
মেষ
আজ আপনার তেজ দেখে মনে হতে পারে আপনিই দুনিয়ার একমাত্র ‘অ্যাকশন হিরো’। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেশি দেখে আপনি মুগ্ধ হতে পারেন, কিন্তু সাবধান! আপনার এই বেপরোয়া আচরণের চোটে কোনো নিরীহ বন্ধু বা ছোট ভাই বিপদে পড়তে পারে। পকেট থেকে টাকা বের করার আগে দুবার ভাবুন—বিনিয়োগের সুযোগ আছে ঠিকই, তবে সেটা কোনো ‘স্কিম’ নাকি ‘স্ক্যাম’ তা যাচাই করে নিন। লটারির টিকিট কাটার চেয়ে সেই টাকায় বিরিয়ানি খাওয়া অনেক বেশি নিরাপদ। রাস্তা পার হওয়ার সময় মোবাইলে রিলস দেখবেন না। স্ত্রীকে একটু বেশি তেল দিন অথবা পছন্দের কোনো উপহার এনে দিন, দিনটা শান্তিতে কাটবে।
বৃষ
বাড়িতে আজ আত্মীয় সমাগম হতে পারে। ভয় পাবেন না, সব আত্মীয় মানেই আপনার বেতন কত বা কেন বিয়ে করছেন না, তা জিজ্ঞেস করতে আসে না। কেউ কেউ আপনার জন্য ভালো খাবারও নিয়ে আসতে পারে। আর্থিক দিকটা আজ বেশ চকচকে, যেন মানিব্যাগ থেকে উপচে টাকা পড়ছে (কল্পনায় হলেও)। তবে যারা আপনার শুধু সময় নষ্ট করে এবং ফাউ প্যাঁচাল পাড়ে, তাদের থেকে অন্তত ১০০ হাত দূরে থাকুন। ফ্রিজের বাসি মিষ্টি খেলে পেটের ড্রাম বাজতে পারে। প্রেমে একটা সারপ্রাইজ পেতে পারেন। দয়া করে সারপ্রাইজ দেখে ভিরমি খাবেন না, একটু হাসি হাসি মুখ রাখুন।
মিথুন
শরীর আর মন নিয়ে আজ একটু রশি-টানাটানি হতে পারে। সকালে উঠে ভাববেন জিম করবেন, কিন্তু শেষ পর্যন্ত ল্যাপটপ নিয়ে ইউটিউবে রান্নার ভিডিও দেখতে দেখতেই দুপুর হয়ে যাবে। পেটের গোলমাল হওয়ার আগে একটু যোগব্যায়াম করুন। ব্যবসায় কোনো বড় মাস্টারপ্ল্যান করার আগে অন্তত তিনবার পানি খেয়ে ঠান্ডা মাথায় ভাবুন। স্ত্রীর মেজাজ আজ একটু খিটখিটে হতে পারে, তাই অযথা তর্কে গিয়ে নিজের দিনটা মাটি করবেন না। ভুল লোককে ই-মেইল বা মেসেজ পাঠানোর প্রবল সম্ভাবনা। অফিসের কোনো টপ সিক্রেট গসিপ কাউকে বলতে যাবেন না, জানাজানি হলে চাকরি নিয়ে টানাটানি হতে পারে!
কর্কট
আপনার মাথার ভেতর ঘুরতে থাকা নেতিবাচক চিন্তাগুলো আজ ডাস্টবিনে ফেলে দিন। গ্রহে গ্রহে একটু খুচরা লড়াই চলছে, তাই পকেটে টাকা আসার যোগ থাকলেও সেই টাকা আবার ডানা মেলে উড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আজ সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করবেন, তবে সেটা আপনার বুদ্ধির কারণে নাকি আপনার অদ্ভুত ফ্যাশন সেন্সের কারণে, সেটা সময় বলবে। অনলাইনে অপ্রয়োজনীয় জিনিস অর্ডার দেওয়া থেকে বিরত থাকুন। প্রেমের জন্য দিনটা একটু নোনতা, তাই আজ হুট করে প্রপোজ করার রিস্ক না নেওয়াই ভালো; বরং চপ-মুড়ি খেয়ে শান্ত থাকুন।
সিংহ
আজ আপনি জঙ্গল নয়, বরং ড্রয়িংরুমের রাজা! তবে সেটা শুধুই বিছানায় বা সোফায় গা এলিয়ে দিয়ে। শরীরের প্রতি একটু দয়া দেখান, গত কয়েক দিনের হাড়ভাঙা খাটুনির পর আজ একটু একা থাকতে ইচ্ছে করবে। ক্রিয়েটিভ কিছু করতে পারেন, যেমন ধরুন নতুন কোনো রান্নার রেসিপি ট্রাই করলেন, যা শেষ পর্যন্ত কেউ খেতে না পেরে কুকুরকে খাওয়াতে হবে। আপনার আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে, কিন্তু দয়া করে ওপরওয়ালা হওয়ার চেষ্টা করবেন না। রিমোট কন্ট্রোল নিয়ে বাড়ির লোকের সঙ্গে যুদ্ধ লাগতে পারে। পুরোনো ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার একটা হালকা আশা আছে। একটু কড়া করে চেয়ে দেখুন তো!
কন্যা
আজ আপনার মেজাজ দক্ষিণি ছবির খলনায়কের মতো হতে পারে। তুচ্ছ কারণেও চিল্লাচিল্লি শুরু করতে পারেন। একটু ঠান্ডা মাথায় কথা বলুন, নইলে বাড়ির লোকজন মিলে আপনাকে ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা লাগিয়ে দিতে পারে। আর্থিক লাভের যোগ আছে, বিশেষ করে যদি আপনার কোনো গোপন লকার বা বিছানার তলায় টাকা লুকানো থাকে (যা আপনি ভুলেই গিয়েছিলেন)। ধারালো কোনো জিনিস বা ধারালো কথা—দুটো থেকেই দূরে থাকুন। ছোট শিশুদের কিছু চকলেট বা খেলনা কিনে দিন, তাদের হাসিতে আপনার রক্তচাপ কমবে।
তুলা
বিলাসিতায় টাকা ওড়ানোর আগে নিজের ব্যাংক ব্যালেন্সটা একবার অ্যাপে চেক করে নিন। আপনার রাশি বলছে স্বাস্থ্য আর মানিব্যাগ দুটোই আজ একটু আইসিইউতে যাওয়ার দশা। তবে কর্মক্ষেত্রে আপনার ট্যালেন্ট আজ বিচ্ছুরিত হবে। সহকর্মীরা পেছনে কাঠি করার আপ্রাণ চেষ্টা করলেও আজ আপনি বসের গুডবুকে থাকবেন। কূটনৈতিক জ্ঞান আজ আপনাকে বড় কোনো ঝামেলা থেকে বাঁচিয়ে দেবে। সেল-এর বিজ্ঞাপন দেখে ঝাঁপিয়ে পড়বেন না। নতুন কোনো জুতা বা পোশাক পরলে আজ একটু বেশি আত্মবিশ্বাসী মনে হবে।
বৃশ্চিক
পরিবারের সবাই মিলে আজ কোনো ঐতিহাসিক ট্যুর বা নিদেনপক্ষে বুড়িগঙ্গার পাড়ে যাওয়ার প্ল্যান করতে পারেন। অফিসে বসের ঝাড়ি খাওয়ার একটা সূক্ষ্ম সম্ভাবনা থাকলেও দিন শেষে প্রিয়জনের হাতের গরম-গরম রান্না সব অপমান ভুলিয়ে দেবে। আর্থিক ব্যাপারে একটু গোয়েন্দাগিরি চালান, কেউ আপনার অজান্তেই আপনার সাবস্ক্রিপশন কার্ড ব্যবহার করে সিনেমা দেখছে কি না যাচাই করুন। ফোনে অচেনা নম্বর থেকে আসা কল রিসিভ করে স্ক্যামারের পাল্লায় পড়তে পারেন। বড়দের পা ছুঁয়ে সালাম করুন, হয়তো পকেট থেকে ৫০০ টাকার নোট বের হতেও পারে।
ধনু
আজ লোকে সামনেই আপনার এমন প্রশংসা করবে যে খুশিতে ফুলেফেঁপে উঠবেন। কিন্তু মনে রাখবেন, সামনে মিষ্টি বলা লোকগুলোই আড়ালে গিয়ে আপনার নামে কানপড়া দিতে ওস্তাদ। দ্রুত টাকা উপার্জনের কোনো ক্রিপ্টো বা শর্টকাট রাস্তা আজ আপনার চোখে পড়বে, কিন্তু ওপথে না হাঁটাই মঙ্গল। আজ আপনার রসবোধ সবাইকে মাতিয়ে রাখবে। অতিরিক্ত হাসতে গিয়ে বিষম খাওয়ার ভয় আছে। জীবনসঙ্গীর সঙ্গে অকারণে তর্কে যাবেন না, কারণ শেষ পর্যন্ত আপনিই হারবেন।
মকর
অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা আপনাকে আজ একটু হতাশ করতে পারে। আপনি চাচ্ছে আইফোন, অথচ কপালে জুটছে চার্জার কেব্ল—এ রকম পরিস্থিতি হতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে আজ আপনি সুপারহিট! আজ আপনি ‘রোমিও’ বা ‘জুলিয়েট’ অবতারে ধরা দেবেন। পুরোনো কোনো ভুল থেকে শিক্ষা নিন, নইলে সেই একই গর্তে আবার আছাড় খাবেন এবং এবার কেউ তুলতে আসবে না। পুরোনো প্রেমিকার মেসেজ দেখে আবেগপ্রবণ হবেন না। প্রতিবেশীদের সঙ্গে একটু মিষ্টি কথা বলুন, অন্তত বিপদে পড়লে ওরাই পুলিশ ডাকবে না।
কুম্ভ
যারা এত দিন পেছনে কাঠি দিচ্ছিল বা আপনার নামে গুজব ছড়াচ্ছিল, আজ তারা আপনার সাফল্যের ঝলকানি দেখে অন্ধ হয়ে যাবে। কোনো বড় খবর বা লটারি জেতার মতো সুখবর দরজায় কড়া নাড়তে পারে। খরচ একটু বাড়লেও আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বাচ্চাদের কোনো দুষ্টুমি আজ আপনার মুখে হাসি ফোটাবে। হুট করে মেজাজ হারিয়ে কাউকে ব্লক করে দেবেন না। অপরিচিত কারও বুদ্ধিতে শেয়ার বাজারে টাকা খাটাবেন না, নিজের মগজ ব্যবহার করুন।
মীন
আজ আপনার ভাগ্য সুপ্রসন্ন। আপনি আজ যা ছোঁবেন তাই সোনা হতে পারে (তবে দয়া করে নিজের স্মার্টফোনটা সোনা বানানোর চেষ্টা করবেন না)। কর্মক্ষেত্রে প্রমোশন বা বেতন বৃদ্ধির ইঙ্গিত পেতে পারেন। পরিবারের কোনো সদস্যের বিয়ের কথা পাকা হতে পারে, ফলে বাড়িতে মিষ্টির বন্যা বইবে। কানে কানে কেউ কিছু বললে সেটা যাচাই না করে বিশ্বাস করবেন না। বেশি আবেগপ্রবণ হয়ে কারও হয়ে গ্যারান্টার হবেন না। আজ নীল রঙের রুমাল সঙ্গে রাখুন, ভাগ্য আপনার পাশে থাকবে।

ঘরের কাজ করতে জানা শিশুদের জীবনে সফল হওয়ার সম্ভাবনা বেশি। শৈশব মানে শুধু খেলাধুলা বা পড়াশোনা নয়; বরং এটি ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ার উপযুক্ত সময়। সাম্প্রতিক বিভিন্ন গবেষণা, বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৭৫ বছরের একটি গবেষণা থেকে পাওয়া গেছে একটি ভিন্ন সম্ভাবনার কথা। গবেষণার ফলাফলে দাবি...
৩ ঘণ্টা আগে
মনোযোগ বা অ্যাটেনশন হলো একটি মানসিক প্রক্রিয়া। মনোযোগের অভাব মানেই আপনি ব্যর্থ নন। এর অভাব একটি সংকেত। এই সংকেত দেখা দিলেই বুঝতে হবে, আপনার শরীর ও মন কিছুটা বিশ্রাম বা বাড়তি যত্নের কথা বলছে। ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে এবং প্রয়োজনে পেশাদার মনোবিদের সাহায্য নিয়ে পুনরায় মনোযোগ ফিরে পাওয়া যেতে পারে...
৫ ঘণ্টা আগে
সবার জীবনের গতিপথ ভিন্ন। কারও জন্য যা বড় অর্জন, অন্যের জন্য তা মনে হতে পারে নিছকই বিলাসিতা। জীবনে ৩০ বা ৩৫ বছর বয়সকে আমরা একটা মাইলফলক হিসেবে ধরে থাকি। এই সময়ের মধ্যে নিজের এবং নিজের মনের খোরাক মেটাতে আসলে কী কী করতে পারি? সাম্প্রতিক সময়ে এটি বেশ জনপ্রিয় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জীবন আপনার...
৭ ঘণ্টা আগে
দিন শেষে যান্ত্রিক জীবনের কোলাহল থেকে মুক্তি পেয়ে আমরা যখন ঘরে ফিরি, তখন তা কি শুধুই ইটপাথরের কাঠামোতে ফেরা, নাকি শান্তির নীড়ে? আধুনিক অন্দরসজ্জার দুনিয়ায় এখন আর সুদৃশ্য আসবাব বা ছিমছাম সাজই শেষ কথা নয়। বিশ্বজুড়ে এখন অন্দরসজ্জার এক নতুন জোয়ার চলছে, যার নাম ডোপামিন ডেকর। এটি শুনতে কিছুটা...
১ দিন আগে