Ajker Patrika

অস্ট্রেলিয়ায় গবেষণায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি রবিউল আলম

ক্যাম্পাস ডেস্ক
অস্ট্রেলিয়ায় গবেষণায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি রবিউল আলম

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের (ইউকিউ) মর্যাদাপূর্ণ ‘এন ভি ভার্গিজ প্রাইজ ফর কম্পারেটিভ এডুকেশন ২০২৬’ অর্জন করেছেন বাংলাদেশি পিএইচডি গবেষক মো. রবিউল আলম। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন থেকে গবেষণার মৌলিকত্ব, একাডেমিক উৎকর্ষ এবং কম্পারেটিভ এডুকেশন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।

এই প্রতিযোগিতামূলক গবেষণা পুরস্কারের বিজয়ী নির্বাচনে একটি নির্বাচক কমিটির মূল্যায়ন ও সুপারিশ বিবেচনা করা হয়। গবেষণার মান, মৌলিকত্ব এবং কম্পারেটিভ এডুকেশনের সঙ্গে প্রাসঙ্গিকতা ছিল বিবেচনার মূল মাপকাঠি।

রবিউল আলমের গবেষণার মূল বিষয় গ্লোবাল সাউথের একটি স্পিরিচুয়াল ট্যুরিজম প্রেক্ষাপটে মাল্টিলিঙ্গুয়াল কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ ম্যানেজমেন্ট ও ল্যাঙ্গুয়েজ সাসটেইনেবিলিটি। গবেষণায় তিনি বিভিন্ন ভাষাগত ও সাংস্কৃতিক পটভূমির মানুষের যোগাযোগ, অংশগ্রহণ এবং ভাষা ব্যবস্থাপনায় সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের ভূমিকা বিশ্লেষণ করেছেন। তাঁর গবেষণা প্রথাগত শ্রেণিকক্ষের বাইরেও ভাষা, সংস্কৃতি ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের সম্পর্ক বোঝার নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরে।

পুরস্কারপ্রাপ্তির অভিনন্দনবার্তায় ইউকিউর স্কুল অব এডুকেশনের প্রধান অধ্যাপক রবিন শিল্ডস আন্তর্জাতিক ধর্মীয় সমাবেশে বহুভাষিক যোগাযোগ নিয়ে রবিউল আলমের গবেষণাকে ‘মৌলিক ও অন্তর্দৃষ্টিসম্পন্ন’ হিসেবে উল্লেখ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত