Ajker Patrika

আমাদের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৯: ২০
আমাদের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
ভারতের বামপন্থী ছাত্র সংগঠন আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। ছবি: সংগৃহীত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলনের পর শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভারতের বামপন্থী ছাত্র সংগঠন আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। ওই ভিডিও বার্তায় তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বাংলাদেশের তরুণদের ভূয়সী প্রশংসা করেছেন। সেই সঙ্গে বলেছেন, তাদের দেশের চলমান আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশ।

সম্প্রতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেছে।

ভিডিওবার্তায় নেহা বোরা বলেন, ‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলনে বিপ্লবী শুভেচ্ছা ও লাল সালাম জানাচ্ছি। আমরা জানি, আমাদের দেশে যে জেন জি বা তরুণ প্রজন্মের আন্দোলন চলছে, তা প্রথম শুরু হয়েছিল বাংলাদেশে। তাঁরাই আমাদের এই আন্দোলনের পথ দেখিয়েছে।’

নেহা বোরা ২০২৪ সালের জুলাই-আগস্টের সফল আন্দোলনের জন্য বাংলাদেশি তরুণদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আমরা জানি, বাংলাদেশে গণতান্ত্রিক ও ভোটাধিকার আদায়ে আন্দোলন শুরু হয়েছিল। একইভাবে আমাদের দেশেও গণতান্ত্রিক ও ভোটাধিকার আদায়ে আন্দোলন চলছে। আমরা জানি, বাংলাদেশের তরুণেরা যে মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করছে, একই মৌলবাদের বিরুদ্ধে আমাদের তরুণেরাও আন্দোলন করছে।’

মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ভারতের তরুণদের জন্য বাংলাদেশের ছাত্রসমাজ পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের লড়াই আর আমাদের দেশের তরুণদের চলমান লড়াইয়ের একই। আপনারা এই আন্দোলনে আমাদের পথপ্রদর্শক।’

ভিডিওতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমবর্ধমান বিভিন্ন হুমকির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এই বাম নেত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তচিন্তাকে স্তব্ধ করার চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়গুলো বেসরকারীকরণের চেষ্টা চলছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীদের দমিয়ে রাখা হচ্ছে। ঠিক একইভাবে ভারতের শিক্ষাঙ্গনে উগ্র ডানপন্থী বা গেরুয়াদের প্রভাব বাড়ছে। এদের প্রতিহতে আমরা আপনাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমরা আপনাদের আন্দোলন থেকে উদ্বুদ্ধ হচ্ছি, আপনাদের নেতৃত্বে হওয়া আন্দোলন থেকে শিক্ষা নিচ্ছি। আমরা আশা করি, সবাই একসঙ্গে আমরা একটি উন্নত দক্ষিণ এশিয়া ও একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারব।’

উল্লেখ্য, সম্প্রতি ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে লাইভ ভিডিওর মাধ্যমে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রেখে রাতারাতি ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত