হোম > খেলা > ফুটবল

নেইমারদের ড্রেসিংরুম-ডাগআউটে ২ ঘণ্টা

রানা আব্বাস,  নিউইয়র্ক থেকে

১. নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম সাংবাদিকদের ঘুরিয়ে দেখাচ্ছেন ফিফার কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

নিউইয়র্ক শহরে আসলে বিশ্বকাপের উত্তাপ বোঝা মুশকিল। আমেরিকানদের প্রিয় খেলার তালিকায় ‘সকার’ যে একটু পেছনে। সোমবার রাতেই যেমন ফুটবল বিশ্বকাপের শহরে মার্কিনরা মেতে উঠলেন বাস্কেটবলে। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচে নিউইয়র্ক নিকস ও সান আন্তোনিও স্পার্সের খেলা দেখতে এসে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ইতিহাস গড়লেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম রানিং প্রেসিডেন্ট হিসেবে এনবিএ ফাইনালে উপস্থিত থাকার নজির গড়েছেন তিনি।

নিউইয়র্ক শহরের অদূরে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের যত কাছে যাওয়া যাবে, ততই অবশ্য অনুভব হবে, এই তো ফুটবল উৎসবের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে। স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় মেটলাইফের অ্যাক্রিডিটেশন সেন্টারে কার্ড সংগ্রহের পর দেখা গেল আগত সাংবাদিকদের জড়ো করছেন ফিফার কর্মকর্তারা। উৎসুক মনে প্রশ্ন, ঘটনা কী? বিশ্বকাপ শুরুর আগের দিন তাঁরা ঘুরিয়ে দেখাবেন মেটলাইফ স্টেডিয়াম। যেখানে হবে বিশ্বকাপের ফাইনালসহ ৮টি ম্যাচ। গ্রুপ পর্বে কাল ব্রাজিল-মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মেটলাইফের বিশ্বকাপ যাত্রা।

বুধবার সারা বিশ্ব থেকে আগত প্রায় দুই শ সাংবাদিককে ঘুরিয়ে ঘুরিয়ে ফিফা কর্মকর্তারা দেখাতে শুরু করলেন ৮২ হাজার ৫০০ দর্শক ধারণাক্ষমতাসম্পন্ন অতিকায় স্টেডিয়ামটি। শুরুতে প্রেস কনফারেন্স কক্ষ, মিডিয়া সেন্টার। সেখানে পরিচয় করিয়ে দেওয়া হলো অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি ‘রোবোডোগে’র সঙ্গে। এরপর মূল স্টেডিয়ামে প্রবেশ। নিয়ে যাওয়া হলো দোতলায় ইন্টারন্যাশনাল সকার ওয়ালে। স্টেডিয়ামের প্রধান নির্বাহী রন ফনডিভিন তুলে ধরলেন স্টেডিয়ামের আন্তর্জাতিক ম্যাচের ইতিহাস।

সেখান থেকে নিয়ে যাওয়া হলো নিচের আন্ডারগ্রাউন্ডের একটি রুমে। বিশাল কক্ষটি আর কিছু নয়; দলের ড্রেসিংরুম বা লকাররুম। এখানেই বসবেন নেইমাররা। গ্রুপ পর্বে ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডের ম্যাচ আছে এই স্টেডিয়ামে। ফাইনাল খেলতে পারলে মেসি-রোনালদো কিংবা ইয়ামাল; কারও না কারও ড্রেসিংরুম হবে এটি। সুপারস্টারদের ড্রেসিংরুম চোখের সামনে দেখে রীতিমতো চক্ষু ছানাবড়া আগত সাংবাদিকদের! কেউ লকাররুমের চেয়ারে বসছেন, কেউ জিমনেসিয়ামের সরঞ্জামের সিটে বসেই ‘পিটিসি’ দিচ্ছেন। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন নেইমারদের ড্রেসিংরুম। যেখানে ঢাকার জাতীয় স্টেডিয়ামের ড্রেসিংরুমই দেখার সুযোগ দেয় না কর্তৃপক্ষ, সেখানে একমাত্র বাংলাদেশি সাংবাদিক হিসেবে দেখা হয়ে গেল মেসি-নেইমারদের ড্রেসিংরুম।

২. বুধবার সংবাদমাধ্যমকর্মীদের সামনে খুলে দেওয়া হয়েছিল নেইমারদের ড্রেসিংরুমের দুয়ার। ছবি: আজকের পত্রিকা

সেখান থেকে টানেল পেরিয়ে ডাগআউটে নিয়ে যাওয়া হলো সাংবাদিকদের দলটিকে। ডাগআউটে বসতেই হা-রে-রে করে তেড়ে এলেন ফিফার কর্মকর্তারা। কড়া নির্দেশ, ডাগআউটে বসা যাবে না। কেন? মেসি-নেইমার-রোনালদোরা বসবেন বলে? ফিফা কর্মকর্তার কঠিন মুখে হালকা হাসির রেখা। বোঝাতে চাইলেন, এই আসন যেনতেন নয়; এটা চ্যাম্পিয়নদের আসন। ডাগআউটের পাশে ঘন বুননের সবুজ মখমলের মতো কোমল পিচে দাঁড়িয়ে মাঠ সম্পর্কে বর্ণনা করলেন ফিফার পিচ ভেন্যু ম্যানেজার ব্লেয়ার ক্রিস্টিয়ানসেন। ডাগআউট থেকে নিয়ে যাওয়া হলো ৫০ ক্লাবে; যেখানে স্টেডিয়ামে আগত দর্শকদের জন্য খাবারের তালিকা দেখানো হলো। নিউজার্সির সিগনেচার ডিশগুলো তুলে ধরা হলো।

শেফ যতই বলুন জিভে জল এনে দেওয়া সব খাবারের ব্যবস্থা করছেন, শামুক-টামুক দিয়ে তৈরি খাবার কি আর বঙ্গীয় দেশের কাউকে টানবে! বাঙালির খাদ্যতালিকায় শামুক না থাকুক, অনেক দেশের দর্শকের কাছে তা অনেক উপাদেয়। কিন্তু খাবারের দাম কেমন রাখা হবে? এক জাপানি সাংবাদিকের প্রশ্নে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন রাঁধুনি।

প্রায় দুই ঘণ্টায় স্টেডিয়ামের সংরক্ষিত জায়গাগুলো দেখে যখন ফেরার পালা, ফিফার কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়—প্রেসবক্সে তো নিলেন না। যেখানে সাংবাদিকদের কাজের স্থান। ফিফার অধিকারী হাসলেন, ‘খুব ভালো প্রশ্ন। কিন্তু উত্তরটা হচ্ছে, ওখানে তো যেতেই পারবেন। যেখানে যাওয়ার সুযোগ থাকবে না, সেগুলো দেখে নিলেন আজ (কাল)।’ তিনি আঙুলের ইশারায় একটা জায়গা দেখিয়ে দিলেন, কোথায় প্রেসবক্সের অবস্থান।

দুই ঘণ্টায় স্টেডিয়ামের ভ্রমণ শেষে অনুভব হলো, ফুটবল বিশ্বকাপ কেন এত বড় ক্রীড়াযজ্ঞ। সেই বড় ক্রীড়াযজ্ঞে নিজেদের শুরুটা দারুণ করতে এরই মধ্যে ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রে এসে যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা, দুটিতেই জয়। আজ স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে তাদের অনুশীলন দেখার সুযোগ মিলবে সংবাদমাধ্যমের কর্মীদের। ব্রাজিলিয়ান সাংবাদিকদের কাছেও মনে হচ্ছে, এবার তারা ফাইনাল খেলবে। ব্রাজিলের রেডিও পানামেরিকানার প্রতিনিধি হয়ে আসা সাংবাদিক জুলিয়ান দুলের ভবিষ্যদ্বাণী, ফাইনাল হবে ব্রাজিল বনাম জার্মানি এবং জার্মানিকে হারিয়ে তারা জিতবে বিশ্বকাপ, তাতে যে ২০১৪ সালের সেই ক্ষতে প্রলেপ পড়বে। জুলিয়ানের ভবিষ্যদ্বাণী মিললে তিনি নিউইয়র্কেই একটা পার্টি দিতে চান। শুধু জুলিয়ান কেন, সেদিন সব ব্রাজিলিয়ানই নিশ্চয়ই পার্টি দিতে চাইবেন!

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

ঘুরে দাঁড়ানো জয়ে বিশ্বকাপ শুরু কোরিয়ার

হঠাৎই আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক, যা করলেন উচ্ছ্বসিত প্রেমিকা

না ফেরার দেশে ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

চোটে শেষ বিশ্বকাপ, তাই নিয়ে ফেললেন অবসরও

গোল করে কেন কেঁদেছেন মেক্সিকোর ফুটবলার

দক্ষিণ আফ্রিকার জোড়া লাল কার্ডের মতো ঘটনা সবশেষ কবে হয়েছিল

রেকর্ড তিন লাল কার্ডের ম্যাচে মেক্সিকোর জয়ে শুরু বিশ্বকাপ

৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড

এগিয়ে থেকে বিরতিতে গেল মেক্সিকো