প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়ার সঙ্গে কিলিয়ান এমবাপ্পের ‘যুদ্ধ’ যেন থামার নয়। একবার আমারিয়া, আরেকবার এমবাপ্পে—এভাবেই চলছে দুজনের পাল্টাপাল্টি আক্রমণ। এবার এমবাপ্পের বিরুদ্ধে ‘নারীর প্রতি সহিংসতা’ এবং ‘রাজনৈতিক সহিংসতা’র অভিযোগে মামলা করার হুমকি দেন আমারিয়া।
আমারিয়াকে ‘জঘন্য নারী’ বলে আজ সকালে সামাজিক মাধ্যমে বিশাল এক পোস্ট দেন এমবাপ্পে। ফরাসি তারকাকে পাল্টা জবাব দিতে ছাড়েননি আমারিয়াও। এমবাপ্পের কথার প্রেক্ষিতে প্যারাগুয়ে সিনেটর বলেন, ‘আমি আইনজীবী নিয়োগ করে তোমার বিরুদ্ধে মামলা করতে পারি। তোমাকে জানিয়ে দিচ্ছি যে এই মামলায় জিততেও পারি আমি। নারীর প্রতি সহিংসতা, নারী রাজনীতিবিদের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা। বিষয়টি কিন্তু খুবই গুরুতর।’
এমবাপ্পেকে গ্রেপ্তারেরও হুমকি দিয়েছেন আমারিয়া। প্যারাগুয়ের সিনেটর উল্লেখ করেছেন রোনালদিনিওর কথাও। আমারিয়া বলেন, ‘আমি তাকে বলব, প্যারাগুয়ানদের ব্যাপারে সাবধান থাকো। প্যারাগুয়ানদের সঙ্গে ঝামেলায় যেও না এমবাপ্পে। আমাদের এখানে রোনালদিনিও গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। আমাকে হালকাভাবে নিও না এমবাপ্পে।’
শনিবার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। সেই ম্যাচের পর এমবাপ্পের উদ্দেশে সামাজিক মাধ্যমে একের পর এক বর্ণবাদী মন্তব্য করেছিলেন আমারিয়া। তারকা ফরোয়ার্ডকে ‘ঔপনিবেশিক মানসিকতার ক্যামেরুনীয়’ বলে কটাক্ষ করেন। এ ছাড়া এমবাপ্পেকে ‘ক্ষুব্ধ, হঠাৎ ধনী হয়ে যাওয়া, অহংকারী ও কুৎসিত’ বলেও মন্তব্য করেন তিনি।
আমারিয়ার মন্তব্যের জবাবে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এমবাপ্পে লিখেছিলেন, ‘ম্যাডাম সেলেস্তে আমারিয়া, আপনি একজন জঘন্য নারী এবং আপনার পদে থাকার যোগ্য নন। আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না—যে দেশ পুরো প্রতিযোগিতাজুড়ে আবেগ ও সম্মানের পরিচয় দিয়েছে।’ এমন বর্ণবাদী মন্তব্য করে আমারিয়া প্যারাগুয়ের খারাপ প্রতিচ্ছবি তুলে ধরেছেন বলে উল্লেখ করেছিলেন ফরাসি অধিনায়ক।
আমারিয়ার বর্ণবাদী আচরণের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আমারিয়ার বিরুদ্ধে প্রসিকিউটরের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ করা হবে। প্যারাগুয়ে সিনেটরের বক্তব্যকে অপরাধমূলক এবং নিন্দনীয় দাবি করছে এফএফএফ।
শেষভাগে চলে এসেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ফ্রান্স-মরক্কো, স্পেন-বেলজিয়াম, নরওয়ে-ইংল্যান্ড—কোয়ার্টার ফাইনালের এই তিন ম্যাচের লাইনআপ ঠিক হয়ে গিয়েছে। এখন শেষ আটের শেষ ম্যাচে মুখোমুখি হবে, সেটার ফয়সালা হবে আজ রাতে। আটলান্টায় এখন চলছে আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচ। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেছে মিসর।
আর্জেন্টিনা-মিসর ম্যাচের কয়েক ঘণ্টা পর মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড-কলম্বিয়া। ভ্যাঙ্কুভারে রাত ২টায় মাঠে গড়াবে এই ম্যাচ। এবারের বিশ্বকাপে সুইজারল্যান্ড-কলম্বিয়া এখন পর্যন্ত অপরাজিত।