
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা তুলে দিতে জাতীয় সংসদে দুটি সংশোধনী বিল উত্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পৃথকভাবে বিল দুটি উত্থাপন করেন। পরে এক দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার আইন দুটি পরিবর্তনের বিষয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ সংশোধনের জন্য আনা বিলে কমিশনের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছর বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ সংশোধনের জন্য আনা বিলে কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যপদে ৬৭ বছর বয়সসীমা-সংক্রান্ত অযোগ্যতার বিধান বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।
বিল দুটির উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পুঁজিবাজার ও বিমা খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দিতে আইনগুলো সময়োপযোগী করা প্রয়োজন। সংসদে উত্থাপনের পর বিল দুটি পরীক্ষার জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়। এক দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিল দুটি উত্থাপনের পর রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু করতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন প্রণয়ন কার্যাবলির মধ্যে ‘একটু ব্যত্যয়’ হয়েছে।
সালাহউদ্দিন বলেন, ‘অর্থমন্ত্রী যে বিলটা উত্থাপন করেছেন, এটা যদি অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করতে হয়, তো সেটা অন্য সিস্টেম। কিন্তু এখন একটা বিশেষ কমিটি আমাদের আছে, যেহেতু মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হয়নি।’ তিনি বলেন, বিল দুটি বিশেষ কমিটিতে পাঠালে তা সংসদের সম্পত্তি হিসেবে বিবেচিত হবে এবং প্রতিবেদন এলে পাসের জন্য প্রস্তাব করা যাবে।
এরপর স্পিকার অর্থমন্ত্রীকে বিলগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করতে বলেন। অর্থমন্ত্রী প্রথমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল, ২০২৬ বিশেষ কমিটিতে পাঠিয়ে আগামীকালের মধ্যে প্রতিবেদন দেওয়ার প্রস্তাব করেন।
‘কালকের মধ্যে রিপোর্ট অসম্ভব’—আপত্তি নাজিবুরের
বিএসইসি সংশোধন বিল এক দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বিশেষ কমিটিতে পাঠানোর পর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান সময় নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, ‘বিষয়টি তো বিশেষ কমিটিতে পাঠানো হলো। আজকে যদি বিশেষ কমিটির বৈঠক ডাকেন, তো এত স্বল্প নোটিশে বিশেষ কমিটি কখন বসবে, এটার ব্যাপারে কাগজ সরবরাহ করা হয়নি। এটা কখন পর্যালোচনা করবে, কালকের মধ্যে রিপোর্ট দেওয়া তো একটা অসম্ভব বিষয়।’ তিনি আরেক দিন সময় দেওয়ার প্রস্তাব করেন।
জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা যখন কালকে উত্থাপিত হবে, উনাদের বক্তব্য রাখার সুযোগ থাকবে।’ এরপর বীমা কর্তৃপক্ষ সংশোধন বিলও এক দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়।
বিএসইসি আইনে কী পরিবর্তন আসছে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল, ২০২৬-এ বিদ্যমান আইনের ৫ ধারার উপধারা ৬ সংশোধনের প্রস্তাব করা হয়েছে। যেখানে বলা হয়, কোনো ব্যক্তির বয়স ৬৫ বছর পূর্ণ হলে তিনি চেয়ারম্যান বা কমিশনার পদে নিয়োগের যোগ্য হবেন না বা ওই পদে বহাল থাকবেন না। সংসদে উত্থাপিত বিলে এই শর্তাংশ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ, বিলটি পাস হলে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগ বা পদে বহাল থাকার ক্ষেত্রে ৬৫ বছরের বয়সসীমা আর থাকবে না। বিলে বলা হয়েছে, ১৯৯৩ সালের আইনের ধারা ৫-এর উপধারা ৬-এর প্রান্তস্থিত কমা চিহ্নের পরিবর্তে দাঁড়ি চিহ্ন প্রতিস্থাপিত হবে এবং শর্তাংশ বিলুপ্ত হবে।
বীমা কর্তৃপক্ষ আইনে কী পরিবর্তন
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল, ২০২৬-এ বিদ্যমান আইনের ৭ ধারার উপধারা ৩ সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৭-এ চেয়ারম্যান ও সদস্য হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতার বিধান রয়েছে। বিদ্যমান আইনের ধারা ৭-এর উপধারা ৩-এর দফা ‘ছ’-এ বলা আছে, কোনো ব্যক্তির বয়স ৬৭ বছর পূর্ণ হলে তিনি চেয়ারম্যান বা সদস্য হওয়ার যোগ্য থাকবেন না। বিলে বলা হয়েছে, ধারা ৭-এর উপধারা ৩-এর দফা ‘ঙ’-এর শেষে থাকা সেমিকোলনের পর ‘বা’ শব্দ বসবে; দফা ‘চ’-এ থাকা ‘বা’-এর পরিবর্তে দাঁড়ি বসবে এবং দফা ‘ছ’ বিলুপ্ত হবে। এর ফলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যপদে ৬৭ বছরের বয়সসীমা বিলুপ্ত হবে।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৭ ঘণ্টা আগে