
সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রায়ই মুখোমুখি হলেও টেস্টে তেমন একটা দেখা যায় না। এ বছরের আগস্টে যে দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে, সেটাও ৯ বছর পর। তবে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে খেলা নিয়ে ক্রিকেটারদের মধ্যে আগ্রহ কম দেখা যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণেই এমন কিছুর আশঙ্কা করছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। এর আগে ২১ জুলাই শুরু হওয়া ‘দ্য হান্ড্রেড’ শেষ হবে ১৬ আগস্ট। ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টের সঙ্গে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কারণ, হান্ড্রেড খেলবেন নাকি বাংলাদেশ সিরিজ—তা নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মনে দ্বিধা কাজ করছে। সাম্প্রতিক এক পডকাস্টে কামিন্স বলেন, ‘অ্যাশেজ থাকলে স্বাভাবিকভাবেই সেখানে অনেকেই খেলতে চায়। তবে এবার দ্য হান্ড্রেডের সময়ই বাংলাদেশ সিরিজের দুটি টেস্ট রয়েছে। যারা টেস্টে খেলবে, তারা হান্ড্রেডের নিলাম থেকে সরে দাঁড়িয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ‘দ্য হান্ড্রেড’ থেকে মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারবেন না বলে মনে করেন কামিন্স। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বলেন, ‘আমাদের কয়েক জন ক্রিকেটার ২০ দিনের কাজের বিনিময়ে পাওয়া প্রায় ৫ লাখ পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে।বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতেই মূলত এমনটা করছে। এটা একটা দুশ্চিন্তার জায়গা মনে হচ্ছে।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মোটা অঙ্ক উপার্জন বাদ দিয়ে এখনো অস্ট্রেলিয়ার জার্সিতে খেলাকে প্রাধান্য দিচ্ছেন ক্রিকেটাররা। তবে এমনটা হয়তো খুব বেশি দিন চলবে বলে মনে করেন না কামিন্স। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বলেন, ‘আমাদের ক্রিকেটাররা এখনো অস্ট্রেলিয়ার হয়ে খেলতে এতটাই আগ্রহী যে তারা এই অর্থ (দ্য হান্ড্রেডের নিলাম থেকে প্রাপ্ত অর্থ) হাতছাড়া করতেও রাজি। তবে ভবিষ্যতেও যে একই পরিস্থিতি থাকবে, সেটা ধরে নেওয়ার সুযোগ নেই।’
৫ লাখ পাউন্ড ছেড়ে দেওয়ার ব্যাপারটা পুরোপুরি সঠিক নয়। কদিন আগে দ্য হান্ড্রেড নিলামে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আয় করা ক্রিকেটার ছিলেন টিম ডেভিড। তিনি পেয়েছেন ৩ লাখ ৫০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫ কোটি ৭২ লাখ টাকা। সর্বোচ্চ ৪ লাখ ৬৫ হাজার পাউন্ড (৭ কোটি ৬০ লাখ টাকা) পারিশ্রমিক পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ৪ লাখ পাউন্ডের বেশি পাওয়া তিন ক্রিকেটারের সবাই ইংল্যান্ডের।
অস্ট্রেলিয়ার পাঁচ টেস্ট তারকা—প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন ও ট্রাভিস হেড—আইপিএলে টিম ডেভিডের চেয়েও অনেক বেশি আয় করেন। তাঁদের আইপিএলে দাম বিবেচনায় দ্য হান্ড্রেড নিলামেও একই পারিশ্রমিক পেতে পারেন বলে আশা করা যায়।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট ম্যাকেতে শুরু হবে। দুই দল সবশেষ টেস্ট খেলতে ২০১৭ সালে। সেবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল। আর দুই দল সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। অ্যান্টিগায় বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে অস্ট্রেলিয়া ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে ২৮ রানে জিতেছিল।

রেকর্ড দামে বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই ফ্র্যাঞ্চাইজি বিক্রিতে ট্রান্সফার ফি বাবদ বিশাল অর্থ পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৪১ মিনিট আগে
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আলোচনায় এবারের পিএসএল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন, ছয় ভেন্যু থেকে দুই ভেন্যুতে নিয়ে আসা হয়েছে। শুরুর দিনও আলোচনা কম হয়নি। পাকিস্তানি পেসার নাসিম শাহর আইডি হ্যাক করে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া হয়েছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলা এখনো চলছে। প্রায় এক মাস ধরে চলমান এই যুদ্ধের পর কঠিন সিদ্ধান্ত নিল। যাদের সঙ্গে শত্রুভাবাপন্ন সম্পর্ক, সেসব দেশে ইরান তাদের অ্যাথলেটদের পাঠাবে না।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। ফ্রান্সের সময়ও কাটছে মাঠের ব্যস্ততায়। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখেই বাকি সতীর্থদের মতো কিলিয়ান এমবাপ্পেও পুরো মনোযোগ রাখছেন প্রস্তুতিতে। একই সঙ্গে ফ্রান্সের সেরা হওয়ার অপেক্ষায় এই ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে