Ajker Patrika

মন্ট্রিয়েলকে একাই উড়িয়ে দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৯: ৫৭
মন্ট্রিয়েলকে একাই উড়িয়ে দিলেন মেসি
একাই ৪ গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ছবি: সংগৃহীত

ব্যর্থতার চক্রে আটকা পড়েছিল ইন্টার মায়ামি। টানা পাঁচ ম্যাচ জয়হীন থেকে মন্ট্রিয়েলের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। অবশেষে দাপুটে জয়েই ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে এল ফ্লোরিডার ক্লাবটির; সেটা লিওনেল মেসির কল্যাণে।

মেজর লিগ সকারে (এমএলএস) মন্ট্রিয়েলকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে মায়ামি। নু স্টেডিয়ামে চেনা দর্শকদের সামনে একাই চারবার সফরকারীদের জালে বল পাঠান মেসি। এ ছাড়া একবার করে গোলের খাতায় নাম লেখান কাসেমিরো, লুইস সুয়ারেজ ও আলেক্সন্ডার শ।

বিশ্বকাপের পর থেকেই ছন্দ খুঁজে পাচ্ছিল না মায়ামি। সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল তারা। সেই হতাশার মাঝেই মন্ট্রিয়েলের বিপক্ষে মাঠে নামে মায়ামি। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

২০তম মিনিটে কাসেমিরোর গোলে এগিয়ে যায় মায়ামি। হেডে জালে বল পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার। মায়ামির হয়ে এটা তাঁর প্রথম গোল। এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মায়ামি। ৩৭তম মিনিটে বক্সের বাইরে থেকে ফাবিয়ান হার্বার্সের নিচু শটে সমতায় ফেরে মন্ট্রিয়েল।

বিরতির আগে মায়ামিকে এগিয়ে নেন মেসি। ৪০তম মিনিটে তাঁর নেওয়া নিচু ও বাঁকানো ফ্রি-কিক সরাসরি জালে জড়ায়। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন মেসি। ৫২তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন তারকা ফরোয়ার্ড। প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে পাস কাটিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন মেসি।

মায়ামির চতুর্থ গোলে সহায়তা করেন মেসি। তাঁর দুর্দান্ত উঁচু পাস ধরে গোল করেন সুয়ারেজ। ৮৩তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। রদ্রিগো দি পলের পাস থেকে এগিয়ে আসা গোলকিপারকে পরাস্ত করে চিপে বল জালে পাঠান আটবারের ব্যালন ডি’অরজয়ী।

৮৯তম মিনিটে মায়ামির হয়ে ষষ্ঠ গোলটা করেন বদলি হিসেবে নামা শ। যোগ করা সময়ের শেষ দিকে নিজের চতুর্থ এবং দলের হয়ে সপ্তম গোলটা করেন মেসি। বক্সের কিনারা থেকে ফ্রি-কিকে জালে বল জড়ান তিনি। ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের দুই নম্বরে উঠে এসেছে মায়ামি। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। আগামী ৬ সেপ্টেম্বর আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মায়ামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত