গত ৫০ বছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে। বিশেষ করে কৃষি ও অকৃষি খাত ঢের সম্প্রসারিত হয়েছে। সেটি একটা ভিত রচনা করেছে আমাদের অর্থনীতিতে।
সে জন্য করোনাকালেও আমাদের খুব একটা সমস্যা হয়নি, বিশেষ করে খাদ্যনিরাপত্তার ব্যাপারে। কৃষি থেকে সেটা পাওয়া গেছে। একটা ভবন বানাতে হলে ভিত শক্ত করতে হয়। তাহলেই ওপরের অংশটা বড় করে বানানো যায়। সে হিসাবে কৃষিতে এখনো আমাদের কর্মসংস্থান ৩৬-৩৭ শতাংশ। দারিদ্র্য নিরসনেও সেখানে একটা বড় ভূমিকা আছে। এ জন্য কৃষির ওপর জোর দেওয়া গুরুত্বপূর্ণ। এ ছাড়া অন্যান্য খাত, যেমন রপ্তানি ও শিল্প খাতও সম্প্রসারিত হয়েছে।
আরেকটা দিক হচ্ছে ডিজিটাল সম্প্রসারণ, যেটা একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। দেশে তথ্যপ্রযুক্তি ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। করোনাকালে সেটাও আমাদের সহায়তা করেছে। এর আরেকটা বড় দিক হচ্ছে, এটা যত বেশি ব্যবহার করা যাবে, দুর্নীতি তত কমিয়ে আনা যাবে। ইতিমধ্যে এটা দুর্নীতি কমিয়ে আনতে সহযোগিতা করছে।
দেশকে এগিয়ে নিতে মানুষের সক্ষমতা দরকার হয়। মানুষের সক্ষম হওয়ার পেছনে তিনটি বিষয় কাজ করে। এগুলো হলো শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা। আমাদের শিক্ষার সম্প্রসারণ হয়েছে। শিক্ষার হার ৭৬ শতাংশে পৌঁছে গেছে, কিন্তু মান নিয়ে সমস্যা রয়েছে। এখন মানের দিকে নজর না দিলে আগামী দিনে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করতে গেলে যে দক্ষ লোকজন প্রয়োজন হবে, সেখানে সমস্যা দেখা দেবে। এটি সরকারের নীতি ও কর্মসূচিতেও আছে। ২০১১ সালে দক্ষতা উন্নয়ন নীতি করা আছে। কিন্তু যাঁরা বাস্তবায়ন করেন, তাঁরা সঠিকভাবে তা করেন না। ফলে সেখানে যতটুকু অগ্রগতি হওয়ার সম্ভাবনা ছিল, সেটা হয়নি।
স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে। সর্বজনীন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক নির্মাণ ছিল দূরদর্শী সিদ্ধান্ত। কিন্তু সেগুলো সব জায়গায় সঠিকভাবে কাজ করে না। সেদিকে বিশেষ নজর দিতে হবে। এই কমিউনিটি ক্লিনিকগুলোকে কেন্দ্র করে সর্বজনীন স্বাস্থ্যসেবা দেওয়া খুব জরুরি। এর জন্য একটি পরিপূর্ণ ব্যবস্থা শুরু করা যেতে পারে। এ জন্য সময় লাগবে, কিন্তু শুরু করতে হবে। এর ভিত আমাদের আছে। শুরু করলে সর্বজনীন স্বাস্থ্যসেবা আমরা হয়তো ৫-১০ বছর পরে নিশ্চিত করতে পারব।

অন্যান্য সামাজিক সূচকেও দারিদ্র্য কমে এসেছে। করোনার আগে সাড়ে ২০ শতাংশে নেমে এসেছিল। করোনায় বেড়েছে নিশ্চয়ই। এ ক্ষেত্রে সরকারের একটা নির্দিষ্ট তথ্য দেওয়া উচিত যে, আসলে দারিদ্র্য কত বেড়েছে বা বাড়েনি।
সামাজিক সূচকগুলোর মধ্যে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমেছে। অনেকগুলোতে আমরা দক্ষিণ এশিয়ায় সর্বাগ্রে আছি। কিছু সামাজিক সূচকে পৃথিবীতে অগ্রগামী দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়নেও আমরা যথেষ্ট এগিয়েছি। যদিও পথ এখনো অনেক বাকি। তবে আমরা যে এগিয়ে যাচ্ছি, এতে সংশয় নেই।
কাজেই অর্জন অনেক আছে। এখন কাজ হলো করোনা মোকাবিলা করা এবং রাশিয়া-ইউক্রেন সংকটের যে অভিঘাত পড়বে, সেখান থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায়। সব সময় নজর রাখতে হবে, কোন সমস্যাটা সামনে আসছে। সেটাকে সমাধান করে এগিয়ে যেতে হবে। যেমন এখন আমাদের একটি বড় সমস্যা হতে পারে মূল্যস্ফীতি। গত মে মাসে হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ, এপ্রিলে ছিল ৬ দশমিক ২৯ শতাংশ। অতিদরিদ্র, নিম্ন আয়ের মানুষ বা নির্ধারিত আয়ের মানুষের ওপর এর অভিঘাত পড়বে। এ ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সরকারও সজাগ আছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। বাস্তবতার আলোকে সেই চেষ্টা আরও জোরদার করতে হবে।
করোনার অভিঘাত থেকে উদ্ধার হয়ে এগিয়ে যেতে হবে টেকসই উন্নয়ন বাস্তবায়নের জন্য। বাস্তবতা অনুযায়ী গৃহীত নীতিতে প্রয়োজনে পরিবর্তন অথবা পরিমার্জন আনতে হবে।
করোনাকালেও আমাদের অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। মুষ্টিমেয় কয়েকটি দেশ এই অর্জন করতে পেরেছে। এর মধ্যে ২০২০-২১ অর্থবছরে ৬ দশমিক ৪ শতাংশ, আর ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ২৫ শতাংশ। সুতরাং আমরা অর্থনৈতিক দিক থেকে দেশকে এখনো এগিয়ে নিয়ে যেতে পারছি। কিন্তু আগের জায়গায় যেতে সময় লাগবে; বিশেষ করে রাশিয়া-ইউক্রেন সংকট এর মধ্যে ঝামেলা বাধাতে পারে। কিন্তু এরই মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে, সেটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই। এটি একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে আবির্ভূত হতে পারে।
বাংলাদেশে বৈষম্য যতটা বাড়তে পারত, আমার বিবেচনায় ততটা বাড়েনি কয়েকটি কারণে। এগুলোর মধ্যে আছে গ্রামীণ অর্থনীতিকে জোর দেওয়া, সামাজিক নিরাপত্তাবেষ্টনী সম্প্রসারণ করা, দরিদ্রদের বিভিন্নভাবে সহায়তা করা ইত্যাদি। এ কারণে বৈষম্য অতটা বাড়েনি। তারপরও যেটা আছে, সেটা কম নয়। সেদিকে অবশ্যই নজর রাখা প্রয়োজন।

২০২২ সালের ২২ সেপ্টেম্বর। কয়েকজন সহকর্মী একসঙ্গে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর উদ্দেশে রওনা হই। লক্ষ্য ছিল একটি অভিযোগের অনুসন্ধান। অভিযোগ ছিল রাঙ্গাবালী সদর ইউনিয়নের সেই সময়ের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান খান ওরফে মামুন খানের বিরুদ্ধে।
১০ দিন আগে
শিক্ষা বোর্ডগুলোর অধীনে অনুষ্ঠিত একেকটি পাবলিক পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ কার্যনির্বাহী প্রধানমন্ত্রীকে সরাসরি সম্পৃক্ত করা বা না করার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসে, পাবলিক পরীক্ষার মতো বিষয়েও যদি খোদ প্রধানমন্ত্রীকে...
১০ দিন আগে
রাজশাহীর জন্য নানা যৌক্তিক দাবি নিয়ে মাঠে থাকেন আতিকুর রহমান। সেই সূত্রে পরিচয়। নানা খবরাখবর জানান। গত বছরের ২ সেপ্টেম্বর তিনি হোয়াটসঅ্যাপে একটা চমকে যাওয়ার মতো খবর দিলেন; রাজশাহী শহরের একখণ্ড জমি থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী ১৬টি পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে। তখনই সরেজমিনে খবরের সত্যতা...
১০ দিন আগে
ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের নতুন যাত্রায় ক্রীড়াঙ্গনকে নিয়ে সরকারের ভাবনা কী, কীভাবে এগোচ্ছে বা এগোতে চাইছে সরকার—পুরো বিষয়টি ‘আজকের পত্রিকা’কে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাক্ষাৎকার নিয়েছেন আজকের পত্রিকার হেড অব স্পোর্টস রানা আব্বাস।
১১ দিন আগে