Ajker Patrika

ভারতে এবার রাস্তায় জেন আলফা

আজকের পত্রিকা ডেস্ক­
ভারতে এবার রাস্তায় জেন আলফা
ভাটপুরওয়া সামুহিতে স্কুল ভবন নির্মাণের দাবিতে আন্দোলনে নেমেছে জেন আলফার শিশুরা। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুর অঞ্চলের যমুনা নদীর তীরবর্তী ভাটপুরওয়া সামুহি গ্রামের জেন আলফা প্রজন্মের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্কুল ভবন নির্মাণের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। স্কুলের বাইরে বসে অবস্থান নেয় তারা। নতুন স্কুল ভবন নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে প্রবেশ করবে না এবং অবস্থান থেকে উঠবে না বলে জানায় শিক্ষার্থীরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্কুল ভবন নির্মাণে দীর্ঘদিন ধরে কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছিল। তবে শিক্ষার্থীদের অভিযোগ, বারবার চেষ্টা করার পরও তাদের দাবির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্কুলের প্রধান শিক্ষিকা প্রিয়াঙ্কা তিওয়ারি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে এবং স্কুলে প্রবেশ করতে বারবার অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকে এবং স্কুলের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যায়।

ঘটনাস্থলের দৃশ্যধারণ করা ভিডিও ও ছবিতে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে একসঙ্গে স্কুলের বাইরে বসে থাকতে দেখা যায়। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর হাতে জাতীয় পতাকাও ছিল।

মৌলিক শিক্ষা অবকাঠামোর দাবিতে স্কুলশিক্ষার্থীদের আন্দোলনের এটি আরেকটি ঘটনা। এর আগে হামিরপুরে প্রায় ৩০০ শিশু স্কুলে যাওয়ার জন্য ব্যবহারযোগ্য সড়কের দাবিতে ৬ কিলোমিটার হেঁটে কালেক্টরেট পর্যন্ত মিছিল করেছিল। লক্ষ্ণৌতে প্রায় ২৫০ জন ছাত্রী শিক্ষক সংকট ও মৌলিক সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ করেছিল। এ ছাড়া উন্নাওতেও শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। সেখানে ২০০ জনের বেশি শিক্ষার্থী সড়কে বসে মোহন-বাঙ্গারমাউ সড়ক অবরোধ করেছিল।

দিল্লিতে জেন-জেড শিক্ষার্থীরা ধর্মঘটের মাধ্যমে নিজেদের দাবি ও ক্ষোভ প্রকাশ করে আসছে। অন্যদিকে, উত্তর প্রদেশে জেন আলফা প্রজন্মের শিক্ষার্থীরাও নিজেদের সমস্যার কথা জানাতে ক্রমেই সরাসরি রাস্তায় নেমে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত