নারায়ণগঞ্জের ফতুল্লায় মেয়েকে (১৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন দিনমজুর। তাঁকে ফতুল্লার কাশীপুরের নরসিংহপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ চৌধুরী বলেন, ভুক্তভোগী ১৬ বছর বয়সী কিশোরী। বেশ কিছুদিন যাবৎ কিশোরী মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করছিল তার বাবা। সর্বশেষ গত ৩ আগস্ট রাতেও মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
কিশোরীর মা বলেন, প্রায় সময় তার মেয়েকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাব দিত আমার স্বামী। এ বিষয়টি মেয়ের কাছ থেকে জানতে পারি। মেয়ে আমাকে বিষয়টি বলে দেওয়ায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠে আমার স্বামী। পরে গত ৩ আগস্ট রাত আড়াইটার দিকে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহাগ চৌধুরী বলেন, ভুক্তভোগী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্তের প্রয়োজনে তাঁর ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।










