প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরোনকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। তুরস্কের বিপক্ষে ম্যাচে মুখ ঢেকে কথা বলার কারণে বিশ্বকাপে এই শাস্তি পাওয়া প্রথম খেলোয়াড় হন তিনি। ফিফা নিশ্চিত করেছে, আলমিরোন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যারাগুয়ের শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছেন না আলমিরোন।
‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারায় প্যারাগুয়ে। অভিযোগ ওঠে, সান ফ্রান্সিসকোতে হওয়া সে ম্যাচের শেষ দিকে তুরস্কের মের্ত মুলদের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলেন আলমিরোন। শুরুতে রেফারি বিষয়টি দেখতে না পেলেও পরে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) সহায়তায় ঘটনা নিশ্চিত করে আলমিরোনকে লাল কার্ড দেখান।
নতুন নিয়ম অনুযায়ী, উত্তপ্ত বাক্যালাপে মুখ ঢেকে বক্তব্য গোপনের চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হচ্ছে এবং এতে সরাসরি লাল কার্ড দেওয়া যেতে পারে। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড চলতি বছরের এপ্রিলে এই নিয়ম অনুমোদন করে। যদিও এটা লজ অব দ্য গেমে বাধ্যতামূলক হিসেবে ধরা হয় না।
এই প্রসঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘মুখ ঢেকে কথা বলার বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এটি সম্মান এবং আমরা যে উদাহরণ স্থাপন করতে চাই, তার সঙ্গে সম্পর্কিত। আপনার যদি লুকানোর কিছু না থাকে, তাহলে কথা বলার সময় মুখ ঢাকবেন না। নিয়ম সবার কাছে পরিষ্কার করা হয়েছে, সবাই তা জানে। তাই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।’
আলমিরোনের নিষেধাজ্ঞা প্যারাগুয়ের জন্য বড় ধরনের ধাক্কা। এখনো নকআউট নিশ্চিত হয়নি লাতিন আমেরিকার প্রতিনিধিদের। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে তারা। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ প্যারাগুয়ের জন্য। সে ম্যাচে জিতলেই গ্রুপপর্বের বৈতরণী পার হবে।