হোম > খেলা > ফুটবল

জাতীয় স্টেডিয়ামে ফিরতে পারে ঘরোয়া ফুটবল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় স্টেডিয়াম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফিরবে—এখনো এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে দীর্ঘ বিরতির পর দেশের ঐতিহ্যবাহী এই মাঠে লিগ কিংবা ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে তারা। নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর সেই সম্ভাবনা তৈরি হতে পারে।

জাতীয় স্টেডিয়ামে সর্বশেষ ঘরোয়া ফুটবল হয়েছিল ২০২১ সালের ২০ সেপ্টেম্বর। সেদিন আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচের পর সংস্কারকাজের জন্য বন্ধ হয়ে যায় মাঠটি। সংস্কার শেষে আন্তর্জাতিক ফুটবল সেখানে ফিরলেও ঘরোয়া প্রতিযোগিতার ম্যাচ আর আয়োজন করা হয়নি।

এবার সেই ধারায় পরিবর্তন আনার কথা ভাবছে বাফুফে। আজ ফেডারেশন ভবনে কম্পিটিশন কমিটি, প্রকিউরমেন্ট কমিটি ও গ্রাউন্ডস কমিটির যৌথ সভায় দেশের বিভিন্ন ভেন্যুর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়। সভা শেষে জাতীয় স্টেডিয়ামকে ঘরোয়া ফুটবলের জন্য ব্যবহারের পরিকল্পনার কথা জানান বাফুফে সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন।

তিনি বলেন, ‘সাফের পর ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আমরা ঢাকা স্টেডিয়ামে আয়োজনের চিন্তাভাবনা করছি। সেটা হতে পারে ফেডারেশন কাপ ফাইনাল বা লিগের কিছু বড় ম্যাচ।’

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় হবে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের জন্য এখন জাতীয় স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে। সাফ শেষ হওয়ার পর মাঠটি ঘরোয়া ফুটবলের জন্য ব্যবহারের সুযোগ হতে পারে। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি ঘরোয়া ফুটবলের ভেন্যুর তালিকাও বড় করার চেষ্টা চলছে। প্রথমবার ঘরোয়া ফুটবলের ভেন্যু হিসেবে যুক্ত হতে যাওয়া চাঁদপুর স্টেডিয়ামে পিচ তুলে ঘাস লাগানোর কাজ এখন শেষ পর্যায়ে। ১৫ সেপ্টেম্বর মাঠটি পরিদর্শনে যাবে বাফুফের প্রতিনিধিদল।

গাজীপুর, বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লা ও মুন্সিগঞ্জের ভেন্যুগুলোও ঘরোয়া ম্যাচ আয়োজনের উপযোগী বলে জানিয়েছে বাফুফের কম্পিটিশন কমিটি। ফলে আসন্ন মৌসুমে একাধিক মাঠে ম্যাচ আয়োজনের সুযোগ থাকছে।

তবে ভেন্যুর প্রস্তুতির পাশাপাশি লিগ শুরুর সময় নিয়েও এখনো কিছু অনিশ্চয়তা আছে। সূচি অনুযায়ী ১৮ ও ২২ সেপ্টেম্বর লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ শুরুর প্রস্তুতি চলছে। এর মধ্যে মঙ্গলবার ১০টি ক্লাব ছয় দফা দাবি জানিয়ে বাফুফেকে চিঠি দিয়েছে। লিগ পিছিয়ে দেওয়ার দাবি সরাসরি না থাকলেও অনেক ক্লাবের অবস্থানে সূচি নিয়ে আপত্তির বিষয়টি স্পষ্ট।

ক্লাবগুলোর সঙ্গে সমঝোতার বিষয়টি নিয়ে বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘ক্লাব এবং ফুটবল ফেডারেশন একে অপরের পরিপূরক। ক্লাবকে বাদ দিয়ে তো আমরা খেলতে পারব না। ক্লাব যদি না খেলতে চায়, আমাদের ইসি কমিটি বসে সিদ্ধান্ত নেব। আপাতত আগের সূচি অনুযায়ীই লিগ শুরু হবে।’