Ajker Patrika

বিরোধী দল আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: ডিএসসিসি প্রশাসক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৮
বিরোধী দল আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: ডিএসসিসি প্রশাসক
রাজধানীর যাত্রাবাড়ী পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম। ছবি: আজকের পত্রিকা

জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দল আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী পার্কে আয়োজিত অনুষ্ঠানে আবদুস সালাম এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে কোনোভাবেই বেইমানি করা যাবে না। জুলাই যোদ্ধাদের স্মরণে যাত্রাবাড়ীতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি ছিল সব রাজনৈতিক দলের। এরই মধ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে এর কাজ শুরু হবে। তিনি বলেন, ‘এটা একটা ঐতিহাসিক জায়গা। স্বৈরাচারেরা কীভাবে আমাদের ওপর গুলি চালিয়েছে, তা আমরা এত তাড়াতাড়ি ভুলে যাইনি। অথচ যারা সংসদের বিরোধী দল, তারা আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।’

আবদুস সালাম বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে তাড়িয়ে গণতন্ত্রের পথে হাঁটা শুরু হয়েছে। এই যাত্রা ও অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যাত্রাবাড়ীর ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘এখানে আমাদের নেতা-কর্মী, সাধারণ মানুষ ও মাদ্রাসাশিক্ষার্থীদের রক্ত ঝরেছে। আমরা সেই রক্তের ত্যাগকে বৃথা যেতে দিতে পারি না।’

দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি করা যাবে না উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘যাঁরা দেশের সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা না করে লংমার্চ ও রোডমার্চের নামে উসকানি দিচ্ছেন, তাঁরা কি আবার সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চান?’

বিএনপি কখনো জনগণের সঙ্গে বেইমানি করেনি দাবি করে আবদুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সংকটময় সময়ে দেশের দায়িত্ব নিয়ে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। পরে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। সরকারকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা বিএনপি রাজপথে মোকাবিলা করবে উল্লেখ করে তিনি দলের নেতা-কর্মীদের প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকা-৪ ও ৫-এর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীউল্লা নবীসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত