Ajker Patrika

ক্যাফের ‘বিশেষ কেবিনে’ অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ২১: ৫৮
ক্যাফের ‘বিশেষ কেবিনে’ অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন—নির্দিষ্ট শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো ক্যাফের কেবিনে অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ করতে দেওয়া যাবে না। আদালতের মতে, টেলিভিশন, মাদুর ও বালিশসহ বাইরে থেকে সহজে দেখা যায় না—এমন কক্ষগুলোতে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে যৌন কর্মকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম এসবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, সুয়নে একটি কেবিন সহ ক্যাফের পরিচালকের বিরুদ্ধে মামলার সূত্র ধরে রায়টি এসেছে। অভিযোগ ছিল, ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত ওই ক্যাফেতে ১৪ থেকে ১৭ বছর বয়সী ৮ কিশোর-কিশোরীকে বয়স যাচাই না করেই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। ১৬ কক্ষের ওই ক্যাফেটিতে অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ নিষিদ্ধ—এমন প্রয়োজনীয় সাইনবোর্ডও ছিল না।

দক্ষিণ কোরিয়ায় ‘রুম ক্যাফে’ বেশ জনপ্রিয়। সাধারণত বড় একটি প্রতিষ্ঠানের ভেতরে ছোট ছোট আলাদা কক্ষ বা বুথ থাকে। সেখানে গ্রাহকেরা অর্থের বিনিময়ে সিনেমা বা টেলিভিশন দেখেন, গেম খেলেন, খাবার খান কিংবা আড্ডা দেন। অনেক কক্ষে মাদুর, বালিশ বা বিছানার মতো ব্যবস্থাও থাকে। ফলে এগুলো সাধারণ ক্যাফের তুলনায় অনেক বেশি ব্যক্তিগত পরিবেশ তৈরি করে।

তরুণদের মধ্যেও এসব ক্যাফে বেশ জনপ্রিয়। ২০২৪ সালে ১৫ হাজার ৫৩ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর ওপর করা সরকারি এক জরিপে দেখা যায়, আগের এক বছরে ১২ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী রুম ক্যাফেতে গিয়েছিল।

মামলার প্রথম পর্যায়ে ক্যাফের মালিককে ২০ লাখ ওন জরিমানা করা হয়। তবে আপিল আদালত তাঁকে খালাস দেন। এই আদালত মনে করেছিল, অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ নিষিদ্ধ করার আইনটি মূলত এমন ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে কর্মী ও গ্রাহকের মধ্যে কিংবা অপরিচিত একজনের সঙ্গে অন্যজনের শারীরিক যোগাযোগের সুযোগ থাকে। অভিযুক্ত রুম ক্যাফেতে এমন কোনো কর্মী বা অপরিচিতদের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা ছিল না।

তবে সুপ্রিম কোর্ট আপিল আদালতের এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেন। সর্বোচ্চ আদালত বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানের ধরন ও সেখানে থাকা সুবিধাগুলো যৌন কর্মকাণ্ডের ঝুঁকি তৈরি করছে কি না, সেটিও বিবেচনায় নিতে হবে। সুয়নের ওই ক্যাফের ১৬টি কক্ষের মাত্র দুটিতে স্বচ্ছ জানালা ছিল। বাকি ১৪টি কক্ষ দরজা বন্ধ করলে বাইরে থেকে প্রায় সম্পূর্ণ আড়ালে চলে যেত।

তবে রায়ের অর্থ এই নয় যে দক্ষিণ কোরিয়ার সব রুম ক্যাফেতে অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ নিষিদ্ধ। ২০২৩ সালের মে মাসে দেশটির জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ফ্যামিলি মন্ত্রণালয় এই বিষয়ে নতুন শর্ত নির্ধারণ করে। এসব শর্ত পূরণ করলে অপ্রাপ্তবয়স্করা রুম ক্যাফে ব্যবহার করতে পারবে।

শর্ত অনুযায়ী, করিডরের দিকে থাকা দেয়ালের ১ দশমিক ৩ থেকে ২ মিটার উচ্চতার অংশ স্বচ্ছ হতে হবে। প্রবেশদ্বারের দরজাও ১ দশমিক ৩ মিটার উচ্চতা থেকে স্বচ্ছ হতে হবে। এ ক্ষেত্রে দরজায় তালা দেওয়ার ব্যবস্থা রাখা যাবে না এবং জানালায় পর্দা, ব্লাইন্ড বা অস্বচ্ছ ফিল্ম ব্যবহার করা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত