Ajker Patrika

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২০: ৫৯
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল

রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের যোগ্যতায় শিথিলতা এনেছে সরকার। এখন থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে দুই বছর কাজের অভিজ্ঞতা না থাকলেও এসব ব্যাংকের এমডি হওয়ার সুযোগ থাকবে। তবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ২০ বছরের কাজের অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতার শর্ত বহাল রাখা হয়েছে।

ব্যাংক ছয়টি হলো—সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)।

গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত নিয়োগ নীতিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে।

এর মধ্য দিয়ে গত ৯ মাসে একই নীতিমালা তিনবার পরিবর্তন করা হলো। এর আগে গত ১৮ জানুয়ারি ও ২৬ জুলাই নীতিমালায় সংশোধনী আনা হয়। মূল নীতিমালাটি জারি করা হয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে।

গত ২৬ জুলাই জারি করা ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা’ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন দেওয়া হয়।

সংশোধিত নীতিমালায় এমডি পদে নিয়োগের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ২০ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল রাখা হয়েছে। পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, চাকরির রেকর্ড ও ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগে কাজের অভিজ্ঞতাও মূল্যায়ন করা হবে। নিয়োগের আগে বাছাই কমিটির সুপারিশের পাশাপাশি প্রার্থীর গোয়েন্দা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন পর্যালোচনার বিধান রয়েছে।

নীতিমালায় এমডি নিয়োগের প্রক্রিয়ায়ও পরিবর্তন আনা হয়েছে। সরকার সরাসরি নিয়োগের পরিবর্তে প্রার্থী মনোনয়ন দেবে। সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়ে নিয়োগ চূড়ান্ত করবে। তবে ছয়টি বিশেষায়িত ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি নিয়োগের ক্ষমতা সরকারের হাতেই থাকছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, এবারের সংশোধনের ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদে নিয়োগের সুযোগ বাড়বে। তাঁদের মতে, পছন্দের ব্যক্তিদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদে নিয়োগের সুযোগ তৈরি করতেই অভিজ্ঞতার শর্ত শিথিল করা হয়েছে। তাঁদের দাবি, ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকায় আগে যাঁদের নিয়োগ দেওয়ার সুযোগ ছিল না, সংশোধিত নীতিমালায় তাঁরা সুযোগ পেতে পারেন। তবে সরকারের পক্ষ থেকে নীতিমালা সংশোধনের কারণ ব্যাখ্যা করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত