Ajker Patrika

ভারতের রাজস্থানে বাস খাদে পড়ে ৫ নারীসহ নিহত ৮, আহত ১৭

আজকের পত্রিকা ডেস্ক­
ভারতের রাজস্থানে বাস খাদে পড়ে ৫ নারীসহ নিহত ৮, আহত ১৭
বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে খাটু শ্যামজির উদ্দেশে যাচ্ছিল। ছবি: এনডিটিভি

ভারতের রাজস্থানের কোটায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে পাঁচ নারীসহ আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে।

পুলিশের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ২৭ যাত্রী নিয়ে বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে খাটু শ্যামজির উদ্দেশে যাচ্ছিল।

একজন কর্মকর্তা জানিয়েছেন, সকাল আটটার দিকে তাঁরা দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থল থেকে সাতজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত তাঁদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

নিহত আটজনের মধ্যে পাঁচজন নারী। তাঁদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন অরুণা, বৈষ্ণবী, ত্রিশা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী ও রাজু।

আহতদের কোটার এমবিএস হাসপাতাল ও নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কোটার জেলা প্রশাসক পীযূষ সামারিয়া ও পুলিশের আইজি হরেন্দ্র মাহাওয়ারও এমবিএস হাসপাতালে পৌঁছেছেন।

পুলিশ জানিয়েছে, বাসচালক গাড়ি চালানোর সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনা সম্পর্কে পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট (এএসপি) রাম কল্যাণ মীনা বলেন, ‘একটি মিনিবাসে কয়েকজন যাত্রী ভোপাল থেকে খাটু শ্যামজির উদ্দেশে যাচ্ছিলেন। কোটার সিমলিয়া থানার আওতাধীন এলাকায় আট লেনের এক্সপ্রেসওয়ে দিয়ে চলার সময় চালক সম্ভবত তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। এতে বাসটি একটি কালভার্টের নিচে পড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘প্রায় আটজন নিহত হয়েছেন। আহত ১৫ থেকে ১৭ জন মেডিকেল কলেজ ও এমবিএস হাসপাতালে চিকিৎসাধীন।’

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই), জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে তদন্ত করবে বলেও জানান এএসপি।

এ দিকে আহতদের দেখতে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন লোকসভার স্পিকার ও কোটার সংসদ সদস্য ওম বিড়লা। সেখানে তিনি তাঁদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানেরও নির্দেশ দেন তিনি।

এ ছাড়া দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো, যেগুলো ‘ব্ল্যাক স্পট’ নামে পরিচিত, দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ওম বিড়লা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত