কালজয়ী লেখক দুই বাংলায় জনপ্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।
৭৯ বছর বয়সী এই ভারতীয় বাঙালি ঔপন্যাসিক দীর্ঘদিন ধরে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) আক্রান্ত ছিলেন। একমাসের বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সিওপিডি ফুসফুসের একধরনের জটিল রোগ। এতে শ্বাসপ্রশ্বাস নিতে মারাত্মক সমস্যা হয়।
হাসপাতালের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘১২ বছরের বেশি সময় ধরে সিওপিডিতে ভুগছিলেন সমরেশ মজুমদার; একমাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র (ভেন্টিলেটর) দিয়ে বাঁচিয়ে রাখা হয়।’
সাহিত্য অকাদেমি পুরস্কারজয়ী সমরেশ মজুমদার ১৯৭০ এর দশকে নকশালবাড়ি আন্দোলনের উত্তাল সময়কে চিত্রিত করে জনপ্রিয়তা অর্জন করেছেন। বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম এই সাহিত্যিক ‘সাতকাহন’ থেকে ‘গর্ভধারিণী’, ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’, অর্জুন, মেজরের অ্যাডভেঞ্চার— নামে একের পর এক ধ্রুপদি সাহিত্য সৃষ্টি করেছেন।
সমরেশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শোকবার্তায় তিনি লেখেন, ‘শ্রী সমরেশ মজুমদার বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন । তাঁর লেখনীতে পশ্চিমবঙ্গের সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক সুন্দরভাবে ফুটে উঠেছে। তাঁর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। ওঁ শান্তি ।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক করে বলেন, ‘সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সমরেশ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
যেভাবে অনিমেষ-মাধবীলতার স্রষ্টা সমরেশ
উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষসহ বেশ কয়েকটি কালজয়ী উপন্যাসের লেখক সমরেশের জন্ম ১৯৪৪ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায়।জলপাইগুড়ি জিলা স্কুলে তাঁর শিক্ষাজীবন শুরু। ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় এসে স্কটিশ চার্চ কলেজের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হন।পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
১৯৭৫ সালে ‘দেশ’ পত্রিকায় তাঁর প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে আছে- গর্ভধারিণী, সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অগ্নিরথ ইত্যাদি। তাঁর লেখা কিশোর গোয়েন্দা চরিত্র অর্জুন বাংলা সাহিত্যে জনপ্রিয়তা পেয়েছে। রুপোলি পর্দাতেও দেখা গিয়েছে অর্জুনকে। সমরেশের উপন্যাস ‘কালবেলা’ এবং ‘বুনো হাঁস’ অবলম্বনে তৈরি হয়েছে জনপ্রিয় বাংলা সিনেমা্ও।
নকশালবাড়ি আন্দোলনের প্রেক্ষাপটে অনিমেষ ও মাধবীলতার চরিত্র ঘিরে তৈরি কাল্পনিক উপন্যাস কালবেলার জন্য ১৯৮৪ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পান সমরেশ। তারও আগের ১৯৮২ সালে পেয়েছিলেন আনন্দ পুরস্কার। ‘কলকাতায় নবকুমার’- এর জন্য ২০০৯ সালে বঙ্কিম পুরস্কার পান তিনি।
পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে সমরেশ মজুমদারকে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করে। এছাড়া তিনি সাহিত্য অকাদেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কারসহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।
আরও পড়ুন:

মাউন্ট এভারেস্টে আরোহণ করতে গিয়ে ছয় দিন আগে নিখোঁজ হয়েছিলেন এক নেপালি শেরপা। পরিবারের লোকজন ভেবেছিলেন তিনি মারা গেছেন। তাঁরা বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়ার আচার-অনুষ্ঠানও পালন করছিলেন...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এদিকে আজ বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেই সঙ্গে তারা সেখান থেকে সেনা প্রত্যাহার করবে না বলেও জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে ‘উসকানিমূলক ও আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি পুলিশি অভিযোগ করা হয়েছে। এক আইনজীবী অভিযোগ করেছেন...
৭ ঘণ্টা আগে
এশিয়াজুড়ে শুষ্ক আবহাওয়া কৃষি উৎপাদনে চাপ বাড়াচ্ছে, আর ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শক্তিশালী এল নিনোর আশঙ্কা খাদ্য সরবরাহ ও মূল্যস্ফীতির উদ্বেগ আরও বাড়িয়েছে। গমের দাম ২০ শতাংশ ও থাই চালের দাম এক মাসে ১৫ শতাংশ বেড়েছে। ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
৮ ঘণ্টা আগে