পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী, পৌঁছেছেন সৈয়দপুর

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে সারা দেশের একাধিক পূজামণ্ডপ পরিদর্শনে এক ব্যস্ত দিন কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে ঢাকা থেকে বিমানে রংপুর পৌঁছেন তিনি।
মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানটি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সড়কপথে রংপুর যাওয়ার কথা রয়েছে তাঁর।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীর নামক স্থানে দুটি সংক্ষিপ্ত পথসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরবর্তীতে তিনি রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সেখানে উপস্থিত ভক্ত ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এর আগে সকালে রাজধানী ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বাহিনীর একটি বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ঢাকা ছাড়ার আগে তিনি রাজধানীর মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজকের এই সফর সূচিতে তিন বিভাগীয় শহরের একাধিক পূজামণ্ডপ অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রংপুর সফর শেষ করে প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন। ১টা ১৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছে সেখানকার একটি মন্দিরে আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।
পরবর্তীতে বেলা ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।
রাজশাহীর কর্মসূচি শেষে বিকেল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
দিনভর তিনটি বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনের সময়সূচি সম্পন্ন করে রাত ৯টা ১৫ মিনিটে ঢাকায় তেজগাঁও বিমানবন্দরে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আজ মঙ্গলবার দুর্গোৎসবের মহানবমী উদ্যাপিত হচ্ছে। পরদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব।









