Ajker Patrika

‘মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝে না’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৩৭
‘মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝে না’
মেসি ও জিদান। ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মনে করেন জিনেদিন জিদান। শুধু তা-ই নয়, ৩৯ বছর বয়সেও এই ফরোয়ার্ড যেভাবে পারফর্ম করে চলেছেন, সেটিকে অবিশ্বাস্য বলে মনে হয় রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তির কাছে।

২০২৬ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মেসি। ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ৪৯ ম্যাচে করেছেন ৪৫ গোল, এ ছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩০ গোল। এলএমটেনের পারফরম্যান্সে এমএলএসের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। এরপর উত্তর আমেরিকার মাটিতে হওয়া বিশ্বকাপে আট গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি।

মেসির এই ধারাবাহিকতা মুগ্ধ করেছে ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা জিদানকে। মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে সেসব মুগ্ধতার কথাই জানিয়েছেন তিনি। জিদান বলেন, ‘আমি মেসিকে ১০০ বার ভোট দেব। আমার মনে হয়, মানুষ আসলেই বুঝতে পারে না, ৩৯ বছর বয়সেও বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হয়ে থাকা কতটা অবিশ্বাস্য।’

মেসির ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না জিদান। বরং তাঁর মতে, বিশ্বকাপজয়ী অধিনায়ক পুরস্কারটি জিতলে সেটি মোটেও বিস্ময়ের কিছু হবে না। একই সঙ্গে ফুটবলের সর্বকালের সেরা কে, এই বিতর্কেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

জিদান বলেন, ‘মেসি যদি পুরস্কারটি জেতে, আমি অবাক হব না। কেউ যদি এখনো সর্বকালের সেরার বিতর্ক নিয়ে সন্দেহে থাকে, সত্যি বলতে, সেই ব্যক্তির ফুটবল সমাজে থাকা উচিত নয়।’

আগামী ২৬ অক্টোবর লন্ডনে ব্যালন ডি’অরজয়ীর নাম ঘোষণা করবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ব্যালন ডি’অরের ৭০তম আসর এবার প্রথমবারের মতো প্যারিসের বাইরে হতে যাচ্ছে। মেসির দুর্দান্ত কাটা এ বছর শেষ পর্যন্ত তাঁকে আরও একটি ব্যালন ডি’অর এনে দেয় কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত