
যুক্তরাজ্যের পরিবহন বিভাগের (ডিএফটি) সাম্প্রতিক নিরাপত্তা অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর এভিয়েশন নিরাপত্তা ব্যবস্থায় উন্নতির চিত্র উঠে এসেছে। এবারের মূল্যায়নে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৯৪ শতাংশ এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৮ শতাংশ স্কোর পেয়েছে। গত বছরের তুলনায় শাহজালালের স্কোর ১ শতাংশ এবং ওসমানীর ৪ শতাংশ পয়েন্ট বেড়েছে। কার্গো নিরাপত্তার অতিরিক্ত ব্যবস্থার মূল্যায়নেও শতভাগ কমপ্লায়েন্স অর্জন করেছে বাংলাদেশ।
যুক্তরাজ্যগামী যাত্রী ও কার্গোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার অংশ হিসেবে ডিএফটি এ অডিট পরিচালনা করে। এতে শাহজালাল ও ওসমানী বিমানবন্দরের যাত্রী, কার্গো ও মেইল নিরাপত্তাসহ এভিয়েশন নিরাপত্তার বিভিন্ন দিক মূল্যায়ন করা হয়।
বেবিচক জানিয়েছে, ২০২৫ সালের মূল্যায়নে শাহজালালের স্কোর ছিল ৯৩ শতাংশ এবং ওসমানীর ৯৪ শতাংশ। এক বছরের ব্যবধানে দুই বিমানবন্দরেই স্কোর বেড়েছে। বিশেষ করে ওসমানী বিমানবন্দরের উন্নতির হার বেশি।
কার্গো নিরাপত্তার ক্ষেত্রেও ইতিবাচক ফল এসেছে। কার্গো-সংক্রান্ত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ‘অ্যাডিশনাল মেজার্স অ্যাসেসমেন্ট’-এ শতভাগ কমপ্লায়েন্স অর্জিত হয়েছে। যাত্রী নিরাপত্তার পাশাপাশি কার্গো ও মেইল পরিবহনে নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের প্রতিফলন হিসেবে এ ফলাফলকে দেখছে বেবিচক।
বেবিচকের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক এই মূল্যায়নে অগ্রগতি বাংলাদেশের বিমানবন্দর নিরাপত্তাব্যবস্থার সক্ষমতা ও ধারাবাহিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সূচক। একই সঙ্গে যাত্রী, এয়ারলাইনস, ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারকসহ দেশি-বিদেশি অংশীজনের আস্থা বাড়াতে এ ফলাফল সহায়ক হতে পারে।
এদিকে বাংলাদেশ ২০১৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ ঝুঁকির কার্গো ও মেইল (এইচআরসিএম) ব্যবস্থার আওতায় অতিরিক্ত নিরাপত্তা শর্তের মুখোমুখি হচ্ছে। ফলে ইউরোপগামী কার্গো ও মেইলের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা, প্রক্রিয়াকরণ সময় ও ব্যয়ের প্রয়োজন হয়। বাংলাদেশ এই বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে তুলে ধরেছে। তবে ডিএফটি অডিটে ইতিবাচক ফল এবং কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স এইচআরসিএম বিধিনিষেধ প্রত্যাহারের পক্ষে সহায়ক তথ্য হলেও এর প্রত্যাহার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিজস্ব মূল্যায়ন ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার বিষয় বলে জানিয়েছে বেবিচক।
আসন্ন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম-কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ (ইউএসএপি-সিএমএ) অডিটের প্রস্তুতির ক্ষেত্রেও ডিএফটি অডিটের ফলাফলকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত নির্ধারিত এই অডিটে বেবিচকের সদর দপ্তর, শাহজালাল ও ওসমানী বিমানবন্দরের এভিয়েশন নিরাপত্তা ব্যবস্থাপনা ও বাস্তবায়ন কাঠামো মূল্যায়ন করা হবে।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল বলেন, এ অর্জনের পেছনে বেবিচকের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ, সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনের সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পুরো প্রক্রিয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধান এবং বেবিচক চেয়ারম্যানের দিকনির্দেশনাও গুরুত্বপূর্ণ ছিল।
আসিফ ইকবাল বলেন, বেবিচকের বিভিন্ন বিভাগের পারস্পরিক সহযোগিতা অডিটের প্রস্তুতি এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নে সহায়ক হয়েছে। একই সঙ্গে ডিএফটি অডিটের পর্যবেক্ষণগুলো আসন্ন আইকাও অডিটের আগে নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতা ও উন্নয়নের ক্ষেত্র চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। তিনি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এসব তথ্য জানান...
১ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মেঘনা-গোমতী সেতুতে টোল আদায়ে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ...
১ ঘণ্টা আগে
৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের বেশ কয়েকটি করে বই উপহার দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি ছিল প্রখ্যাত ইসরায়েলি ইতিহাসবিদ নোয়া হারারির লেখা বই ‘নেক্সাস’-এর বাংলা...
১ ঘণ্টা আগে
অপ্রাপ্তবয়স্কদের মোবাইল হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। একই সঙ্গে চুরি ও ছিনতাই হওয়া হ্যান্ডসেট শনাক্ত ও নিষ্ক্রিয় করতে আইএমইআই নম্বরভিত্তিক নিবন্ধন ও ট্র্যাকিং ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি জানিয়েছে...
১ ঘণ্টা আগে