Ajker Patrika

প্রিন্সের শো নিয়ে কাটছে না জটিলতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রিন্সের শো নিয়ে কাটছে না জটিলতা
‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান ও জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি: সংগৃহীত

ঈদের এক সপ্তাহ হতে চলল, এখনো স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার প্রদর্শনী নিয়ে জটিলতা কাটছে না। ডিসিপি সমস্যার কারণে প্রথম তিন দিন প্রিন্সের শো চলেনি স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায়। চতুর্থ দিন প্রদর্শনী শুরু হলেও কারিগরি ত্রুটির কারণে বসুন্ধরা শপিং মল শাখায় মাঝপথে বন্ধ করে দেওয়া হয়, দর্শনার্থীদের ফেরত দেওয়া হয় টিকিটের অর্থ। গতকাল ধানমন্ডির সীমান্ত সম্ভারে এসির সমস্যার কারণে বাতিল করা হয় প্রিন্স সিনেমার বেলা ১টা ৫০ মিনিটের শো। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান প্রিন্সের পরিচালক আবু হায়াত মাহমুদ। প্রিন্স নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে জানান তিনি। তবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের দাবি, কারিগরি ত্রুটির কারণে প্রিন্সের প্রদর্শনী নিয়ে সমস্যা হচ্ছে।

পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘ধানমন্ডিতে হাউসফুল হলেও গতকাল এসি নষ্ট হওয়ার কারণে টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে দর্শকদের। এসির সমস্যা হলেও অন্য হলে প্রিন্স স্থানান্তর করা হয়নি। এর আগের দিন বুধবার বসুন্ধরা সিটিতে অর্ধেক শো দেখার পর দর্শক বের হয়ে গেল। হঠাৎ সাউন্ড বন্ধ হয়ে যায়। টাকা ফেরত দেওয়া হলো দর্শকদের। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম, আপনাদের তো নতুন ডিসিপি দেওয়া হয়েছে। কয়েকবার চেক করে ওকে করা হয়েছে। তাহলে কেন এই সমস্যা? উত্তরে আমাকে জানানো হলো, ওই হলে পুরোনো ডিসিপি দিয়ে চালানো হয়েছিল। আমি যতটুকু জানি একটি সিনেপ্লেক্সে যতটা হল থাকুক একটা সার্ভারের মাধ্যমেই চালানো হয়। তাহলে ওই একটি হলে কীভাবে আগের ডিসিপি রয়ে গেল। তাঁদের একটাই বক্তব্য টেকনিক্যাল প্রবলেম।’

নির্মাতা আরও বলেন, ‘যে দৃশ্যে সমস্যা ছিল সেটা প্রথম ডিসিপিতে। দ্বিতীয় হাফে একই রকম সমস্যা ছিল পরের ডিসিপিতে। ওরা দুটি ডিসিপি জোড়া লাগিয়ে সিনেমাটি চালিয়েছে। মঙ্গলবার রাতে আমরা সিনেমাটি দেখে আসলাম। তখন ওকে ছিল। অথচ শো চলাকালে প্রথম ও দ্বিতীয় দুই পার্টেই সমস্যা ছিল। কী করে এই সমস্যা হলো?’

বারবার কেন ডিসিপি নিয়ে সমস্যা হচ্ছে জানতে চাইলে আবু হায়াত মাহমুদ বলেন, ‘এটা আমার বোধগম্য নয়। প্রিন্সের ডিসিপি যেখান থেকে করা হয়েছে সেখান থেকে আরও একটি সিনেমার ডিসিপি তৈরি হয়েছে। ওই সিনেমা নিয়ে তো সমস্যা হচ্ছে না। অন্য কোনো সিনেমা নিয়ে সমস্যা হচ্ছে না, কেবল প্রিন্স নিয়ে সমস্যা হচ্ছে। প্রথম সপ্তাহেই একটি সিনেমার প্রদর্শনী করা না গেলে ওই সিনেমা ব্যবসা করবে কী করে? প্রযোজক বাঁচবে কী করে? আমাদের ইন্ডাস্ট্রিতে এমনটা কখনো দেখি নাই। সব মিলিয়ে নিজেকে অসহায় মনে হচ্ছে।’

সবকিছুর পেছনে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন আবু হায়াত মাহমুদ। তিনি বলেন, ‘সিনেপ্লেক্সের শোগুলো হাউসফুল ছিল। কিন্তু দেখতে না পেরে দর্শক ফিরে গেছে। অন্যদিকে সিনেপ্লেক্স ছাড়া এই মুহূর্তে সারা দেশে প্রিন্স চলছে। স্বাভাবিকভাবেই সিনেপ্লেক্সে চললে সিনেমাটি ভালো অবস্থানে থাকবে। তাহলে অন্য সিনেমাগুলোর অবস্থান কী হবে ভাবুন। এটা তো সহজ হিসাব। সে জন্যই কি সিনেমাটি চলতে দেওয়া হচ্ছে না? পুরো বিষয়টির সঙ্গে নিশ্চয় কেউ না কেউ জড়িত। না হলে সব সমস্যা আমাদের সঙ্গে কেন হবে? অন্য সিনেমাগুলো প্রথম এক সপ্তাহ সিঙ্গেল স্ক্রিনে চালাবে না, কেবল সিনেপ্লেক্সে চালাবে। হয়তো সে কারণেই প্রিন্সকে একটা সপ্তাহ সিনেপ্লেক্সে চলতে দেওয়া হচ্ছে না।’

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সিনেপ্লেক্সকে দোষারোপ করা ঠিক না। বিগত পাঁচ বছরে সিনেপ্লেক্সের সর্বোচ্চ আয় করা তালিকায় ছিল শাকিব খানের সিনেমা। “প্রিয়তমা”, “বরবাদ”, “তুফান” কিংবা “তাণ্ডব”—সব সিনেমাই ভালো ব্যবসা করেছে। তাহলে শাকিব খানের সিনেমা কেন চালাব না। সিনেমা চললে তো আমাদেরও ব্যবসা হবে। ধানমন্ডিতে এসি সমস্যার কারণে শো বাতিল করা হয়েছে। একই হলে রাক্ষস সিনেমার শো ছিল। সেটাও বাতিল হয়েছে। আর এর আগে যেটা হয়েছে সেটা কারিগরি ত্রুটির জন্য। আর কোনো কারণ নেই। তাড়াহুড়া করে শেষ মুহূর্তে কাজ শেষ করার কারণে এমনটা হতে পারে।’

প্রিন্স সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ, কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ

বৈশ্বিক ‘রেপ একাডেমির’ পর্দা ফাঁস, স্ত্রীকে ধর্ষণ শেখান স্বামীরা

আ.লীগ আমলের নিয়োগ: তদন্তের মুখে পুলিশ বাহিনীর সাড়ে ৯ হাজার নিয়োগ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে জামায়াত এমপির ‘বারণ’, শোনেননি ইউএনও

পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার চিন্তায় ইরান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত