নিজ বাসা থেকে আটক ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

ভারতের দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ (জাতীয় পতাকা ওড়াও) মিছিল শুরুর কয়েক মিনিট আগে শুক্রবার (১৬ অক্টোবর) নিজ বাড়ি থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
এনডিটিভি জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে এটি দীপকের দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা। এর আগে, ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাঁকে আটক করা হয়েছিল।
এবারের মিছিল আয়োজনের অন্যতম কারণ ছিল সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকার গ্রেপ্তার। গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে তাঁরা দিল্লির যন্তর মন্তরে প্রবেশ করেছিলেন। এর এক দিন আগে ঐতিহাসিক স্থানটিকে প্রতিবাদস্থল হিসেবে ব্যবহারের অনুমোদন প্রত্যাহার করা হয়েছিল। পরে তাঁদের গ্রেপ্তার করে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
এ ঘটনার প্রতিবাদ এবং জাতীয় পতাকা নিয়ে মিছিলের কর্মসূচিকে কেন্দ্র করেই ‘লেহরা দো তিরঙ্গা’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
মিছিলের আগে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকের বাড়িতে গিয়ে তাঁকে কর্মসূচি পালন না করার বিষয়ে একটি নোটিশ দেয়। এরপর তাঁকে আটক করা হয়।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএস) ১৬৩ ধারায় জারি করা নোটিশে বলা হয়—দিল্লির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর রয়েছে। এ ছাড়া প্রস্তাবিত ‘তিরঙ্গা যাত্রা’র জন্য নয়াদিল্লি পৌর পরিষদ (এনডিএমসি) অনুমতি দেয়নি। এ অবস্থায় ককরোচ জনতা পার্টি মিছিল নিয়ে এগোলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
নোটিশে আরও বলা হয়, জাতীয় পতাকা ওড়ানো আইনবিরুদ্ধ নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা এবং জনসমাগম ঘটানো নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আইনি পদক্ষেপ নেবে। একই সঙ্গে জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের বিষয়ে ‘ফ্ল্যাগ কোড’-এর বিধিনিষেধ সম্পর্কেও ৩১ বছর বয়সী এই নেতাকে অবহিত করা হয়।
গায়ে গান্ধীর ছবি আঁকা সাদা টি-শার্ট ও জিনস পরা দীপকের কাঁধে ছিল ছোট একটি জাতীয় পতাকা। নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে পুলিশের দেওয়া নোটিশের কাগজপত্র পরীক্ষা করার সময় তিনি পুলিশের এক সদস্যকে প্রশ্ন করেন, ‘ক্যা আরোপ লাগা দিয়া হ্যায় আপনে মেরে ওপর?’ অর্থাৎ, ‘আপনারা আমার বিরুদ্ধে কী অভিযোগ এনেছেন?’
জাতীয় পতাকা নিয়ে মিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের এই পদক্ষেপের পর দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি পালনের স্বাধীনতা এবং জনসমাবেশের ওপর আরোপিত বিধিনিষেধ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।









