হোম > সারা দেশ > ঢাকা

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৭ জুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়ে আগামী ১৭ জুন নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই তারিখ ধার্য করেন।

রাজধানীর পল্টন থানায় দায়ের করা এই মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। কিন্তু তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় আদালত তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করেন। এই নিয়ে সিআইডি প্রতিবেদন দাখিলের জন্য ১৫ বার সময় পেল।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কার্যালয়ের এএসআই মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ১৫ জানুয়ারি আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ওই দিন আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। নারাজি দিয়ে অধিকতর তদন্তের দাবি করেন বাদী।

নারাজি আবেদনে মামলার বাদী দাবি করেন, হাদী হত্যা মামলার মূল পরিকল্পনাকারী শনাক্ত হয়নি। এমনকি মূল রহস্যও উদ্‌ঘাটিত হয়নি। এর আগে, গত ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত ১৭ আসামির মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে রয়েছেন। প্রধান আসামি ফয়সালসহ ৬ জন পলাতক রয়েছেন। অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর সিআইডি নতুন করে দুজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে রুবেল নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হাদিকে হত্যার অস্ত্র সরবরাহের জন্য চট্টগ্রামের অস্ত্র ব্যবসায়ী মাজেদুল হক হেলালকেও গ্রেপ্তার করা হয়েছে। হেলালও আদালতে জবানবন্দি দিয়ে অস্ত্র সরবরাহের কথা স্বীকার করেছেন। এই মামলায় মোট ১৩ জন কারাগারে আছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে মারা যান। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

সিনহা হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

নগর স্বাস্থ্যসেবা বন্ধ না করার দাবি, ৭ দফা সুপারিশ

বায়তুল মোকাররমে অভিযান: ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি: আখতার হোসেন

দক্ষিণখানে বাসায় ঢুকে গৃহবধূকে হত্যা, স্বর্ণালংকার লুটের অভিযোগ

কেরানীগঞ্জে কিশোরীকে গলা কেটে হত্যার রহস্য উদ্‌ঘাটন

আরেক মামলায় গ্রেপ্তার কলিমুল্লাহ, আদালতে জুলাই সমর্থক দাবি

কাফরুলে ইউসুফ হত্যা: যুবদল নেতা বাবুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ বিএনপি নেতার

আপিল বিভাগে প্রবেশে বাধা: ১২ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল রূপান্তরে অন্তর্ভুক্ত করতে হবে: টেলিযোগাযোগমন্ত্রী