প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস

আজ ১৫ জুন, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। প্রবীণদের প্রতি সহিংসতা, অবহেলা, বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রতিবছর জাতিসংঘ ঘোষিত দিবসটি পালন করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে প্রতি ছয়জন বয়স্ক মানুষের একজন কোনো না কোনো নির্যাতনের শিকার হন। তাঁদের মধ্য়ে এশিয়াতেই রয়েছে নির্যাতনের প্রায় এক-তৃতীয়াংশের বাস। শুধু বাংলাদেশ বা ভারতের নয়, সমগ্র এশিয়াজুড়ে প্রবীণ নির্যাতনের আধিক্য রয়েছে। হেল্প এজ ইন্টারন্যাশনালের ২০২৪ সালের গবেষণা বলছে, বাংলাদেশে ৮৮ শতাংশ প্রবীণ মানসিক নির্যাতনের শিকার! অথচ বৈশ্বিক উত্তরের দেশগুলোতে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, ওশেনিয়া এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে সুরক্ষা বলয় থাকলেও দক্ষিণের দেশগুলোয় তা নেই বললেই চলে।
যুক্তরাষ্ট্রে ৬৫ বছর থেকে শুরু করে যুক্তরাজ্য, জাপান ও সিঙ্গাপুর—সবখানেই ৬৫ বা তার বেশি বয়সের মানুষদের ‘বৃদ্ধ’ হিসেবে চিহ্নিত করা হয়। তবে বাংলাদেশে ৬০ বছর বয়স থেকে একজন নাগরিক সরকারি নীতিমালায় ‘প্রবীণ’। একসময়ের গড় আয়ু ৫০ বছর ধরে হিসাব করলেও এখন তা ৭০ ছাড়িয়েছে। ফলে এখন ৬৫ বছরের মানুষকে ততটা বয়স্ক বলে মনে হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাস অনুযায়ী, বিশ্বে ২০৩০ সালের মধ্যে ৬০ বছরের বেশি মানুষের সংখ্যা ৩৮ শতাংশ বাড়বে। তাই পেনশনের চাপে ইউরোপ ও জাপান প্রবীণের বয়সসীমা ৭৫ বছরে নিয়ে যেতে চাইছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্যাতনকে পাঁচ ভাগে ভাগ করেছে—শারীরিক, মানসিক, যৌন, আর্থিক নির্যাতন এবং অবহেলা। বাংলাদেশে ভয়ংকর আকার ধারণ করেছে মানসিক নির্যাতন ও অবহেলা। দেশের ৮৩ শতাংশ প্রবীণ পরিবারের কাছ থেকে মানসিক অবহেলার শিকার হন। কারণ হিসেবে বিশেষজ্ঞরা ব্যক্তিগত চাপ, মানসিক চাপ ও অর্থনৈতিক নির্ভরতার কথা বলেন। লক্ষণ হিসেবে তালিকায় রয়েছে, হঠাৎ আচার-ব্যবহার বদলে যাওয়া, বাড়ির ভেতর গুটিসুটি হয়ে থাকা, খাবারে অনীহা।
মনোবিজ্ঞানীরা বলছেন, ‘পারিবারিক গতিবিদ্যা তত্ত্ব’ বা ‘স্ট্রেস থিওরি’ অনুযায়ী তরুণ-বৃদ্ধের দ্বন্দ্ব স্বাভাবিক। কিন্তু তা নির্যাতনের পর্যায়ে পৌঁছালে আর স্বাভাবিক থাকে না। ২০১৩ সালে বাংলাদেশ সরকার পিতা-মাতার ভরণপোষণ আইন পাস করলেও বাস্তবায়নের ফাঁক আজও চোখে পড়ার মতো। আইন অনুযায়ী সন্তান পিতামাতার ভরণপোষণ দিতে বাধ্য। আর তা না করলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ড হতে পারে। কিন্তু গরিবের তো আইন মানার সাধ্য নেই। আর ধনীর তো আইন মানার প্রয়োজন হয় না। ফলে ভরণপোষণের দিক থেকেও অবহেলা বা নির্যাতনের শিকার হচ্ছেন প্রবীণেরা।