
আজ রাত অথবা আগামীকাল শুক্রবারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে মগবাজারে আলফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তাহের বলেন, ‘আমি চিফ অ্যাডভাইজারের কাছে জাতির পক্ষ থেকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অত্যন্ত জোরালো আবেদন, নিবেদন, দাবি পেশ করতে চাই যে, আপনি আর কোনো সময়ক্ষেপণ না করে জুলাই সনদের ওপরে এনসিসি আপনাদের কাছে যে প্রস্তাব জমা দিয়েছে, সেটার ভিত্তিতে অবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন।’
জামায়াত নেতা বলেন, ‘এটা যদি ডিলে হতে থাকে, তাইলে জনমনে আবার নানা ধারণা ও বিভ্রান্তি তৈরি হবে আপনার সম্পর্কে, আপনার সরকার সম্পর্কেও। জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করবে। আর যদি এই সরকারের ওপরে মানুষ আস্থা হারিয়ে ফেলে, তাহলে এই সরকারের দুটো নির্বাচন অনুষ্ঠান করার যে কো-অপারেশনের প্রয়োজন জনগণের, সেটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে।’
আগামীকালের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি তুলে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আমি সে জন্য আবার রিপিট করতে চাই যে, আপনি আর সময়ক্ষেপণ না করে আজকের ভেতরে হলে খুবই উত্তম কারণ রাত ১২টায়–১টায় ও রকম আদেশ জারির নজির আছে, আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই।’
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন ইস্যু সামনে এনে একটা রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত সংশয় ও আস্থাহীনতার পরিবেশ যেন তৈরি না হয়। সময়ক্ষেপণ করতে করতে একটা সময় যদি বলা হয় গণভোটের সময় নেই, তাহলে এটা হবে প্রতারণা। প্রতিটি দিন, ঘণ্টা এখন গুরুত্বপূর্ণ।
জামায়াতের এ নেতা বলেন, ঐকমত্য কমিশন প্রতিটি বিষয়ে সবাইকে একমত করতে চেয়েছিল। পরিশেষে ৬০ শতাংশ বিষয়ে সবাই একমত হয়েছে। সব দলের ঐক্যের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত দিয়েছে। রিফর্ম তো সব সময় হতে পারে না। জাতীয় নির্বাচন আর গণভোট একসঙ্গে হতে পারে না।
তাহের আরও বলেন, ‘আমরা বারবার বলে আসছি, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই। যে সংস্কার প্রস্তাব দিয়েছে, সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। গণভোটও আমরা জাতীয় নির্বাচনের আগে চাই। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন চাই এবং এ ব্যাপারে নিশ্চয়তা চাই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এ টি এম মাছুম এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
আরও খবর পড়ুন:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে বিরোধী দলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শফিকুর রহমান।
৯ ঘণ্টা আগে
ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
১১ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
১৪ ঘণ্টা আগে