
মাদারীপুরের মহিষের চরে ৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিসিক শিল্পনগরী ঘিরে স্বপ্ন ছিল একটুকরো শিল্পায়নের প্রাণকেন্দ্র গড়ে তোলার। কিন্তু বাস্তবে এটি আজ পরিণত হয়েছে অবহেলায় পড়ে থাকা অর্ধনির্মিত এক স্বপ্নে। চারদিকে ঘাস আর জঙ্গলে ঠাসা জায়গায় জমজমাট শিল্পকারখানার বদলে বিকেলের নীরবতা উপভোগ করতে আসা মানুষের পদচারণ যেন পুরো প্রকল্পের করুণ চিত্রই তুলে ধরে।
শহরের পুরান বাজারে ১৯৮৭ সালে প্রথম বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা করা হয়। তবে প্রায় ৩৭ বছরেও এটি তেমন কোনো উন্নয়ন দেখেনি। শিল্পকারখানা গড়ে ওঠার বদলে জায়গাটি দখল করে নিয়েছে আসবাব কারখানা, স্যানিটারি পণ্য ও করাতকলের মতো কিছু ব্যবসাপ্রতিষ্ঠান। এই স্থবিরতা কাটিয়ে অর্থনৈতিক গতি বাড়ানোর লক্ষ্যে সরকার মহিষের চরে নতুন বিসিক শিল্পনগরী স্থাপন করে। জেলার অর্থনীতির গতি বদলাতে পুরোনো থেকে এই নতুন শিল্পনগরী গড়ার উদ্যোগ নেওয়া হলেও আদৌ বদলায়নি সেই চিত্র। অগ্রগতির এই যাত্রায়ও আবার জানান দিচ্ছে সেই আগের মতো স্থবিরতার গল্প।
২০২২ সালের ২১ এপ্রিল নতুন বিসিক শিল্পনগরীর উদ্বোধন করা হয়। এরপর ২০ একর জমির ওপর ৬০ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হয় ১৮টি শিল্প ইউনিটে ৪৬টি প্লট। পরিকল্পনা ছিল, এখানে গড়ে উঠবে নতুন নতুন শিল্পকারখানা, যা স্থানীয় অর্থনীতিতে প্রাণসঞ্চার করবে।
বরাদ্দ কম, কার্যক্রম নেই
উদ্বোধনের আড়াই বছরের বেশি পেরিয়ে গেলেও মাত্র ২৪টি প্লট বরাদ্দ হয়েছে। বাকি ২২টি প্লট এখনো ফাঁকা। বরাদ্দ পাওয়া প্লটগুলোতেও এখনো কোনো কারখানা বা শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি, তাই উৎপাদনে যাওয়া দূরে থাক, উল্টো মাদারীপুর নতুন বিসিক শিল্পনগরীর পুরো জায়গা ঘাস, লতাপাতা আর ঠাসা জঙ্গলে সয়লাব হয়ে উঠেছে। সন্ধ্যায় এখানে স্থানীয়রা নীরব পরিবেশে ঘুরতে আসে; যা পরিণত হয়েছে বিনোদনের আখড়ায়।
ব্যবসায়ীদের হতাশা
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এখানে কারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নেই। গ্যাস, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ব্যবস্থা—কিছুই সঠিকভাবে গড়ে তোলা হয়নি। তা ছাড়া প্লটের দাম এত বেশি যে অনেক উদ্যোক্তাই বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন।
হানি বাংলাদেশ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আনোয়ার সরদার বলেন, ‘আমি দুই কোটি টাকা খরচ করে নতুন বিসিকের একটি প্লটে ভবন নির্মাণ করেছি। কিন্তু এখানে অন্য কোনো প্রতিষ্ঠান গড়ে না ওঠায় আমার বিনিয়োগ থেকে কোনো লাভ হচ্ছে না।’
মাদারীপুরের কসমেটিক ব্যবসায়ী সোহাগ হাসান বলেন, যারা প্লট নিয়েছে, তারাও এখন পর্যন্ত কোনো সুবিধা পায়নি। ফলে নতুন করে কেউ এখানে বিনিয়োগে আগ্রহী নয়। পরিবেশ তৈরি না হলে এই জায়গার কোনো ভবিষ্যৎ নেই।
কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. মাহামাদুল হাসান বলেন, ‘আমরা নতুন উদ্যোক্তাদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্লট বরাদ্দের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে; পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছি। আশা করছি, শিগগির তাঁরা এগিয়ে আসবেন এবং এখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলবেন।’
সমাধানের পথ
অর্থনৈতিক সম্ভাবনাময় এই প্রকল্প সফল করে তুলতে দ্রুত অবকাঠামো উন্নয়ন, সহায়ক পরিবেশ তৈরি এবং বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক নীতিমালা গ্রহণ জরুরি। মাদারীপুরের এই বিসিক শিল্পনগরীকে কার্যকর করতে এখনই সঠিক উদ্যোগ না নিলে এটি কেবল অর্থ ও সম্ভাবনার অপচয়ের একটি উদাহরণ হয়ে থাকবে।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫-২০ টাকা বৃদ্ধির ঘোষণার পর থেকে সর্বত্র একধরনের অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে। এর মধ্যে ঘোষণা এল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির। সেটাও বেশ বড় বৃদ্ধি, ১৭ দিনের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৫৯৯ টাকা।
২ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি চাহিদা তৈরি হয়েছে। অথচ সরবরাহ এত দিন দেওয়া হচ্ছিল গত বছরের গড় হিসাবে। ফলে বাড়তি চাহিদা পূরণ না হওয়ায় বাজারে সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে এখন জেলা প্রশাসনের...
৪ ঘণ্টা আগে
দেশের অনেক তরুণ এখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, গড়ে তোলার চেষ্টা করছেন নতুন স্টার্টআপ। তরুণদের এসব উদ্ভাবন ও সামাজিক উদ্যোগকে টেকসই রূপ দিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। এ লক্ষ্যে ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম চালু করেছে ‘আমরা নতুন তরুণ সামাজিক উদ্যোক্তা ফেলোশিপ প্রোগ্রাম’।
৭ ঘণ্টা আগে
চিফ হুইপ এমপিদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং একটি রূপক বা স্যাটায়ার তিমি ও হাঙর মাছের নাম ব্যবহার করেছিলেন। তার মিম শেয়ার করার কারণে সাইবার নিরাপত্তা আইনের ২৫ ধারায় মামলা হয়েছে। এই ধারা মূলত যৌন নির্যাতন সংক্রান্ত বিষয়ে প্রয়োগের কথা, কিন্তু একটি মিম শেয়ার করার মধ্যে যৌন নির্যাতন কোথায়...
৮ ঘণ্টা আগে