Ajker Patrika

যুক্তরাজ্যের ইউসিএর কালো তালিকায় কুবি নেই, দাবি কর্তৃপক্ষের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
যুক্তরাজ্যের ইউসিএর কালো তালিকায় কুবি নেই, দাবি কর্তৃপক্ষের

সম্প্রতি যুক্তরাজ্য কমিউনিটি ভিত্তিক একটি গণমাধ্যম ও বাংলাদেশের একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের নামসর্বস্ব পাঁচটি বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ)। 

তবে এ তথ্য সঠিক নয় বলে দাবি করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নামগুলোর মধ্যে দেখতে পাওয়া যায় Cumilla এবং Cumillah শব্দ অন্তর্ভুক্ত করে দুটি নামসর্বস্ব বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ রয়েছে। কিন্তু আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নাম ‘Comilla University’ এবং বাংলায় ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়’। এ থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় ‘Comilla University’ ইউসিএর নিষেধাজ্ঞার তালিকায় নেই। ফলশ্রুতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ওই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে কোনো বাধার সম্মুখীন হবে না। 

উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন শিক্ষার্থী ও জনসাধারণকে সচেতন করতে কিছু নামসর্বস্ব বিশ্ববিদ্যালয়ের তালিকা দিয়ে গত ১৮ এপ্রিল গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। 

কুবি প্রশাসন জানিয়েছে, কুবি উপাচার্য এরই মধ্যে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টসের উপাচার্য বরাবর চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনকেও এটি জানানো হবে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মিডিয়ায় যে তথ্যটি ছড়িয়ে পড়ছে তা মিথ্যা ও বিভ্রান্তিকর বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ওমর সিদ্দিকী ও মাহবুবুল হক ভূঁইয়া সমর্থিত বঙ্গবন্ধু পরিষদের একাংশ। 

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কুবিসহ বাংলাদেশের ‘নামসর্বস্ব’ পাঁচটি বিশ্ববিদ্যালয়কে যুক্তরাজ্যের ইউসিএ কালো তালিকাভুক্ত করেছে বলে সংবাদ সম্প্রচারিত হয়েছে। 

এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, ‘আমি নিউজটা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আমার বক্তব্য সঠিকভাবে দেয়নি, আর প্রকাশিত তথ্যটিও সঠিক নয়। আমি তাঁদের জানিয়েছি, এই ফেক নিউজ সরিয়ে নেওয়ার জন্য। তাঁরা পরে সংবাদটি সরিয়ে নিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত