ফ্যাক্টচেক /মসজিদে দেওয়া বক্তব্যের ভিডিওতে মন্দিরে বক্তব্যের অডিও জুড়ে দিয়ে মন্ত্রীর নামে অপপ্রচার

মসজিদের মিম্বরে বসে বিএনপির সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দেবী দুর্গার বয়ান দিয়েছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
‘Daily Somoy Sangbad’ নামের একটি ফেসবুক পেজে গতকাল শেয়ার করা ভিডিওটি ২ লাখ ৯০ হাজার বারের বেশি দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে ৬ হাজার ৪০০ রিয়েকশন, ১ হাজার ৪০০ কমেন্ট ও ২ হাজার শেয়ার রয়েছে।
ছড়িয়ে পড়া পোস্টের কমেন্ট সেকশন পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করে ক্ষোভ প্রকাশ করছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে নানা নেতিবাচক কমেন্ট করেন। কমেন্টে একজন লেখেন, ‘এটা কি ধর্মানুভূতিতে আঘাত নয়? মুনাফিক খতিব আঃমালেক কি ঘুমায়?’ আরেকজন লেখেন, ‘আসলে উনি সঠিক বলেছেন ২৫৭ নম্বর সূরা বাকারার...।’ তিনি আরও কয়েকটি সূরার আয়াত উল্লেখ করে নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দেন। আরেকজন লেখেন, ‘আহারে নতুন বাংলাদেশ।’
আজকের পত্রিকার অনুসন্ধান
প্রচারিত ভিডিওটিতেপানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে টুপি, সাদা পাঞ্জাবি ও পাজামা পরিহিত অবস্থায় মসজিদের মিম্বরে বসে বক্তব্য দিতে দেখা যায়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘একটা সমাজে যখন অন্যায়-অপকর্ম, অসুর... এ সমস্ত অপকর্মের নেতৃত্ব দিচ্ছিল, তখন এটাকে দমন করার জন্য আপনাদের দুর্গা দেবী এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন। এবং সেখানেই শুভশক্তির বিজয় সাধিত হয়েছে।’
তবে ভিডিওটি গভীরভাবে পর্যবেক্ষণে এর দৃশ্যগত উপস্থাপন ও ছড়িয়ে পড়া দাবির সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়। প্রথমত, মুসলিমদের উপাসনালয়ে বসে ‘আপনাদের দুর্গা দেবী’ সম্ভাষণ করে বক্তব্য দেওয়ার বিষয়টিতে সন্দেহ তৈরি হয়। দ্বিতীয়ত, ভিডিওতে শোনা কণ্ঠস্বরের সঙ্গে মন্ত্রীর মুখের অভিব্যক্তি ও ঠোঁটের আকৃতির গরমিল লক্ষ্য করা যায়—যা মূলত ডিপফেক বা এআই প্রযুক্তির সাহায্যে কণ্ঠ প্রতিস্থাপন করার স্পষ্ট ইঙ্গিত দেয়।
প্রচারিত ভিডিওতে শোনা বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে ‘NBP NEWS’ নামের একটি ফেসবুক পেজে গত ১৯ অক্টোবর শেয়ার করা একটিভিডিও পাওয়া যায়। ‘অন্যায়ের বিরুদ্ধে দেবীদুর্গা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি’ ক্যাপশনে শেয়ার করা ২ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওর প্রথম ৩২ সেকেন্ডের বক্তব্যে সঙ্গে আলোচিত ভিডিওতে শোনা অডিওর হুবহু মিল রয়েছে।
পাশাপাশি একই তারিখে পানিসম্পদমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের ‘চৌপল্লী বারাহী মন্দির পূজামণ্ডপ’ পরিদর্শনের ছবিও পাওয়া যায়। অর্থাৎ দুর্গা দেবীকে নিয়ে মূল বক্তব্যটি তিনি পূজামণ্ডপের অনুষ্ঠানে দিয়েছিলেন, মসজিদে নয়।

পরে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের সূত্র ধরে অনুসন্ধানে ‘মসজিদের মিম্বারে বসে বক্তব্য দিচ্ছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’ ক্যাপশনে ‘Inside Lakshmipur’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও পাওয়া যায়। গত ২৭ সেপ্টেম্বর শেয়ার করা ওই ভিডিওতে মন্ত্রীকে মসজিদের মিম্বরে বসে এলাকার রাস্তাঘাট, জলাবদ্ধতা ও বিএনপি সরকারের সরকার গঠনসংক্রান্ত বিষয়ে কথা বলতে দেখা যায়। ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে মসজিদের মিম্বারে বসে দেবী দুর্গার প্রশংসা করার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যের হুবহু মিল রয়েছে।

একই দৃশ্যের আরেকটি ভিডিও‘Harun Khan’নামের একটি ফেসবুক অ্যাকাউন্টেও পাওয়া যায়। ২৫ সেপ্টেম্বর শেয়ার করা ওই পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘আজ শুক্রবার দক্ষিণ মান্দারী হাসপাতাল জামে মসজিদে মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পবিত্র জুমার নামাজ আদায় করেন পরে এক লক্ষ টাকা অনুদান দেন। আল্লাহ রাব্বুল আলামীন মাননীয় মন্ত্রী মহোদয়কে নেক হায়াত দান করুক। আমিন।’ অর্থাৎ মসজিদে তাঁর দেওয়া বক্তব্যের কোথাও দুর্গাপূজা বা দুর্গা দেবীর কথা উল্লেখও ছিল না।

সিদ্ধান্ত
মসজিদের মিম্বরে বসে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির মুখে দেবী দুর্গা সম্পর্কিত বয়ানের ভিডিওটি এডিটেড। মূলত মসজিদে এলাকার উন্নয়নমূলক কাজের বিষয়ে তাঁর দেওয়া বক্তব্যের ভিডিওতে পূজামণ্ডপে দেওয়া বক্তব্যের অডিও যুক্ত করে অপপ্রচার চালানো হচ্ছে।









