দেখতে দেখতে দুই বছর কেটে গেল তিনি নেই। ২০২০ সালের এই দিনে না ফেরার দেশে চলে যান জনপ্রিয় বলিউড অভিনেতা ইরফান খান। তবে সশরীরে না থাকলেও তিনি বেঁচে আছেন তাঁর রেখে যাওয়া অনবদ্য সব সৃষ্টিতে। ইরফান খান নাম নিলেই চোখের সামনে ভেসে ওঠে জাত এক অভিনেতার প্রতিচ্ছবি। শুধু বলিউড নয়, অভিনয় করেছেন হলিউড ও তেলুগু ছবিতে। মৃত্যুবার্ষিকীতে ইরফান খানের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে তাঁর অভিনীত সেরা কয়েকটি সিনেমা দেখার ব্যবস্থা রয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ঈদের ছুটিতে দর্শক ঘরে বসেই সহজে দেখতে পাবেন ইরফানের এই সিনেমাগুলো—
মকবুল
২০০৪ সাল, বিশাল ভরদ্বাজ পরিচালিত ক্রাইম ড্রামা ঘরানার ‘মকবুল’ সিনেমায় অভিনয় করেন ইরফান খান। শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত এই ছবিতে তাঁর অভিনয় আজও সবার মনে গেঁথে রয়েছে। এটি নিঃসন্দেহে ইরফানের অন্যতম সেরা কাজ। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই ছবি। ‘মকবুল’ সিনেমায় পঙ্কজ কাপুর ও টাবুর অভিনয়ও প্রশংসনীয়।
দ্য লাঞ্চবক্স
‘দ্য লাঞ্চবক্স’ সিনেমায় ইরফানের অভিনয় আপনাকে মুগ্ধ করতে বাধ্য। মাঝবয়সী সরকারি এক কর্মীর চরিত্রে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন তিনি। একবারের জন্য মনে হয়নি অভিনয় করছেন। লাঞ্চবক্স বা টিফিনবক্স আদান-প্রদানের মাধ্যমে একে অপরের প্রেমে পড়েন ছবির দুই চরিত্র। সিনেমায় নিমরাত কৌরও দুর্দান্ত অভিনয় করেন। ২০১৩ সালে রীতেশ বাতরা পরিচালিত ‘দ্য লাঞ্চবক্স’ ছবিটি ইরফানের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি। কান চলচ্চিত্র উৎসবেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল ছবিটি। নেটফ্লিক্সে দেখা যাবে এই ছবি।
পান সিং তোমার
২০১২ সালে মুক্তি পাওয়া এই ছবিতে এক অন্য ইরফান খানকে দেখতে পান দর্শক। খেলোয়াড়ের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছিলেন তিনি। দর্শক থেকে শুরু করে সমালোচক—সবার মন জিতে নিয়েছিলেন ইরফান। জীবনের প্রতি যাঁরা আগ্রহ হারিয়ে ফেলেছেন, তাঁদের অনুপ্রেরণা জোগাবে ‘পান সিং তোমার’। ছবিটি দেখতে পাবেন নেটফ্লিক্সে। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন ইরফান।
কিস্সা
‘কিস্সা’ সিনেমা দেখে খানিকটা অস্বস্তিতে পড়তে পারেন অনেকে, মন ভাঙতে পারে এবং খানিক দায়িত্ববোধও বাড়তে পারে। লিঙ্গপরিচয়, লিঙ্গবৈষম্য এবং পরিবারের সদস্যদের দায়িত্ব ও সমাজব্যবস্থার ওপর ভিত্তি করে নির্মিত এই ছবি। কঠোর পুরুষতান্ত্রিক মানসিকতার উম্বার সিং চরিত্রে অভিনয় করে ইরফান খান দর্শকদের মধ্যে সহানুভূতি ও ক্ষোভ জাগিয়ে তোলেন একই সঙ্গে। অ্যামাজন প্রাইমে দেখতে পাবেন ছবিটি।
পিকু
‘পিকু’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন থাকলেও দর্শকের মন জিতে নেন ট্যাক্সিক্যাব এজেন্সির মালিক চরিত্রের ইরফান। ২০১৫ সালে সুজিত সরকার পরিচালিত ছবিতে অতি সাদামাটা চরিত্রে অভিনয় করেও দাগ কাটেন সবার মনে। পার্শ্ব চরিত্রও যে ছবির অন্যতম মূল উপাদান হয়ে ওঠে তার প্রমাণ এই ছবি। বাবা-মেয়ের গল্প বলে ‘পিকু’। অথচ সাবলীল অভিনয়ে দারুণ অনুঘটকের কাজ করেন ইরফান খান। এই ছবি সনি লিভে দেখতে পাবেন দর্শক।

একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে নির্বাচিত একটি সিনেমা পাঠানো হয়। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের ৯৯তম আসরে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
১৩ ঘণ্টা আগে
সাধারণ এক মানুষের জাদুকর হিসেবে উত্থানের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জাদুকর’। রাজীব হোসেনের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। পরিচালক হিসেবে এটি তাঁর দ্বিতীয় কাজ। দর্শকপ্রিয় বহু সিনেমা ও সিরিজে অভিনয়ের পর গত ফেব্রুয়ারিতে ‘জ্বিনের বাচ্চা’ ওয়েব ফিল্ম...
১৩ ঘণ্টা আগে
মহাকাশ ও কল্পবিজ্ঞানের গল্প নিয়ে হলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’। সেই ভিনগ্রহের দুনিয়া আবারও দেখা যাবে বড় পর্দায়। তৈরি হচ্ছে স্টার ওয়ারস সিরিজের নতুন সিনেমা। এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘স্পাইডার-ম্যান’খ্যাত পরিচালক জন ওয়াটস।
১৩ ঘণ্টা আগে
৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ওরিজন্তিতে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এক মাসের ব্যবধানে রুবাইয়াত হোসেনের সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার আটটি প্রথম সারির উৎসবে।
১৩ ঘণ্টা আগে