স্টেডিয়ামেই চিকিৎসকেরা তাকে দেখেছেন। এখন সে ভালো আছে।’
নাঈমের অসুস্থতা নিয়ে উদ্বেগের কারণ নেই জানিয়ে তৌহিদ তারেক বলেন, ‘সিরিয়াস কিছু না। একটু জ্বর জ্বর করছিল। বমি বমি ভাব ছিল। ডাক্তাররা তাপমাত্রা মেপে দেখে বলেছেন উদ্বেগজনক কিছু নয়। এখন ভালো। টিমের সঙ্গে সে স্টেডিয়াম থেকে হোটেলে গেছে। বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে।’
রোববার বরিশালের বিপক্ষে ব্যাট করতে নেমে দিন শেষে ১৮ রানে অপরাজিত ছিলেন নাঈম। সোমবার দ্বিতীয় দিনের খেলা শেষে তাঁর রান ছিল ১৭৬। আজ তৃতীয় দিনে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত থাকেন ২০২ রানে। প্রথম দিন ২২ মিনিট, দ্বিতীয় দিন ৩৮৮ মিনিট এবং তৃতীয় দিন ৫২ মিনিট ব্যাট করেছেন তিনি। সব মিলিয়ে তিন দিনে ক্রিজে কাটিয়েছেন ৪৬২ মিনিট।
বয়সভিত্তিক ক্রিকেটে চাঁপাইনবাবগঞ্জ জেলার হয়ে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন নাঈম। পরে ভর্তি হন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)। গত বছর জাতীয় ক্রিকেট লিগে অভিষেক হয় তাঁর। দ্বিতীয় আসরেই ডাবল সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের জানান দিলেন তরুণ এই ব্যাটার।









