দর্শনার্থীদের আনাগোনায় ঢাকায় জমে উঠছে এশিয়ান পর্যটন মেলা। আজ শুক্রবার মেলার দ্বিতীয় দিনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রথম দুই দিনের তুলনায় মানুষের চাপ বেড়েছে।
আয়োজকেরা বলছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে প্রথম আন্তর্জাতিক এই পর্যটন মেলা মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে। এটি দেশের পর্যটন খাতের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
‘খুলবে পর্যটনের দুয়ার—এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হয় ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৪। মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ কে এম আফতাব হোসাইন প্রামাণিক। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। পর্যটনশিল্পে গতি ফেরাতে তিন দিনব্যাপী এ ট্যুরিজম ফেয়ার চলবে ২১ সেপ্টেম্বর (শনিবার) পর্যন্ত।
১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশসহ মালদ্বীপ, চীন, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভুটান, সিঙ্গাপুরের শতাধিক পর্যটন সংস্থা অংশ নিয়েছে। মেলায় থাকছে আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়ের ব্যবস্থা।
মেলায় দৃষ্টিনন্দন স্টল করেছে চায়না দূতাবাস। দূতাবাসের কর্মী তন্নী রহমান বলেন, ‘আমরা চায়নার বিভিন্ন পর্যটন গন্তব্যের তথ্য মেলায় আসা দর্শনার্থীদের কাছে তুলে ধরছি। দর্শনার্থীদের মধ্যে যাঁরা চায়নার পর্যটন ভিসার জন্য আবেদন করবেন, তাঁদের ভিসা প্রাপ্তিতে আমরা বিশেষ সহযোগিতা করব।’
মেলায় ঘুরতে আসা পর্যটন ব্যবসায়ী এমদাদুল হক বলেন, ‘বিভিন্ন দেশের এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে মেলায় এসেছি। মালদ্বীপ ও সিঙ্গাপুরের এজেন্সির সঙ্গে কথা বলতে পেরেছি।’ তবে তিনি অভিযোগ করেন, মেলায় বেশ কিছু স্টলে হোটেল-রিসোর্টের পার্টনারশিপ শেয়ার বিক্রি করছে, যা পর্যটন মেলার সৌন্দর্য ক্ষুণ্ন করেছে।
দেশীয় পর্যটনের নতুন গন্তব্য খুঁজতে মেলায় এসেছেন দর্শনার্থী খালিদ সাইফুল্লাহ মাহমুদ। তিনি বলেন, গৎবাঁধা কিছু গন্তব্য ছাড়া দেশীয় পর্যটনের খুব বেশি বিকাশ হয়নি। তবে এই মেলায় টাঙ্গুয়ার হাওর, সুন্দরবন ও নিঝুম দ্বীপের কিছু প্যাকেজ ভালো লেগেছে।
মেলায় অংশ নিয়েছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মেলার দর্শনার্থীদের জন্য সংস্থাটি কানাডার টরন্টো, চায়নার গুয়াংজু, ভারতে দিল্লিসহ আন্তর্জাতিক দশটি গন্তব্যে টিকিটে ১৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে।
নদী ভ্রমণের প্যাকেজে একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি দিচ্ছে ঢাকা ডিনার ক্রুজ। প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. সোহেল বলেন, ‘বাই ওয়ান, গেট ওয়ান প্যাকেজে একটি টিকিটে দুজন ভ্রমণ করতে পারবেন। এই ভ্রমণের আওতায় মুরাপাড়া জমিদারবাড়ি ও রূপসী জামদানিপল্লি ভ্রমণ করতে পারবেন।’
মেলার একটি স্টলে ফিলিপাইনের বিভিন্ন আকর্ষণীয় পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে চামড়ার ব্যাগ, জুতা, মুক্তার মালা, মজাদার খাবার, বিশেষ সাবান। সেখানে ফিলিপাইনের অনুমোদিত তিনটি এজেন্সি বিভিন্ন ভ্রমণ প্যাকেজ অফার করছে।
পর্যটন বিচিত্রার আয়োজনে এশিয়ান ট্যুরিজম ফেয়ার প্রথম শুরু হয় ২০১০ সালে। পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল আজকের পত্রিকাকে বলেন, পর্যটনশিল্পে গতি ফেরাতে বাংলাদেশের পর্যটন আকর্ষণকে দেশ-বিদেশের মানুষের কাছে আরও জনপ্রিয় করতেই এই মেলার আয়োজন। আঞ্চলিক পর্যটনশিল্পের সঙ্গে আন্তর্জাতিক সেতুবন্ধন করাই এই মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
২৮ মিনিট আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
৫ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
৭ ঘণ্টা আগে
কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সোনালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। আজ বুধবার (১৪ অক্টোবর) এ-সংক্রান্ত এক সার্কুলারে এই ডাউনটাইমের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১০ ঘণ্টা আগে