‘দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় থাকবেন বিএনপির ১০ হাজার স্বেচ্ছাসেবী’

পঞ্চগড়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ হাজার কর্মী স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ অনৈক্য সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা করলে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।
আজ শুক্রবার বিকেলে বোদা উপজেলার অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ১৬টি মন্দিরে ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।
ফরহাদ হোসেন আজাদ বলেন, দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে বসবাস করছি, সেই অবস্থান বজায় রাখবই। এর মধ্যে গুপ্ত-সুপ্ত ষড়যন্ত্রকারীরা যদি আবারও আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে গ্রামের সবাই সম্মিলিতভাবে তা প্রতিহত করব।
প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক স্বেচ্ছাসেবীর ছবিসহ পরিচয়পত্র থাকবে। তাঁরা পূজামণ্ডপের পাশে থেকে ২৪ ঘণ্টা তিনটি দলে ভাগ হয়ে দায়িত্ব পালন করবেন। প্রতিটি দলে থাকবেন ১০ জন করে স্বেচ্ছাসেবী। পূজার আয়োজন, আরতি এবং প্রতিমা ও মণ্ডপের নিরাপত্তায় তাঁরা সহযোগিতা করবেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, স্বেচ্ছাসেবীদের দায়িত্ব পালনের জন্য মন্দির কমিটিকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। তাঁদের প্রয়োজনীয় নাশতা ও অন্যান্য ব্যবস্থার দায়িত্ব নিজেই নেবেন বলে জানান প্রতিমন্ত্রী।









