খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

খুলনায় আবারও গুলির ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩৩) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। স্থানীয় সূত্রের দাবি, মোটরসাইকেলে এসে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা।
আহত রামিম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল মোল্লা।
পুলিশের ভাষ্য, রামিম বিশ্বাস খুলনার পরিচিত সন্ত্রাসী গোষ্ঠী ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য ছিলেন। প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের জেরে তাঁকে গুলি করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন রামিম। পথে পারহাজী গ্রামের আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তাঁর পিঠের ডান পাশে গুলি লাগে। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের ৯ ও ১০ নম্বর সার্জারি ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, রামিম যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মাদক বিক্রি ও ‘বি কোম্পানি’র সঙ্গে সম্পৃক্ত। মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে খুলনা নগরীতে গুলি করে দুজনকে হত্যা করা হয়। ওই দিন ভোরে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম তুষার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যায় লবণচরার জিন্নাপাড়া বউবাজার এলাকায় খুশি বেগম (২৫) নামে এক গৃহবধূকে তাঁর মায়ের সামনে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।









