Ajker Patrika

বাংলাদেশে এসে গরুর মাংসের প্রশংসা করায় তোপের মুখে ভারতীয় অভিনেতা বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৩
বাংলাদেশে এসে গরুর মাংসের প্রশংসা করায় তোপের মুখে ভারতীয় অভিনেতা বিশ্বজিৎ
বিশ্বজিৎ চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর সাম্প্রতিক বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নেটপাড়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি জানান, গরুর মাংস তাঁর অন্যতম পছন্দের খাবার। এর পরেই ভারতীয় নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। সফরকালে এক সাক্ষাৎকারে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন তিনি। গরম ভাতের সঙ্গে পদ্মার ইলিশের তেল ও ভাজা মাছের প্রতি তাঁর দুর্বলতার কথা জানান। তবে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে গরুর মাংস নিয়ে তাঁর করা মন্তব্যটি। তিনি জানান, গরুর মাংস তাঁর অত্যন্ত পছন্দের এবং সেদিন রাতেও তা খাওয়ার পরিকল্পনা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এই সাক্ষাৎকারের ক্লিপ ছড়িয়ে পড়তেই বিশ্বজিতের ওপর চড়াও হন ভারতীয় নেটিজেনদের একাংশ। একজন হিন্দু অভিনেতা হয়ে প্রকাশ্যে গরুর মাংসকে পছন্দের খাবার বলায় তীব্র ট্রোলের শিকার হতে হয় তাঁকে। অনেকে কটাক্ষ করে তাঁকে বাংলাদেশেই থেকে যাওয়ার পরামর্শ দেন, আবার কেউ কেউ কলকাতায় ফিরলে দেখে নেওয়ার হুমকিও দেন। অবশ্য কটাক্ষের পাশাপাশি তাঁর পাশেও দাঁড়িয়েছেন বহু অনুরাগী।

এই বিতর্ক নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ডট ইনকে বিশ্বজিৎ চক্রবর্তী জানান, বিষয়টি নিয়ে বিচলিত নন তিনি। পুরো বিষয়টিকে হেসেই উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমার পেট, আমার মন, আমার হাত আর যে খাবারটা খাব তার টাকাটাও আমার! সুতরাং আমি কী খাব, সেটা অন্য কেউ ঠিক করে দেওয়ার কে?’

বিশ্বজিৎ চক্রবর্তী আরও বলেন, ‘এক বোনের জন্মদিনের আমন্ত্রণে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশে গিয়ে ৫ তারিখেই ফিরে এসেছি। সেখানকার আতিথেয়তায় আমি সত্যিই মুগ্ধ।’

সোশ্যাল মিডিয়ায় ট্রোল ও হুমকির জবাবে কড়া বার্তা দিয়ে বিশ্বজিৎ চক্রবর্তী জানান, এই বিষয়ে তিনি ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন এবং মামলাটি যেহেতু আদালতের বিচারাধীন, তাই আপাতত এর বেশি কিছু বলতে চান না।

উল্লেখ্য, খাদ্যতালিকা ও গরুর মাংস কেন্দ্রিক এমন বিতর্কে ভারতীয় তারকাদের জড়িয়ে পড়া নতুন নয়। এর আগে বলিউডের রণবীর কাপুর, কলকাতার জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ও একই ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত