Ajker Patrika

পদ্ম চরিত্রে প্রশংসিত ভাবনা

মীর রাকিব হাসান, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১০: ০২
পদ্ম চরিত্রে প্রশংসিত ভাবনা

নূরুল আলম আতিক পরিচালিত মুক্তিযুদ্ধবিষয়ক ছবি ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তি পেয়েছে ১০ ডিসেম্বর। ছবিটি দেখে অনেকেই প্রশংসা করছেন অভিনয়শিল্পীদের। পরিচালক মোরশেদুল ইসলাম ছবি দেখা শেষ করে সবার সামনেই ভাবনাকে বললেন, ‘ওয়েল ডান। বেশ ভালো অভিনয় করেছ তুমি।’ গুণী এই নির্মাতার প্রশংসা পেয়ে বেশ খুশি ভাবনা। তিনি বলেন, ‘তাঁর মতো গুণী নির্মাতার কাছ থেকে অভিনয়ের প্রশংসা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’

প্রশংসা করেছেন অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচীও। নিজের ফেসবুক পাতায় রোকেয়া প্রাচী লিখেছেন, ‘সবাই সবার জায়গায় শতভাগটুকু ভালো করেছেন। বিশেষ করে ভাবনার কথা বলতেই হয়। আবারও মুগ্ধ করেছে ভাবনা।’

ভাবনার চরিত্রের নাম পদ্ম। অনেক ডাইমেনশন আছে। ভীষণ সাহসী ও বলিষ্ঠ এক নারী চরিত্র পদ্ম। কখনো ভালো, কখনো মন্দ- একেক সময় একেক রকম মনে হয় তাকে। ভাবনা বলেন, ‘মুক্তিযুদ্ধ আমার গর্ব ও অস্তিত্বের জায়গা। আমি চাই মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ছবি হোক, বই লেখা হোক। আলোচনা চলতে থাকুক। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু শুটিং করতে করতে মনে হয়েছে ওই সময়টায় চলে গিয়েছি।’

‘লাল মোরগের ঝুঁটি’ ছবিতে ভাবনার কো-অ্যাক্টর ছিল একটা মোরগ। ভাবনা বলেন, ‘ওর সঙ্গেই আমি দিনরাত থাকতাম। ওর নাম বাঘা। পদ্ম আর বাঘার একটা কেমিস্ট্রি আছে, আমাদের একসঙ্গে অনেক দৃশ্য আছে। শুটিংয়ের আট দিন আগে আমি চলে গিয়েছিলাম শুধু বাঘার সঙ্গে সখ্য গড়তে।’ ভাবনা এখন ব্যস্ত ট্যালেন্ট শো ‘টফি স্টার সার্চ’ নিয়ে। এই প্রতিযোগিতার বিচারক তিনি।

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন ভাবনা। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বাসিত। তা ছাড়া, নুরুল আলম আতিকের নির্দেশনায় অভিনয় করতে পারাও ক্যারিয়ারের অন্যতম প্রাপ্তি বলে ভাবছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত