Ajker Patrika

হতাশার হারে নারী এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

১৭: ০১

চারেই রইল বাংলাদেশ

চার ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে বাংলাদেশ চারেই রইল ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে। ৩ পয়েন্ট নিয়ে উজবেকিস্তান তিনে, গ্রুপের আরেক ম্যাচে উত্তর কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে চীন।

এশিয়ান কাপে বাংলাদেশ

প্রথম ম্যাচ: চীন ২-০ বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচ: উত্তর কোরিয়া ৫-০ বাংলাদেশ

তৃতীয় ম্যাচ: উজবেকিস্তান ৪-০ বাংলাদেশ

এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাঁদের ধন্যবাদ জানিয়ে আজকের পত্রিকার ধারাবিবরণী শেষ করছি।

১৬: ৫৫

হতাশার হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

হতাশার হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

নির্ধারিত ৯০ মিনিটের সঙ্গে যোগ করা হলো আরও ৬ মিনিট। কিন্তু বাংলাদেশের হার যেন আগেই নির্ধারিত। জয়ের প্রত্যাশা জাগিয়ে নামলেও শেষ পর্যন্ত উজবেকিস্তানের বিপক্ষে ৪-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে বাংলাদেশের। আর উজবেকিস্তান স্বপ্ন পূরণ করেছে কোয়ার্টার ফাইনাল খেলার।

প্রথমার্ধের এক গোল হজম করলেও বাংলাদেশ ছিল দারুণ। বল দখলে এগিয়ে থেকে করতে থাকে একের পর এক আক্রমণ। বিরতির পরও সেই খেলা ধরে রাখেন ঋতুপর্ণারা। কিন্তু ৬০ মিনিটের পর একচেটিয়া দাপট দেখায় উজবেকিস্তান। একে একে ৩ গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় তারা।

১৬: ৪৭

উজবেকিস্তানের চতুর্থ গোল

৮৮’ উজবেকিস্তানের হয়ে ব্যবধান ৪-০ করলেন নিলুফার কুদ্রাতোভা। উমিদা জোইরোভার হেড ডি-বক্সের মাঝখানে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়ান এই ফুটবলার। ক্লান্তি পেয়ে বসছে বাংলাদেশকে।

১৬: ৪১

প্রীতির শট

৮২’ বক্সের বাইরে থেকে সৌরভী আকন্দ প্রীতির শট ঝাঁপিয়ে পড়ে ঠেকালেন উজবেক গোলরক্ষক।

১৬: ৩১

ভিএআরে বাতিল গোল

ভিএআরে বাতিল গোল

৭২’ চতুর্থ গোলটি পেয়েই গিয়েছিল উজবেকিস্তান। মিলির কাছ থেকে বল কেড়ে নিয়ে ফাঁকা পোস্টে গোল করেন আসালখোন আমিনজোনোভা। কিন্তু ভিএআরে দেখা যায় বল মিলির হাতে জমাট ছিল। তাই রেফারি বাতিল করেন গোল। উজবেকিস্তান ৩-০ বাংলাদেশ।

১৬: ২৬

৬ মিনিটে নোজিমোভার জোড়া গোল

৬২’ বদলি নামলেন ৬০ মিনিটে। ৬ মিনিটের মধ্যেই জোড়া গোল করে ফেললেন নোজিমোভা। বাংলাদেশের হাই লাইন ডিফেন্স ভাঙতে কোনো অসুবিধা হচ্ছে না তাঁর। খাবিবুল্লায়েভার বাড়ানো বলে বক্সের ভেতর নিয়ন্ত্রণ নেন নোজিমোভা। এরপর বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান তিনি।

১৬: ২৬

তিন পরিবর্তন

একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। শিউলি আজিম, আনিকা সিদ্দিকি ও উমেহলা মারমার জায়গায় নেমেছেন হালিমা, প্রীতি ও শামসুন্নাহার।

১৬: ২১

আবারও এগিয়ে গেল উজবেকিস্তান

৬২’ পাল্টা আক্রমণের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করল উজবেকিস্তান।বাঁ প্রান্ত দিয়ে উমিদা জোইরোভার বাড়ানো পাসে জায়গা মতো বল ফেলেন দুই মিনিট আগে বদলি নামা দিলদোরা নোজিমোভা।

১৬: ২০

মনিকার সুযোগ

৬০’ বক্সের বাইরে থেকে সুযোগ ছিল মনিকার সামনে। কিন্তু তাঁর শট খুঁজে পায়নি লক্ষ্য।

১৬: ১৬

দেয়াল ভাঙতে পারছেন ঋতুপর্ণারা

৫৮’ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর একের পর এক আক্রমণে উঠলেও লক্ষ্য খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। ভাঙতে পারছে না উজবেকিস্তানের রক্ষণ দেয়াল।

১৬: ০৯

ব্যর্থ ঋতুর প্রচেষ্টা

৫০’ বক্সের বাইরে থেকে শট নিলেও এবারও ব্যর্থ হন ঋতুপর্ণা।

১৬: ০৪

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

৪৬’ বাঁশি বেজেছে দ্বিতীয়ার্ধের। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কি?

১৫: ৫১

পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

প্রথমার্ধের শেষ দিকে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারল না বাংলাদেশ। উজবেকিস্তানের বিপক্ষে তাই ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হলো।

১৫: ৪৩

এ কী করলেন তহুরা

এ কী করলেন  তহুরা
মারিয়ার শট খুঁজে পায়নি লক্ষ্য। ছবি: সংগৃহীত

৪২’ গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারলেন না তহুরা খাতুন। মাঝমাঠ থেকে আসা বল দুই ডিফেন্ডারের পেছন থেকে নিয়ন্ত্রণে নেন তিনি। গোলকিপার একা থাকলেও পাস দেন সামনে থাকা কোহাতি কিসকুকে। কিন্তু কোহাতির শট এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় সাইডলাইনের বাইরে। পরের মিনিটেই কর্নার থেকে মারিয়া মান্দার শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।

১৫: ৩৫

চাপ বাড়াচ্ছে বাংলাদেশ

৩৪’ একের পর এক আক্রমণে উজবেকিস্তানের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ।

১৫: ৩৩

আবারও ঋতুর দূরপাল্লার শট

আবারও ঋতুর দূরপাল্লার শট

৩১’ আবারও গোলের মুখ থেকে ঋতুপর্ণাকে ফিরিয়ে দিল ভাগ্যবিধাতা। বাঁ প্রান্ত দিয়ে তাঁর দূরপাল্লার শট ঝাপিয়ে পড়ে ঠেকিয়ে দেন উজবেক গোলরক্ষক। ফিরতি বলে তহুরার ওভারহেড কিকও লক্ষ্য খুঁজে পায়নি।

১৫: ৩০

আক্রমণাত্মক খেলছে বাংলাদেশ

৩০’ পিছিয়ে থাকার ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠছে বাংলাদেশ। আক্রমণে সেভাবে উঠতে না পারলেও দখলে রাখছে মাঝমাঠ।

১৫: ২৫

মারিয়ার দুর্দান্ত ট্যাকল

২৪’ আরেকটি গোলের দিকেই এগিয়ে যাচ্ছিলেন খাবিবুল্লায়েভা। তবে বক্সের ভেতর দুর্দান্ত ট্যাকলে তাঁকে থামান মারিয়া মান্দা।

১৫: ২৩

বল দখলে এগিয়ে বাংলাদেশ

ম্যাচের ২১ মিনিট শেষে ৫৮ শতাংশ বল নিয়ে এগিয়ে থাকে বাংলাদেশ। ৪২ শতাংশ বল দখলে রাখে উজবেকিস্তান। ২২ মিনিটে তুর্দিবোয়েভার ফ্রি কিক বারের ওপর দিয়ে বাইরে চলে যায়।

১৫: ২১

বিপজ্জনক জায়গায় ফ্রি কিক

২১’ আবারও বিপজ্জনক জায়গায় ফ্রিকিক পেল উজবেকিস্তান।

১৫: ১৮

তিন ফ্রি কিক

১৮’ ১৮ মিনিটের ভেতর তিনটি ফ্রি কিক পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সৃষ্টি করতে পারছে না গোলের সম্ভাবনা।

১৫: ১১

এগিয়ে গেল উজবেকিস্তান

এগিয়ে গেল উজবেকিস্তান

১০’ খাবিবুল্লায়েভার শট ঠেকাতে পারলেন না মিলি। তাই খেলার ১০ মিনিটেই এগিয়ে গেল উজবেকিস্তান। দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোলের সুযোগটি তৈরি হয়। নিলুফার কুদ্রাতোভার বাড়ানো বল ধরে বক্সের ডান দিক দিয় এগিয়ে দিওরাখোন খাবিবুল্লায়েভা ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান।

১৫: ০৮

মিলিকে হলুদ কার্ড

৭’ বাজে ফাউলের কারণে হলুদ কার্ড দেখেছেন বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার। ববক্সের বাইরে ফ্রি কিক পেয়েছে উজবেকিস্তান।

১৫: ০৪

হাই লাইন ডিফেন্স

৪’ গোলের খুব কাছেই ছিল উজবেকিস্তান। কিন্তু আক্রমণ শেষেই জানতে পারে অফসাইডের কথা। বাটলারের হাইলাইন ডিফেন্স কৌশলকে তাই কৃতিত্ব দিতেই হয়।

১৫: ০১

খেলা শুরু

১’ প্রথম মিনিটেই উজবেকিস্তানের আক্রমণ।

১৪: ৪৩

একাদশে ৩ পরিবর্তন

একাদশে ৩ পরিবর্তন
শুরুর একাদশে আছেন আনিকা।

আজ একাদশে তিন পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচবাদ পড়েছেন আইরিন খাতুন, নবীরন খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। একাদশে রাখা হয়েছে আনিকা রানিয়া সিদ্দিকী, উমেহলা মারমা ও শিউলি আজিমকে।

বাংলাদেশ একাদশ:

গোলরক্ষক: মিলি আক্তার।

ডিফেন্ডার: আফঈদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, কোহাতি কিসকু, শামসুন্নাহার সিনিয়র।

মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, আনিকা রানিয়া, উমেহলা মারমা।

ফরোয়ার্ড: তহুরা খাতুন।

১৪: ৩৭

স্বাগতম

আজকের পত্রিকার ধারাবিবরণীতে আপনাকে স্বাগত। পার্থের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে নারী এশিয়ান কাপের তৃতীয় ম্যাচে আজ বেলা ৩টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে দুই দল। টেবিলের তিনে থেকে টুর্নামেন্ট শেষ করতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ড্র হলে গ্রুপের তলানিতে থেকেই ফিরতে হবে দেশে।