Ajker Patrika

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় চার গুণ

মৃত্তিকা সাহা, ঢাকা
বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় চার গুণ
প্রতীকী ছবি

দেশে বিদেশিদের কার্ডে যত টাকা খরচ হচ্ছে, তার প্রায় চার গুণ ব্যয় করছেন বাংলাদেশিরা বিদেশে। গত আগস্টে বিদেশে বাংলাদেশিদের কার্ডে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৮৭ কোটি টাকা। বিপরীতে বিদেশিরা বাংলাদেশে তাঁদের কার্ড ব্যবহার করে খরচ করেছেন প্রায় ২৪৯ কোটি টাকা। দুই দিকের ব্যয়ের এই ব্যবধান দেশের কার্ডভিত্তিক লেনদেনে আন্তর্জাতিক ব্যয়ের বড় উপস্থিতি তুলে ধরছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ে বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ছিল প্রায় ৯৮৫ কোটি টাকা। আগস্টে তা বেড়ে ৯৮৭ কোটি টাকা হয়েছে। অন্যদিকে দেশে বিদেশিদের কার্ডে ব্যয় এক মাসে ৬ দশমিক ২৭ শতাংশ বেড়ে ২৩৪ কোটি টাকা থেকে প্রায় ২৪৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় হয়েছে ৫০৪ কোটি ৬০ লাখ টাকা। ডেবিট কার্ডে ৪২২ কোটি ১০ লাখ এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি ১০ লাখ টাকা। ক্রেডিট কার্ড ব্যবহারে বাংলাদেশিদের পছন্দের শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। দেশটিতে হয়েছে মোট বৈদেশিক ক্রেডিট কার্ড লেনদেনের ১৭ দশমিক ১৬ শতাংশ। এরপর রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভারত ও সিঙ্গাপুর। ডেবিট কার্ড ব্যবহারে শীর্ষে যুক্তরাজ্য; মোট লেনদেনের ১৪ দশমিক ১৯ শতাংশ হয়েছে সেখানে। প্রিপেইড কার্ডে সবচেয়ে বেশি, ১৮ দশমিক ৭১ শতাংশ লেনদেন হয়েছে ভারতে।

দেশে ক্রেডিট কার্ডের ব্যয় কমেছে

বিদেশে ব্যয় বাড়লেও দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে। জুলাইয়ের ৪ হাজার ৩২৪ কোটি ৮০ লাখ টাকা থেকে আগস্টে তা নেমে এসেছে ৪ হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকায়। কমেছে ৫ দশমিক ৪৪ শতাংশ। দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের মোট লেনদেনের ৪৮ দশমিক ১৪ শতাংশ হয়েছে ডিপার্টমেন্ট স্টোরে। রিটেইল আউটলেটে ১২ দশমিক ৬৭, ইউটিলিটি বিল পরিশোধে ১০ দশমিক ৮০ এবং ওষুধ ও ফার্মেসিতে ৬ দশমিক ৯৪ শতাংশ লেনদেন হয়েছে। নগদ টাকা উত্তোলনে ব্যয় হয়েছে ৬ দশমিক ৪৩ শতাংশ। তবে রিটেইল আউটলেটে লেনদেন ৪৮৭ কোটি ৯০ লাখ টাকা থেকে বেড়ে ৫১৮ কোটি ৩০ লাখ টাকা হয়েছে। ইউটিলিটি বিল, ওষুধ, পোশাক ও পরিবহন খাতেও লেনদেন বেড়েছে।

পাঁচ বছরে কার্ড বেড়েছে ৯৬ শতাংশ

২০২১ সালের সেপ্টেম্বর শেষে দেশে ডেবিট কার্ড ছিল ২ কোটি ৪২ লাখ ২৫ হাজার, ক্রেডিট কার্ড ১৭ লাখ ৬৩ হাজার এবং প্রিপেইড কার্ড ১০ লাখ ২৭ হাজার। ২০২৬ সালের আগস্টে সংখ্যা বেড়ে যথাক্রমে ৪ কোটি ৮৭ হাজার, ২৮ লাখ ৫ হাজার ও ৯২ লাখ ৭১ হাজার হয়েছে। পাঁচ বছরে কার্ডের সংখ্যা বেড়েছে ৯৬ শতাংশ, লেনদেন বেড়েছে ১০৩ শতাংশ। সবচেয়ে দ্রুত বেড়েছে প্রিপেইড কার্ডের সংখ্যা।

আগস্ট শেষে ক্রেডিট কার্ডের বিপরীতে অনুমোদিত ঋণসীমা ছিল ৪৩ হাজার ১০৮ কোটি টাকা। বকেয়া ঋণ ছিল ১৪ হাজার ৪৮২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, নগদ লেনদেন নিরুৎসাহিত করে ডিজিটাল লেনদেন বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। কার্ডের পাশাপাশি বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন বাড়ানোর উদ্যোগও রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত