Ajker Patrika

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: আরেক সরকারি কর্মকর্তা মাদারীপুর থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: আরেক সরকারি কর্মকর্তা মাদারীপুর থেকে গ্রেপ্তার
সোহাগ ফকির। ছবি: সিআইডি

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সোহাগ ফকির (৩৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোহাগ ফকির বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক হিসেবে কর্মরত।

আজ বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলে জানায় সিআইডি।

সিআইডি জানায়, মামলার তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহাগ ফকির মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি এলাকার বাসিন্দা।

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় ১১ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৫০-এর ৪,৫ ও ৯ (ক) ধারায় মামলাটি করা হয়।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত