আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। বিভিন্ন টিভি চ্যানেলের নির্বাচিত অনুষ্ঠানের খবর নিয়ে এই প্রতিবেদন।
বিটিভি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’। নাটিকা, নৃত্য ও গানের সমন্বয়ে নির্মিত এই আয়োজনে তুলে ধরা হবে দেবী দুর্গার আগমনী থেকে শুরু করে মহিষাসুর বধের পৌরাণিক আখ্যান। ইয়াসমিন আক্তারের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ১০টায়। গ্রন্থনা করেছেন নিরঞ্জন অধিকারী। উপস্থাপনায় জয়া সাহা ও অভিজিৎ।
মাছরাঙা টেলিভিশন
রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘রাধিকা’। গল্পে দেখা যাবে, দরিদ্র ঘরের মেয়ে রাধিকা দেখতে খুব মিষ্টি, তবে কঠিন প্রকৃতির। গ্রামে গ্রামে ঘুরে লাউ, শসা, কুমড়ো সংগ্রহ করে বাজারে বিক্রি করে। দেখতে সুন্দর বলে অনেকেরই দৃষ্টি তার দিকে। সবজির দরদামের ছলে তার সঙ্গে কথাও বলতে চায়। তবে কঠিন মেজাজের কারণে দূরে সরে যায় সবাই। আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজসহ অনেকে।
দীপ্ত টিভি
সকাল ৮টায় রয়েছে বাঁশরী নিবেদিত নাচ, গান ও কবিতার অনুষ্ঠান ‘বিজয়া—নজরুলের কথায় ও সুরে’। সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। বেলা ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘তাণ্ডব’ সিনেমা; অভিনয়ে শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর প্রমুখ।
দুরন্ত টিভি
দুপুর ১২টায় প্রচারিত হবে ‘শুভ বিজয়া’। অনুষ্ঠানটিতে শিশুশিল্পী বর্ণমালা, কথা ও সমৃদ্ধের সঙ্গে পূজা নিয়ে গল্প করবেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। বেলা ১টা ও সন্ধ্যা ৭টায় প্রচার হবে রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’।
বেলা ১টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে দেখা যাবে শিশুতোষ নাটক ‘হৈ হৈ হল্লা’-এর বিশেষ পর্ব। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’। শিশুদের সঙ্গে গান গাইবেন সংগীতশিল্পী দেবলীনা সুর, চম্পা বণিক ও আবিদা সুলতানা।
বৈশাখী টিভি
সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখীর সকালের গানে অংশ নেবেন কণ্ঠশিল্পী বাদশা বুলবুল। গাইবেন পূজা উপলক্ষে গান। সকাল ৯টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত পূজার জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান মিউজিক অ্যালবাম। বেলা ২টা ৩০ মিনিটে রয়েছে বাংলা সিনেমা ‘পোড়ামন ২’। অভিনয়ে সিয়াম, পূজা প্রমুখ। রাত ১০টায় রয়েছে মহিন খানের রচনা ও পরিচালনায় নাটক ‘বাড়ির পাশে শ্বশুরবাড়ি’। অভিনয়ে নিলয় আলমগীর, তাসনুভা তিশা প্রমুখ।










