Ajker Patrika

ফাইনালের সমীকরণ কি মেলাতে পারবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইনালের সমীকরণ কি মেলাতে পারবে বাংলাদেশ
আজ ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ। ছবি: এসিবি

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে দুই ধাপ পিছিয়ে থাকা জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ। আজ বাঁচা-মরার লড়াইয়ে নিজেদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা আফগানিস্তানের সঙ্গে কী করবে বাংলাদেশ?

যা-ই করুক, ম্যাচের আগে বাংলাদেশের সামনে ফাইনালের কঠিন সমীকরণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের কাছে বাজে হার কন্টকময় করে তুলেছে ফাইনালের পথ। আজ শুধু আফগানিস্তানকে হারালেই চলবে না, হারতে হবে বড় ব্যবধানে। এরপর আসবে নেট রাননেটের হিসাব। তাতে সেরা দুইয়ের মধ্যে থাকলেই বাংলাদেশ খেলতে পারবে ফাইনাল।

ওয়ানডে ক্রিকেটে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো দলের বিপক্ষে সাফল্য পেয়েছে বাংলাদেশ। সে সাফল্যের দিকে তাকালে জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তান—কী আর এমন প্রতিপক্ষ! কিন্তু দেশের বাইরে তাদের বিপক্ষে খেলতেই খাবি খাওয়ার অবস্থা দলের। আবুধাবির যে উইকেটে জিম্বাবুয়ে তোলে ২৭১ রান, সেখানে বাংলাদেশ গুটিয়ে যায় ১৭২ রানে। এমন কেন হয়? লক্ষ্য তাড়ায় কেন এত বাজে পারফরম্যান্স? তার চেয়ে বড় কথা, এর সমাধানই-বা কী? তানজিদ হাসান তামিমের মতে বিদেশের মাঠে ভালো করতে হলে মানসিকতা, প্রস্তুতি ও দলীয় সমন্বয়ে পরিবর্তন আনতে হবে।

আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তানজিদ। এক প্রশ্নের জবাবে বললেন, ‘স্কিলের সমস্যা থাকলে আমরা ঘরের মাঠেও ভুগতাম। ঘরের মাঠে যেভাবে খেলি, একই মানসিকতা নিয়ে দেশের বাইরেও যদি খেলতে পারি, একই রকম প্রস্তুতি নিয়ে দল হিসেবে ভালো করতে পারি, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে।’

তাতে বড় স্কোরও তাড়া করে দল জিততে পারবে বলে বিশ্বাস তানজিদের। জাতীয় দলের এই ওপেনার বললেন, ‘আমরা যদি ৩০০-৩৫০ চিন্তা না করে ছোট ছোট লক্ষ্য ধরে খেলি, তাহলে আমার মনে হয় কাজটা সহজ হবে। আমাদের এভাবেই মানসিকতা তৈরি করতে হবে।’

প্রশ্ন হলো, দলীয় ক্রিকেটারদের সেই মানসিকতা তৈরি হবে কবে? জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর এখন আফগানদেরকেই বড় প্রতিপক্ষ মনে হচ্ছে! এমনিতেই আনপ্রেডিক্টেবল আফগানিস্তান। তার ওপর বাংলাদেশ আজ খেলবে ‘জিততেই হবে’ এমন চাপ নিয়ে। যার জিম্বাবুয়েকে হারিয়ে ৩.১৬০ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। -১.৯৮০ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বাংলাদেশকে ফাইনালে খেলতে হলে আজ আগে ব্যাট করলে ৪১ রানের ব্যবধানে জিততে হবে শীর্ষে থাকা আফগানিস্তানকে। আর আফগানিস্তান যদি আগে ব্যাট করে ৩০১ রান তোলে, তখন বাংলাদেশকে জিততে হবে ৪২.২ ওভারের মধ্যে। কিংবা আফগানিস্তান যদি ২৫১ কিংবা ১০১ রানের লক্ষ্য দেয়, তাহলে ৪১.৩ কিংবা ৩৭.২ ওভারের মধ্যে জিততে হবে তাওহীদ হৃদয়ের দলকে।

অর্থাৎ ফাইনালে উঠতে আজ শুধু আফগানিস্তানকে হারালেই হবে না, নেট রানরেটও এমনভাবে বাড়িয়ে নিতে হবে, যাতে ২ পয়েন্ট নিয়েও পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা নিশ্চিত হয়। আর সেটা নিশ্চিত করতে হলে তানজিদের ভাষায়, ‘আমাদের সবাইকে একসঙ্গে থেকে দল হিসেবে ভালো করতে হবে।’ তানজিদের এই চাওয়াটা দেশের ক্রিকেটপ্রেমীদেরও চাওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত