
সাবেক মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়েছেন আদালত। পুলিশ বলছে, তাঁকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তরাষ্ট্রীয় সম্পর্কে অবনতির অপচেষ্টা।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমপির বার্তায় ‘মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়’ উল্লেখ করে বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তরাষ্ট্রীয় সম্পর্কে অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাঁকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তাঁর রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে ৩০ দিনের আটকাদেশ দেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩ ধারা অনুযায়ী, ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত রাখার জন্য সরকার যেকোনো ব্যক্তিকে আটক রাখার আদেশ দিতে পারবেন। আবার এই আইনের ৩(২) ধারা অনুযায়ী, জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে এই আইনের নির্দিষ্ট ধারার ক্ষতিকর অপরাধমূলক কর্মকাণ্ডে কেউ জড়িত, তাহলে ওই ব্যক্তিকে আটক রাখার আদেশ দেবেন।
বিশেষ ক্ষমতা আইনের যেসব ক্ষতিকর কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিকে আটকাদেশ দেওয়া যায়, সেগুলো হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার ক্ষতি করা, বাংলাদেশের সঙ্গে বিদেশি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংরক্ষণের ক্ষতি করা, বাংলাদেশের নিরাপত্তা বা জননিরাপত্তা বা জনশৃঙ্খলার ক্ষতি করা, বিভিন্ন সম্প্রদায়, শ্রেণি বা গোষ্ঠীর মধ্যে শত্রুতা, ঘৃণাবোধ বা উত্তেজনা সৃষ্টি করা, আইনের শাসন বা আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হস্তক্ষেপ করা বা উৎসাহ প্রদান করা বা উত্তেজিত করা।
ক্ষতিকর আরও কাজ হচ্ছে, জনসাধারণের জন্য অত্যাবশ্যক সেবা বা অত্যাবশ্যক দ্রব্যাদি সরবরাহে বাধা সৃষ্টি করা, জনসাধারণ বা কোনো সম্প্রদায়ের মধ্যে ভীতি বা আতঙ্ক সৃষ্টি করা এবং রাষ্ট্রের অর্থনৈতিক বা আর্থিক ক্ষতি করা।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত বুধবার রাতে মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করা হয়। মেঘনা আলম ওই সময় ফেসবুক লাইভে এসে নিজেকে নিরপরাধ দাবি করেন।
আরও খবর পড়ুন:

ভিকি জাহেদের ‘চক্র’ সিরিজ দিয়ে ২০২৪ সালে ওয়েবে যাত্রা শুরু তৌসিফ মাহবুবের। এরপর একই নির্মাতার ‘চক্র ২’-তেও প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। আবারও ভিকির পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করছেন তৌসিফ। ‘প্রাণভোমরা’ নামের সিরিজে তৌসিফের সঙ্গে থাকছেন শ্রেয়সী শ্রেয়া।
৩ ঘণ্টা আগে
এ বছর নতুন প্রযোজনা মঞ্চে এনেছে নাট্যদল স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ। দলটি বলছে, এটি তাদের স্বসচেতনতাসংবলিত আত্মবাচক একটি মেটাথিয়েটার। প্রযোজনাটির নাম ‘আন্তিগোনে, কবর, চাকা ও বেহুলার ভাসানে দাফনহীন বিবিধ লাশের গায়েবানা জানাজা’। নির্মাণ করেছেন সৈয়দ জামিল আহমেদ।
৩ ঘণ্টা আগে
২০১৬ সালে জয় শাহরিয়ারের সুরে প্রথম গেয়েছিলেন পশ্চিমবঙ্গের রূপঙ্কর বাগচী। এরপর আরও কয়েকটি গানে একসঙ্গে পাওয়া গেছে তাঁদের। এবার তাঁদের গাওয়া গান নিয়ে প্রকাশিত হলো অ্যালবাম ‘গানের পথে দেখা’।
৪ ঘণ্টা আগে
নদী ও জলবায়ু বিষয়ে মানুষকে সচেতন করতে ২০২২ সালে ‘নদী রকস’ নামের একটি উদ্যোগ নিয়েছিলেন চিরকুট ব্যান্ডের সুমি। এ উদ্যোগে দেশের সাতটি নদী পদ্মা, বুড়িগঙ্গা, কুশিয়ারা, পশুর, চিত্রা, ডাহুক ও সাঙ্গু নিয়ে গান বানায় সাতটি ব্যান্ড। অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি কনসার্ট। জলবায়ু, নদী, সংগীত ও তারুণ্যকে এক করতে...
৫ ঘণ্টা আগে