Ajker Patrika

‘বাংলাদেশ অবশ্যই আমাদের চাপে রাখবে’

ক্রীড়া ডেস্ক    
‘বাংলাদেশ অবশ্যই আমাদের চাপে রাখবে’
টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে বাভুমা। ছবি: সংগৃহীত

আগামী নভেম্বরে নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সে সিরিজের আগে বেশ সতর্ক দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশের বোলিং আক্রমণকে সমীহ করছেন তিনি। বাভুমার মতে, নাহিদ রানা, শরীফুল ইসলামরা তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে।

২০২৫ সালের জুনে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। নতুন চক্রে সেই শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ঘরের মাঠে ব্যস্ত সূচির অপেক্ষায় তারা। আগামী ৯ অক্টোবর ডারবানের কিংসমিডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে প্রোটিয়াদের নতুন অভিযান। পরের দুই টেস্ট হবে সেন্ট জর্জেস পার্ক ও কেপটাউনের নিউল্যান্ডসে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে, দ্বিতীয়টি সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে তারা।

ব্যস্ত সূচি সামনে রেখে নিজেদের প্রস্তুতির কথা জানাতে গিয়ে বাভুমা বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের বোলিং আক্রমণ ভালো এবং তারা অবশ্যই আমাদের চাপে রাখবে।’

শুধু বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষেও কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছেন বাভুমা। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখেছি, যেখানে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া হেরে গেছে। তবে আমি আশা করি, অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্য দেখাবে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতার পর বাড়তি চাপ অনুভব করছেন বাভুমা। তাঁর মতে, এখন প্রতিপক্ষ দলগুলো এক নম্বর দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাই করতে আরও বেশি মরিয়া থাকবে।

বাভুমা বলেন, ‘আমাদের ওপর টার্গেট আছে—এভাবে বললে যদি বলা যায়। এখন যারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে, তারা বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য পরীক্ষা করতে চাইবে। যদি কোনো চাপ থাকে, সেটা হলো সেই চাপের সঙ্গে মানিয়ে নেওয়া এবং তা সামলে নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত