Ajker Patrika

দ্রুততম পাখি শাহীন

হাসনাত রনী
আপডেট : ১৭ জুলাই ২০২১, ১০: ১৮
দ্রুততম পাখি শাহীন

পাকিস্তানে তৈরি একটি ব্যালাস্টিক মিসাইলের নাম রাখা হয়েছে পাখিটার নামে। দেশটির এয়ারফোর্সের অফিশিয়াল লোগোতে রয়েছে এই পাখি। এমনকি পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের কবিতায় পাখিটি ঘুরেফিরে আসে। বাংলাদেশ বিমানবাহিনীর ব্যাচ, লোগো এবং তাদের পরিচালিত বিদ্যালয়ের নামেও এর নাম রয়েছে। আরব শেখেরা এই পাখি পোষেণ শিকার করার জন্য। একে দিয়ে ‘হুবারা বাস্টার্ড’ নামের পাখি শিকার করেন তাঁরা।

বিশ্বব্যাপী পরিচিত এই পাখির নাম শাহীন, পেরেগ্রিন শাহীন কিংবা পেরেগ্রিন ফ্যালকন (ফ্যালকো পেরেগ্রিনাস পেরেগ্রিনেটর)। মূলত ভারতীয় উপমহাদেশেই পাওয়া যায়। তবে এরা পাহাড়ি এলাকায় থাকতে বেশি পছন্দ করে। রাজশাহীর পদ্মায় বার্ডিং সিজনে যাওয়ার পর সম্প্রতি এই পাখির দেখা পেয়েছি। সেদিন সকালে পদ্মায় গিয়েছিলাম পাখির ছবি তুলতে। দুপুর হয়ে এলে যখন নৌকায় করে ফিরছিলাম, তখন বেশ দূরে সাদা কিছু নড়তে দেখলাম। বক কি না, নিশ্চিত হওয়ার জন্য লেন্স চোখে লাগালাম। না, বক নয়, মনে হলো কয়েকটা গাঙচিল। 

সহযোগী অনিককে নিয়ে নৌকা ঘুরিয়ে সেদিকে ছুটলাম। ১০-১২টা গাঙচিল, এদের সঙ্গে একটা উল্টোঠুঁটিও কেমন করে জানি জুটেছে। একটু বাম দিকে তিনটা আলাদা কী যেন পাখি (পরে দেখেছিলাম যে ওরা অদ্ভুত সুন্দর গ্রে প্লোভার)। সমস্যা হলো, সূর্য পশ্চিম আকাশে চলে যাওয়ার কারণে এরা সবাই ছিল আলোর বিপরীতে। নৌকা ভেড়াতে বলে এক হাঁটু কাদায় নামলাম। পাখিগুলো বাম দিকে রেখে ডান দিকে হাঁটা শুরু করলাম।

বিরাট একটা অর্ধবৃত্ত রচনা করে অবশেষে গাঙচিলগুলোর প্রায় সামনাসামনি যেতে সক্ষম হই। ছবি তুলতে তুলতেই চোখের কোনায় আরেকটা নড়াচড়া দেখে ক্যামেরা ঘোরাই। এ যে বিশাল একঝাঁক ধূসরমাথা হট্টিটি। তখনই চোখে পড়ে হট্টিটিগুলোর ঠিক সামনে বহেরি বাজের মতো একটা পাখি। ক্যামেরা লাগাতেই নিশ্চিত হই, এটা পেরেগ্রিনই। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পাখি পেরেগ্রিন ফ্যালকনের শত শত ছবি আগেও তুলেছি, কিন্তু এ রকম রঙের পেরেগ্রিন আগে দেখিনি। শেষ বিকেলের আলো সারা শরীরে মেখে ছোট একটা মাটির ঢিবিতে কী সুন্দর সেজেগুজে বসে আছে।

পৃথিবীর দ্রুততম পাখি পেরেগ্রিন শাহীন যখন শিকার করে, তখন তার গতি থাকে ঘণ্টায় সর্বোচ্চ ২৪০ থেকে ৩২০ কিলোমিটার পর্যন্ত। এ রকম দুরন্ত গতিবেগে উড়ে গিয়ে শিকারকে (সাধারণত ছোট পাখি) ধাক্কা দিতে সক্ষম সে। এ রকম বুলেটের মতো ধাক্কাতেই শিকার কাবু হয়ে যায়। গতির রাজা হওয়ার কারণেই পাকিস্তানিরা এ পাখির নামে তাদের মিসাইলের নামকরণ করেছে। বাংলাদেশেও আছে বিমানবাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ।

পরিশেষে একটা কথা, বন্য প্রাণী ও পাখি মারা, ধরা, আটকে রাখা ও ক্রয়-বিক্রয় আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয়। সবাইকে বন্য প্রাণী এবং পাখি রক্ষায় সক্রিয় অংশ নিতে হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত