
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থীদের মধ্যে কোনো ব্যাংক ডাকাত, চাঁদাবাজ-মামলাবাজ নেই।’ আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘আমরা নিজেরা দুর্নীতি করব না এবং কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয়ও দেব না। সকলের জন্য ন্যায়বিচার হবে, এখানে কেউ রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না। জুলাই সনদ এবং সংস্কারের সমস্ত প্রস্তাব মেনে নিয়ে তা বাস্তবায়নের ওয়াদা করতে হবে। এই তিন শর্তে যারা একমত হয়েছে, তারা আমরা, ১১ দলে একত্রিত হয়েছি। আমাদের ১১ দলের প্রার্থীদের মাঝে কোনো ব্যাংক ডাকাত নাই। চাঁদাবাজ, ঋণখেলাপি, মামলাবাজ, নারী নির্যাতনকারী, মানুষের অধিকার হরণকারী নাই। আমরা বেছে বেছে গুনে গুনে চেষ্টা করেছি। আমরা আগামীতে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই।’
জামায়াত আমির বলেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি জাতির বাঁক পরিবর্তন এবং জাতিকে সঠিক পথে উঠানোর নির্বাচন। বহু রক্তের বিনিময়ে আমরা এই নির্বাচন পেয়েছি। যাঁরা বুক চিতিয়ে লড়াই করে চব্বিশ এনে দিয়েছিলেন আমাদেরকে, তাঁদের অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাই আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। আমরা সমাজের সর্বক্ষেত্রে ন্যায়বিচার চাই। এই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ।’
শফিকুর রহমান বলেন, ‘তাহলে কি এই সীমানা বড় হয়ে যাবে নাকি এখন? না, সীমানা ঠিক থাকবে; কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের মতো করে সাজানো হবে। অনেকে বলে, এটা সিঙ্গাপুর হবে, কানাডা হবে। আমরা বলি না, এটা উত্তম বাংলাদেশ হবে। যে বাংলাদেশের প্রত্যেক মানুষ বলবে—আলহামদুলিল্লাহ, আমি একজন বাংলাদেশি। আরও সহজভাবে বলবে—আমিই বাংলাদেশ।’
জামায়াত আমির বলেন, ‘আমরা সে বাংলাদেশ চাই যে বাংলাদেশে শিশু, বৃদ্ধ, আবালবনিতা সকলের নিরাপত্তা নিশ্চিত হবে। যে বাংলাদেশে আমার মায়েরা ঘরে, চলাচলে, কর্মস্থলে নিরাপদ থাকবে, সমাজ তাদের মর্যাদা দেবে; সেই বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি। আমরা সেই শিক্ষাব্যবস্থা চাই, যেই শিক্ষাব্যবস্থা লড়াকু একজন সৈনিক তৈরি করবে, যে দেশটাকে গড়ে দেবে। আমাদের যুবকেরা কারও কাছে বেকার ভাতা চায় না। আমরা ওয়াদাবদ্ধ। আমরা গ্রামীণ অর্থনীতিকে পাল্টে দেব।’
অপরাধ করলে সবার সমান সাজা হবে—এমন প্রত্যাশার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘এমন বিচারব্যবস্থা আমরা চাই, যে বিচারে একজন সাধারণ মানুষের কোনো অপরাধ করলে যে শাস্তি হবে; দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি একই অপরাধ করেন, বিচার তাঁকে ছাড় দিয়ে কথা বলবে না। একই শাস্তির আওতায় তাঁকে আনা হবে। আনতে বাধ্য করা হবে। ন্যয়বিচার যখন প্রতিষ্ঠিত হবে, জনগণ সকল ক্ষেত্রে তাদের অধিকার পেয়ে যাবে। এই বাংলাদেশে কোনো অভদ্র, কোনো দুষ্টু, কোনো বেয়াদব আমার মায়েদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পাবে না। ওই বাংলাদেশ যেখানে ধর্মবর্ণ, জাত-পাতে ভেদাভেদ করে বাংলাদেশটাকে আর টুকরো টুকরো করতে দেব না। এই বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ।’
শফিকুর রহমান বলেন, ‘কর্মস্থলে যে সমস্ত মায়েরা-বোনেরা কাজ করেন; তাঁদের জন্য বেবি কেয়ার, ডে-কেয়ার সেন্টার গড়ে তোলা হবে জায়গায় জায়গায়। শিল্প এবং ঘন এলাকায় তাদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। রাষ্ট্রকে তারা দিয়েই যাবে, আর তাদের মূল্যায়ন রাষ্ট্র করবে না, এটা হতে পারে না। এই রাষ্ট্র শ্রমিকদের দাবি আদায়ের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি করবে না। শ্রমিক না চাইতেই তাঁর দাবি পৌঁছে দিতে হবে। এই নীতিমালার ভিত্তিতে আমরা দেশটাকে গড়তে চাই।’
জনসভায় হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘প্রথম ভোট হবে হ্যাঁ। দ্বিতীয় ভোট দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের জন্য ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা।’
জনসভায় শফিকুর রহমান রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতের প্রার্থী দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আব্দুল খালেক।

ডিঙাপোতা হাওরের বুক চিরে একসময় নীরবে বয়ে চলত একটি নদ। নাম দেওরাজান। আজ সেই নদের বুকে আর ঢেউ খেলে না, পানির কলকল ধ্বনিও শোনা যায় না। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া বাজারের পূর্বপাশে দাঁড়িয়ে নদটির দিকে তাকালে এখন চোখে পড়ে বিস্তীর্ণ বালুচর।
৩৬ মিনিট আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের চার জেলায় আসন ২৪টি। এগুলোর মধ্যে শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুতে সেখানে স্থগিত করা হয়েছে ভোট গ্রহণ। বাকি ২৩টি আসনে জোরেশোরে চলছে শেষ মুহূর্তের প্রচার।
১ ঘণ্টা আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মানুষ বংশপরম্পরায় মাছ শিকার ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। তবে গত দুই দশকে দেশি-বিদেশি পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে দ্বীপের অর্থনীতির ধরন বদলে গেছে। পূর্বপুরুষের পেশা ছেড়ে রাতারাতি পর্যটননির্ভর নানা ব্যবসায় যুক্ত হয়েছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে প্রায় দুই কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে একটি সংযোগ সড়ক সংস্কারের কাজ জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের অন্তত আটটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
১ ঘণ্টা আগে