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল বলছে, দেশে বর্তমান প্রবীণের সংখ্যা প্রায় ১ কোটি ৬৪ লাখ। ২০৫০ সালে এই সংখ্যা দাঁড়াবে ৩ দশমিক ৬ কোটিতে। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বৃদ্ধরা বেশি বিপর্যস্ত। গবেষণা বলছে, প্রবীণেরা জলবায়ু দুর্যোগ মোকাবিলার শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেন। তাঁরা ঘরছাড়া হয়েছেন, বাধ্য হয়ে ছেলের ঘরে আশ্রয় নিলেও ছেলে-বউয়ের তীব্র ক্ষোভের শিকার হচ্ছেন। এমনকি ঢাকার বস্তিতে জলবায়ু উদ্বাস্তু বৃদ্ধ নারীরা প্রতিদিনই অর্থনৈতিক শোষণ আর যৌন হয়রানির শিকার হন।
প্রবীণ নির্যাতন প্রতিরোধের ধাপ তিনটি। প্রথমত, আইনের যথাযথ প্রয়োগ ও শাস্তির কঠোরতা। দ্বিতীয়ত, পারিবারিক মূল্যবোধে ফিরে আসা। তৃতীয়ত, প্রবীণদের জন্য সহনশীল সামাজিক অবকাঠামো গড়ে তোলা। জাতিসংঘের আদর্শ অনুযায়ী ‘প্রবীণ বান্ধব কমিউনিটি’ তৈরি করতে হবে। ইউনিসেফের মতে, বাস্তবায়নশীল ও আন্তপ্রজন্মের সংলাপ রচনা করা জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই সংলাপের মাধ্যমে নির্যাতন প্রতিরোধ সম্ভব। সে জন্য প্রথমে পরিবার ও প্রতিবেশীর সচেতনতা বাড়াতে হবে, তারপর সমাজের অগ্রযাত্রায় প্রবীণদের সম্পৃক্ত করতে হবে। আর শেষে রাষ্ট্রীয় সুরক্ষা বলয় জোরদার করতে হবে।
লেখক: সদস্যসচিব, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ

একটা সুন্দর সকালের ওপর নির্ভর করছে আপনার সারা দিনের কর্মক্ষমতা আর মেজাজ। তাই সকালটা শুরু হওয়া উচিত একেবারে ধীর গতিতে, কোনো তাড়াহুড়া না করে ঠান্ডা ভাবে। এ জন্য সকালে কিছু নির্দিষ্ট কাজ করা জরুরি। আর কিছু কাজ কোনো ভাবেই সকালে করা ঠিক নয়। এই পরিবর্তনগুলো শুরু করতে পারেন পূজার ছুটি থেকে। এতে বদলগুলো...
১৩ ঘণ্টা আগে
গরদ শাড়ি হলো হাতে বোনা ঐতিহ্যবাহী ও খাঁটি সিল্ক বা রেশমের শাড়ি। ‘গরদ’ শব্দটির অর্থ হলো সাদা বা খাঁটি। এর জমিন সম্পূর্ণ সাদা বা অফ-হোয়াইট রঙের হয়ে থাকে এবং পাড় ও আঁচল তুলনামূলক সাধারণ হয়। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হলেও গরদের শাড়ি এ দেশেও পরার চল আছে। উৎসব শেষে সঠিক নিয়মে সংরক্ষণ করলে গরদের...
১৬ ঘণ্টা আগে
পোশাকের সৌন্দর্য অনেকটা নির্ভর করে তার নকশার ওপর; বিশেষ করে গলার নকশা মুখ, ঘাড় ও কাঁধের সৌন্দর্যকে আলাদা করে ফুটিয়ে তোলে। তাই পছন্দের পোশাক পরলেই সাজ সম্পূর্ণ হয় না, তার সঙ্গে মানানসই গয়না বেছে নেওয়া বেশ জরুরি। একই হার এক পোশাকে যতটা আকর্ষণীয় দেখায়, অন্য পোশাকে সেটি হয়তো ততটা মানানসই না-ও হতে...
১৮ ঘণ্টা আগে
পর্যটকদের পকেট কাটা হচ্ছে ইতালিতে! শুনে অবাক না হয়ে পারা যায় না। কিন্তু স্থানীয় অধিবাসীরাই বলছেন, বিষয়টি সত্য। খাবার সব সময় শুধু পেট ভরানোর বিষয় নয়। এটি মানুষের স্বাদস্মৃতির বাহন। এটি মনের গহিনে জমে থাকা এক চিরন্তন নস্টালজিয়া ও না-মেটা আক্ষেপ। মানুষের এই সর্বজনীন নস্টালজিয়া ও আবেগকে পুঁজি করে...
২০ ঘণ্টা আগে