প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: ‘কৌশলগত অংশীদারত্ব’ আরও জোরদারের আশা টোকিওর

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মাধ্যমে ঢাকা-টোকিওর মধ্যে বিদ্যমান ‘কৌশলগত অংশীদারত্ব’ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে জাপান। পাশাপাশি, স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা বাড়ানো এবং হালনাগাদ ‘মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয়’ (এফওআইপি) কৌশল বাস্তবায়নে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
আজ মঙ্গলবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছে। আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের এই সরকারি সফরে তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন। জাপানে অবস্থানকালে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন এবং তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।’
এতে আরও বলা হয়েছে, ‘জাপানের গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার বাংলাদেশ। দুই দেশই স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধ ও নীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ‘কৌশলগত অংশীদারত্ব’ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, হালনাগাদ ‘মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় (এফওআইপি) কৌশল’ বাস্তবায়নে দুই দেশের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।’










