Ajker Patrika

শীত আসি আসি করছে, ত্বকের যত্ন নিন এখন থেকেই

ফিচার ডেস্ক
শীত আসি আসি করছে, ত্বকের যত্ন নিন এখন থেকেই
ত্বকের যেকোনো সমস্যায় মধু ওষুধের মতো কাজ করে। ছবি: পেক্সেলস

বেলাশেষে হেমন্তের শীতল হাওয়া জানান দেয়, শীত আসছে ধীর পায়ে। দীর্ঘ গরমের পর এ সময়টায় প্রকৃতিতে শীতের ছোঁয়া লাগতে শুরু করে। গাছের পাতা সবুজ থেকে হলুদ রং ধারণ করতে থাকে এসময়টায়। গাছের শুষ্ক পাতার মতোই হেমন্তে ত্বক হারিয়ে ফেলে তার আর্দ্রতা। খেয়াল করলে দেখবেন, ইদানীং মুখ ধোয়ার পরপরই কিন্তু ত্বক টান টান লাগে। তাই এখন থেকেই ত্বক আর্দ্র রাখার চেষ্টা করতে হবে। মানে ত্বকের আলাদা যত্ন নেওয়া শুরু করতে হয় শীত আসার আগে থেকেই। সে ক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে যত্ন নেওয়াটা বেশি কার্যকর। কেননা শরীর ভেতর থেকে আর্দ্র না হলে ত্বকের ওপর এর প্রভাব পড়বেই। আবার ত্বকের উপরিভাগ যেন পানিশূন্য হয়ে না যায়, সেদিকেও খেয়াল রাখা চাই।

পর্যাপ্ত পানি পান করুন

অনেকে সারা দিনে খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অভ্যাস ত্বকের জন্য ক্ষতিকর। শরীরে পানিশূন্যতা দেখা দিলে ত্বক খসখসে ও রুক্ষ হয়ে যায়। ত্বক ও শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করা উচিত। পাশাপাশি ডাবের পানি, ফলের রসও পান করতে পারেন।

শীতের আগে থেকে ত্বকে ভালোভাবে ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। ছবি: পেক্সেলস
শীতের আগে থেকে ত্বকে ভালোভাবে ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। ছবি: পেক্সেলস

যত্ন সহকারে ময়শ্চারাইজার ব্যবহার করুন

শীতের আগে থেকে ত্বকে ভালোভাবে ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। প্রায় সব ধরনের ত্বকের যত্নে অলিভ অয়েল ময়শ্চারাইজার হিসেবে খুব উপকারী। শুষ্কতা থেকে রক্ষা পেতে অলিভ অয়েল সারা শরীরে ব্যবহার করা যায়। এ ছাড়া এর সঙ্গে মধু ও চিনি মিশিয়ে ঘন ক্রিমের মতো প্যাক তৈরি করে স্ক্রাবার বানিয়ে নিতে পারেন। এটি ব্যবহারের ফলে ত্বকের মরা কোষ উঠে যায়। কয়েক ফোঁটা অলিভ অয়েল মধুর সঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট ফাটা বন্ধ হবে। মুখ ও শরীরের অন্যান্য অংশের ত্বকের পাশাপাশি গোড়ালি, হাঁটু, কনুইয়েরও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। না হলে এ জায়গাগুলো রুক্ষ ও কালো হয়ে যায়। এসব অংশের যত্নে ব্যবহার করতে পারেন নারকেল তেল। এ জন্য প্রথমে ত্বক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। এরপর হাতের তালুতে তেল আলতো করে ওই জায়গাগুলোতে লাগিয়ে নিন। নারকেল তেল রাতে ঘুমানোর আগে ব্যবহার করা ভালো।

হেমন্তে ত্বকের দেখভালের জন্য কমলালেবুতে ভরসা রাখতে পারেন। ছবি: পেক্সেলস
হেমন্তে ত্বকের দেখভালের জন্য কমলালেবুতে ভরসা রাখতে পারেন। ছবি: পেক্সেলস

প্রকৃতির ওপর ভরসা রাখুন

হেমন্তে ত্বকের জন্য তৈরি যেকোনো প্যাকের সঙ্গে নিশ্চিন্তে মধু ব্যবহার করতে পারেন। এটি নিমেষে ত্বকের শুষ্কতা দূর করে। ত্বকের যেকোনো সমস্যায় মধু ওষুধের মতো কাজ করে। এ সময় পাকা কলাও ত্বকে ব্যবহার করলে আরাম পাবেন। ত্বক মসৃণ ও উজ্জ্বল করতে পাকা কলার জুড়ি মেলা ভার। বেসন, দুধ ও কলা‍ব্লেন্ড করে মুখ, গলা, হাত ও পায়ে লাগাতে পারেন। ২০ থেকে ২৫ মিনিট পর ধুয়ে ময়শ্চারাইজার লাগান। এটি নিয়মিত ব্যবহারের ফলে ত্বক পাবে প্রয়োজনীয় আর্দ্রতা, হয়ে উঠবে নরম ও কোমল।

হেমন্তে ত্বকের দেখভালের জন্য কমলালেবুতে ভরসা রাখতে পারেন। কমলালেবুতে থাকা ভিটামিন ‘সি’ ত্বকের বলিরেখা রোধ করে। কমলালেবুর খোসা, সর বাটা, ময়দা বা বেসনের প্রলেপের ব্যবহার রূপটান হিসেবে বহুদিন প্রচলিত। এ সময়টায় কমলালেবু খাবেন এবং অবশ্যই তার খোসা ফেলবেন না। খোসা সরাসরি ব্যবহারের পাশাপাশি রোদে শুকিয়ে রেখে দিন। পরে গুঁড়া করে ব্যবহার করতে পারবেন।

হেমন্তের রূপচর্চায় জাদুকরী উপায়

শীত বা শীতের আগে শুষ্কতায় গোলাপজল ও গ্লিসারিন বড় ভূমিকা রাখে ত্বকের যত্নে। এ দুটি একসঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বক সুন্দর ও মসৃণ থাকে। গ্লিসারিন যেকোনো ত্বকে খুব দ্রুততার সঙ্গে যেমন কাজ করে, তেমনি রাখে মোলায়েম ও প্রাণবন্ত। ত্বকে থাকা নানা সমস্যাও দূর করে। মিশ্রণটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করাই ভালো। শীতের আগে থেকে যথাযথভাবে ত্বকের যত্ন নিলে তার ফল পাওয়া যাবে শীতকালেও। ত্বক থাকবে উজ্জ্বল ও প্রাণবন্ত।

সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত